রিসেট

সাতক্ষীরায় সাড়ে ৪ কেজি স্বর্ণ জব্দ

প্রকাশিত: ২২ নভেম্বর (শুক্রবার), ২০১৯ Archive 2018Source: শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
ভারতে পাচারকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে চার কেজি ৬৭০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। যা সাড়ে চারশ ভরির সমান। বাজারে এর বর্তমান মূল্য প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা। আজ শুক্রবার ২২ নভেম্বর সকালে বিজিবি'র একটি টহল দল এই সোনা আটক করে। বিজিবি'র কাকডাঙ্গা বিওপির নায়েক সুবেদার ওলিউল আলম জানান, বিজিবির একটি দল সীমান্তে টহলে ছিল। এ সময় একই সড়কে মোটর সাইেকেলে দুই ব্যক্তি তাদের সামনে পড়ে। বিজিবি সদস্যদের দেখে তারা মোটর সাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়। তিনি জানান, মোটর সাইকেলটিতে একটি পলিথিনে মোড়ানো ভারী দ্রব্য দেখে বিজিবি তা খুলতেই বেরিয়ে পড়ে স্বর্ণ। তিনি জানান, এর ওজন ৪ কেজি ৬৭০ গ্রাম। তবে পালিয়ে যাওয়ায় স্বর্ণ পাচারকারীদের গ্রেফতার করতে পারেনি বিজিবি'র সদস্যরা। সাতক্ষীরা বিজিবি'র ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।