চার বছর পর
প্রকাশিত: ২৭ নভেম্বর (বুধবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
আসছে নতুন বছরে ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে রোজী সিদ্দিকী অভিনীত ‘পরাণ’ চলচ্চিত্রটি। সম্প্রতি পোস্টার প্রকাশের মাধ্যমে এই ঘোষণা দিলেন নির্মাতা। এটির নির্মাতা রায়হান রাফী। এ ছবির মধ্য দিয়ে চার বছর পর বড় পর্দায় আসবেন রোজী। তাকে সর্বশেষ দেখা গেছে ২০১৬ সালে গৌতম ঘোষ পরিচালিত ‘শঙ্খচিল’ চলচ্চিত্রে। নতুন চলচ্চিত্রে এ অভিনেত্রী থাকছেন নেতিবাচক চরিত্রে। প্রথমবারের মতো এমন চরিত্রে অভিনয় করছেন বলে জানান তিনি। রোজী বলেন, এবারই প্রথম খল চরিত্রে অভিনয় করেছি। এর গল্প সুন্দর। অভিনয় করার মতো অনেক সুযোগ ছিল। আমার চরিত্রটিও গুরুত্বপূর্ণ। তাই এমন চরিত্রে কাজ করেছি। সব মিলিয়ে সিনেমাটি উপভোগ্য হবে বলে মনে করছি। চলচ্চিত্রের বাইরে টিভি ধারাবাহিক নাটকের শুটিং নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন রোজী। বর্তমানে এসএ টিভিতে তার অভিনীত ‘তুমি আছো তাই’, এনটিভিতে ‘ফ্যামিলি ক্রাইসিস’, দীপ্ত টিভিতে ‘মান-অভিমান’- এ তিনটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। টিভি ধারাবাহিক নিয়ে এ অভিনেত্রী বলেন, নাটকগুলোর প্রত্যেকটিতে আমার চরিত্র বেশ উপভোগ্য। অনেকে প্রশংসা করেছেন। চেষ্টা করছি চরিত্রগুলোতে নিজেকে আরো ফুটিয়ে তোলার।