রিসেট

স্ট্র্যাপ না ছিঁড়ে মাস্ক বাইরে ফেললে যা ঘটতে পারে...

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর (রবিবার), ২০২০ Archive 2018Source: তারিক চয়ন
পরিবেশবিদরা সতর্ক করে বারবার বলছেন, করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর মাস্ক এবং হাত গ্লাভস প্লাস্টিক দূষণের মতোই পরিবেশে যুক্ত হয়ে বন্যপ্রাণীদের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এছাড়াও ঘটতে পারে অনেক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। কিন্তু কে শোনে কার কথা!

মানুষকে সচেতন করতেই তাই হয়তো ব্রিটিশ অভিনেতা বেন লয়েড হোমস সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে একটি অসহায় পাখি জলাশয়ে পাথরের উপর দাঁড়িয়ে আর তার গলায় পেচিয়ে আছে কারো ছুঁড়ে ফেলা মাস্ক।

ছবিটি দেখে অসহায় পাখিটির জন্য হাহাকার করছেন সাধারণ মানুষ। শুধু ফেসবুকে হোমস এর অফিশিয়াল পেইজ থেকে ইতিমধ্যেই ছবিটি প্রায় পঞ্চাশ হাজার বার শেয়ার করা হয়েছে। ছবির ক্যাপশনে হোমস লিখেছেনঃ
আমরা সবাই কয়েক মাস ধরে ফেসমাস্ক পরছি এবং ইতিমধ্যে এটাই বাস্তবতা। আপনি যদি মাস্ক ব্যবহার করেন তবে সচেতন হন। ব্যবহৃত মাস্ক ফেলবার আগে স্ট্র্যাপগুলো কেটে ডাস্টবিনে রাখুন। ভালো হয় পুনরায় ব্যবহারযোগ্য মাস্ক ব্যবহার করলে। কোনও প্রাণীর দেহে আটকে যেতে পারে এমন যে কোন কিছু বিচ্ছিন্ন করে ফেলুন। এতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে কিন্তু আমাদের মূল্যবান বন্যপ্রাণীরা বেঁচে যাবে। আমাদের অনেক ছোট ছোট কাজের প্রভাবটা কিন্তু অনেক বড়।