সাবেক হিসাব মহানিয়ন্ত্রক কামরুল হাইয়ের ইন্তেকাল

ফন্ট সাইজ:

বিসিএস নিরীক্ষা ও হিসাব ক্যাডারের প্রথম ব্যাচের কর্মকর্তা সাবেক হিসাব মহানিয়ন্ত্রক কামরুল হাই ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার কানাডায় বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন। তিনি ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন। পাকিস্তান সরকারের ১৯৭১ ব্যাচে ৪র্থ স্থান অধিকারী সিএসপি অফিসার কামরুল বাংলাদেশ সরকারের ডেপুটি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিনিয়র) পদ থেকে অবসর নেয়ার পর ২০০৮ সাল থেকে কানাডায় স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। সেখানে তিনি দীর্ঘদিন ধরে রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। কামরুল ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের প্রয়াত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ৩ নম্বর সেক্টরের গেরিলা উপদেষ্টা এডভোকেট লুৎফুল হাই সাচ্চুর ছোট ভাই। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সোহাতা গ্রামের কৃতী সন্তান, জেলা শহরের মৌলভীপাড়ার ‘বায়তুল আমান’ নামীয় ঐতিহাসিক বাড়ির স্বত্বাধিকারী সাবেক ডেপুটি সেক্রেটারি আবদুল হাইয়ের ৫ ছেলে ও ৫ মেয়ের মধ্যে কামরুল ছিলেন ছেলেদের মধ্যে তৃতীয়। মরহুম কামরুল হাইয়ের ছোট ভাই আল মামুন মনোয়ারুল হাই জানান, কামরুল হাইকে কানাডাতেই সমাহিত করা হবে। বৃহস্পতিবার কানাডার সময় দুপুর পৌনে ২টায় সেখানকার নাগেট মসজিদে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে সাড়ে ৩টায় টরন্টোর রিচমন্ড হিলের লেসলি স্ট্রিট নর্থ এলাকায় মুসলিম কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তিনি পরিবারের পক্ষ থেকে কামরুল হাইয়ের রুহের মাগফিরাত কামনায় সকলের দোয়া কামনা করেন। এদিকে, তার মৃত্যুতে বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস এসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। সংগঠনের পক্ষে মহাসচিব মো. নূরুল ইসলামের দেয়া শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। কামরুল হাইয়ের রুহের মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মোহাম্মদ ফারুক হোসেন ভূঁঞা সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন এসএএস অধীক্ষক মাসুকুল আলম।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন