ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ফন্ট সাইজ:

যৌতুক দাবি করে না পেয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী নাছের ঠাকুরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ফরিদপুরের একটি আদালত। দণ্ডপ্রাপ্ত জেলার মধুখালী উপজেলার গদাধরদী এলাকার মৃত মকবুল ঠাকুরের পুত্র। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১২ সালের প্রথম দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের বাবন শেখের মেয়ে স্বপ্না বেগমের নাছের ঠাকুরের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বপ্নার কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করে না পেয়ে শারীরিকভাবে নির্যাতন করতো। ২০১৬ সালের ২১শে মার্চ স্বামী নাছের একইভাবে যৌতুক দাবি করে না পেয়ে স্বপ্নার গলায় শাড়ির আঁচল পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে লাশ উদ্ধার করে ওইদিনই স্বপ্নার ভাই আলী শেখ মধুখালী থানায় মামলা করে। মামলার যাবতীয় প্রমাণাদি শেষে আদালতের বিচারক নাছেরকে যাবজ্জীবন কারাদণ্ড, একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন