বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। বর্তমান যুগ বিজ্ঞান প্রযুক্তির যুগ, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। একটি দেশ বিজ্ঞান প্রযুক্তিতে যত উন্নত সে দেশ ততই এগিয়ে যাবে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় জাতীয় বিজ্ঞান প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশ এখন ভীষণ ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের পেছনে তাকালে দেখবেন শুধু সংগ্রামের ইতিহাস। বাংলাদেশ যেন প্রতিটা ক্ষেত্রে সংগ্রামের মধ্যেই চলছে। তবে বাংলাদেশের পেছনে সংগ্রামের ইতিহাস হলেও সামনের দিনগুলো অপার সম্ভাবনার। এই যে ছোট ছোট স্কুলের ছেলেমেয়েরা এত এত উদ্ভাবন করলো তাদের উৎসাহ দিতে হবে, রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করতে হবে, তবেই তারা আরও নতুন নতুন আবিষ্কারে মত্ত হবে। অধ্যাপক সায়মা ফেরদৌস বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি দীর্ঘদিন ধরে শিক্ষা নিয়ে কাজ করছি। আমার পরিকল্পনা রয়েছে শিক্ষার পাশাপাশি নারী ও পরিবেশ নিয়ে কাজ করার। ধারণা করা হয়, জ্ঞান-বিজ্ঞানে নারীরা পিছিয়ে থাকে। কিন্তু আজকে এখানে এসে দেখলাম সে ধারণা ভুল। এখানে মেয়েরাই বিভিন্ন উদ্ভাবনে এগিয়ে আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সূজন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তায়েব, সদর দক্ষিণ উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট আকতার হোসেন, সুয়াগাজী কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন, চৌয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল বাশার, সরকারি সিটি কলেজের শিক্ষার্থী ইফতেখার আহমেদ অনিক প্রমুখ।
বর্তমান বিশ্বে টিকে থাকতে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই: সায়মা ফেরদৌস
স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
১০ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
