জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৪৬ ঘণ্টার বেশি সময় ধরে অনশনে ৩ শিক্ষার্থী

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৪৬ ঘণ্টার বেশি সময় ধরে অনশনে ৩ শিক্ষার্থী

ফন্ট সাইজ:

জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ না করার দাবি এবং গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো সংসদে বিল আকারে উপস্থাপনের আহ্বান জানিয়ে ৪৬ ঘণ্টার বেশি সময় ধরে আমরণ অনশনে তিন শিক্ষার্থী।

বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসেন। সেদিন সন্ধ্যায় ঢাবির আরেক শিক্ষার্থী তার সঙ্গে যোগ দেন। পরে বৃহস্পতিবার অনশনে যোগ দেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী। রাজু ভাস্কর্যের পাদদেশে আজও তারা অনশনে রয়েছেন।

অনশনে প্রথম বসা ঢাবি শিক্ষার্থী হলেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের কার্যনির্বাহী সদস্য মো. সাদিক মুনওয়ার মুনেম। অনশনে থাকা বাকি দুই শিক্ষার্থী হলেন ঢাবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুর রহমান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকবাল হোসেন শাহীন।

অনশনরত শিক্ষার্থী সাদিক গতকাল বৃহস্পতিবার বিকালে বলেন, ‘আমরা অনশনে আছি, এখান থেকে একটা চূড়ান্ত ফয়সালা নিয়ে যাবো, নইলে এখানেই থাকবো।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রের অর্গানগুলোকে যেন দলীয়করণ না করা হয়। যেভাবে অধ্যাদেশ ছিল, জুলাই সনদে যেভাবে বর্ণিত আছে সেভাবে যেন হয়। কারণ, এটা মেজরিটি মানুষের দাবি।’

এর আগে বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমসহ ডাকসুর অন্যান্য নেতারা অনশনস্থলে গিয়ে সংহতি জানান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন