শায়েস্তাগঞ্জে নষ্ট হচ্ছে সেতুর কোটি টাকার সম্পদ

শায়েস্তাগঞ্জে নষ্ট হচ্ছে সেতুর কোটি টাকার সম্পদ

ফন্ট সাইজ:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বৃটিশ আমলের একটি ঐতিহ্যবাহী লৌহ সেতুর অবশিষ্টাংশ অবহেলা ও অযত্নে পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে কোনো ধরনের রক্ষণাবেক্ষণ বা সংরক্ষণের উদ্যোগ না থাকায় নদীর পানির সঙ্গে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে কোটি টাকার এই সরকারি সম্পদ। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩০ থেকে ৩৫ বছর আগে ভারী যানবাহন চলাচলের কারণে পুরাতন লৌহ সেতুটি ভেঙে পড়ে। পরে একই স্থানে নতুন সেতু নির্মাণ করা হলেও পুরনো সেতুর মূল্যবান লৌহ কাঠামো ও অন্যান্য সামগ্রী যথাযথভাবে অপসারণ বা সংরক্ষণ করা হয়নি। ফলে সেগুলো দীর্ঘদিন ধরে খোয়াই নদীর পানির নিচে পড়ে থেকে ক্ষয়ে যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, এত গুরুত্বপূর্ণ ও মূল্যবান সম্পদ এভাবে নষ্ট হলেও স্থানীয় জনপ্রতিনিধি কিংবা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। বছরের পর বছর ধরে নদীগর্ভে হারিয়ে যাচ্ছে সরকারি সম্পদ, অথচ কেউ এর হিসাব নিচ্ছে না বা উদ্ধারের উদ্যোগও গ্রহণ করছে না। বিশেষজ্ঞদের মতে, সেতুর এই লৌহ কাঠামো সংরক্ষণ বা পুনর্ব্যবহার করা গেলে সরকার বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় করতে পারতো। একইসঙ্গে এটি একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবেও সংরক্ষণযোগ্য ছিল। কিন্তু দীর্ঘদিনের অবহেলায় এখন তা ধ্বংসের মুখে। এদিকে, স্থানীয় সচেতন মহল দ্রুত এ বিষয়ে তদন্ত করে দায়ীদের চিহ্নিত করা এবং অবশিষ্ট সম্পদ উদ্ধার ও সংরক্ষণের দাবি জানিয়েছেন। খোয়াই নদীর বুকে পড়ে থাকা এই লৌহ সেতুর ধ্বংসাবশেষ শুধু একটি অবকাঠামোর ক্ষতি নয়, এটি আমাদের অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার এক জ্বলন্ত উদাহরণ। এখনই প্রয়োজন কার্যকর পদক্ষেপ, নচেৎ ইতিহাসের সঙ্গে সঙ্গে হারিয়ে যাবে কোটি টাকার মূল্যবান সম্পদও।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন