জাল ভোট ও এজেন্ট বের করে দেয়ার অভিযোগ জামায়াতের

শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচন

জাল ভোট ও এজেন্ট বের করে দেয়ার অভিযোগ জামায়াতের

ফন্ট সাইজ:

শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচনে গুরুতর অনিয়মের অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। অনেক ভোটকেন্দ্রে জাল ভোট, এজেন্টদের বের করে দেয়া এবং ভোটারদের ভয়ভীতি দেখানোর মতো ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘প্রশাসন অনেক ক্ষেত্রে অসহায় মনে হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে নির্দেশিত হয়ে কাজ করছে। একটি বড় রাজনৈতিক দল এখন ক্ষমতায়, তাদের অধীনে প্রথম দুটো নির্বাচনের এই যদি চিত্র হয়। সামনে স্থানীয় সরকার নির্বাচনসহ আরও যেসব নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা কি করে ভোটারদের আকাঙ্ক্ষার প্রতিফলন আশা করতে পারি?’

তিনি বলেন, ‘ইতিমধ্যে অন্তত ১০-১২টি কেন্দ্রের তথ্য পেয়েছি, যেখানে জাল ভোট দেয়া হয়েছে এবং তাদের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। কিছু ক্ষেত্রে আগেই স্বাক্ষর নেয়ার অভিযোগও রয়েছে।’

প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, ‘যেসব কেন্দ্রে অনিয়ম হয়েছে, সেখানে ভোট গ্রহণ স্থগিত করে পুনঃভোটের ব্যবস্থা করতে হবে। সংশ্লিষ্ট প্রিজাইডিং ও রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘কিছু কেন্দ্রে অপ্রাপ্তবয়স্ক বা ভোটার নন, এমন ব্যক্তিরাও ভোট দিচ্ছেন, যা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে।’