কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন
প্রকাশিত: ১৬ আগস্ট (রবিবার), ২০২০ Archive 2018Source: স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে রাজিব হাসান নামে এক যুবক খুন হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে নগরীর ডিগাম্বরীতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজিব হাসান বজ্রপুর এলাকার শাহীনের ছেলে এবং সে স্যানিটারি মিস্ত্রির কাজ করতো। এদিকে এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. আনোয়ারুল হক। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে নগরীর বজ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে ডিগাম্বরীতলা এলাকায় পলাশ, রকি ও অখির সাথে রিয়াদ নামে এক যুবকের বাকবিতণ্ডা হয়। পরে রিয়াদের পক্ষে অবস্থান নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করে রাজিব। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে রাজিবকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে আশংকাজনক অবস্থায় কুমিল্লা জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী জানান, ঘাতকরা মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে।