নিজেকে নির্দোষ দাবি করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বাজেট বিভাগের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমান। দুদুকের জিজ্ঞাসাবাদ শেষে আজ দুপুরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আনিসুর রহমান বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন। টেন্ডার জালিয়াতির সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নেই। তাহলে কেনো তাকে দুদকে ডাকা হয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অধিদপ্তরের টেন্ডার কিভাবে ডেসপাস হয় সে বিষয়ে জানতে চায় দুদক।
অপর এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারি পরিচালক বলেন, আমি নির্দোষ, আমার বিরুদ্ধে অভিযোগের কোন সত্যতা নেই।
এর আগে সকাল ১০টা থেকে ভুয়া টেন্ডারের মাধ্যমে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের বাজেট বিভাগের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমানকে জিজ্ঞাসাবাদ শুরু করে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ৯ই জানুয়ারি এক চিঠিতে স্বাস্থ্য অধিদপ্তরের চার কর্মকর্তাকে তলব করা হয়।
অভিযুক্ত অন্য তিন কর্মকর্তা হলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর ড. কাজী জাহাঙ্গীর হোসেন, লাইন ডিরেক্টর (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি) অধ্যাপক ডা. মো. আবদুর রশিদ, এবং হিসাবরক্ষণ কর্মকর্তা আফজাল হোসেন।
