নতুন ছবির কাজ শুরু করলেন শোভন
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০১৮ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
খ্যাতিমান নির্মাতা তানভীর মোকাম্মেলের নতুন ছবির নাম ‘রূপসা নদীর বাঁকে’। এই ছবিটি মূলত বায়োপিক ধরনের। ছবিটিতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হোসেন শোভন। খুলনার বামপন্থি নেতা মানবরতন মুখোপাধ্যায়ের জীবনের একটি অংশ উঠে আসবে ছবিতে। শোভন ছবিটি নিয়ে বলেন, তেভাগা আন্দোলন, রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে কমিউনিস্টদের হত্যাসহ বিভিন্ন ঐতিহাসিক ঘটনা উঠে আসবে এ ছবির কাহিনীতে। শুক্রবার থেকে ‘রূপসা নদীর বাঁকে’ ছবির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। খুলনার বৈঠাঘাটা উপজেলার ঝুপঝুপিয়া নদীর পাড়ে বিশাল বহর নিয়ে শুটিং করছি আমরা। আমার চরিত্রটি ভিন্ন ধরনের। রাজনৈতিক পটভূমিকে কেন্দ্র করে এ ছবি নির্মিত হচ্ছে, অভিনয়ের খাতিরে তা যেন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। প্রথম ভাগের শুটিং শেষে টাঙ্গাইল ও কুমিল্লায় হবে ছবির বাকি কাজ। সরকারি অনুদান ও ক্রাউড ফান্ডিংয়ে নির্মিত হচ্ছে ছবিটি। ছবিতে জাহিদ হোসেন শোভনের বিপরীতে অভিনয় করছেন নাজিবা বাশার। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে আরো আছেন খায়রুল আলম সবুজ, রামেন্দু মজুমদার, আতাউর রহমান, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী। উল্লেখ্য, জনপ্রিয় অভিনেতা জাহিদ হোসেন শোভন দীর্ঘদিন মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি তিনি বেশকিছু নাটক রচনা ও পরিচালনা করেছেন।