বিনিয়োগে বাধা কোথায় ব্যবসায়ীদের কাছ থেকে শুনলেন প্রধানমন্ত্রী

ফন্ট সাইজ:

দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা কাউন্সিলের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা। এ ছাড়া বিনিয়োগের প্রতিবন্ধকতাসহ দেশের ব্যবসা-বাণিজ্যের নানা বিষয় নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করেছেন প্রধানমন্ত্রী। শনিবার রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী বলেন, দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসা-বাণিজ্যসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। ব্যবসার ক্ষেত্রে যেসব সমস্যা হচ্ছে, সংকট আছে, সেগুলো দূর করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ব্যবসায়ী নেতারা তাদের কথা বলেছেন। অনেক কিছুর সমাধান হয়েছে। আবার অনেক কিছু ‘পেন্ডিং’ আছে, সেগুলো আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান হবে।
বৈশ্বিক জ্বালানি সংকটে দেশের অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি বা সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্যোক্তাদের সরকারি সহায়তার কথা বলেছেন ব্যবসায়ীরা।

বিনিয়োগ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতেই ব্যবসায়ীদের সঙ্গে বসা হয়েছে। তাদের কাছ থেকে প্রধানমন্ত্রী শুনেছেন, বিনিয়োগে বাধা কোথায়? ব্যবসায়ীরা বিনিয়োগের বাধা কোথায় পাচ্ছেন, এগুলোর সমাধান উনি (প্রধানমন্ত্রী) করতে চান, শিগগিরই করতে চান। ব্যবসায়ীদের কাছে সমস্যার কথা শুনেছেন এবং কিছু কিছুর সমাধান ‘অন দ্য স্পট’ দিয়েছেন। বাকিগুলো আলোচনার মাধ্যমে সমাধান দেয়া হবে।
বন্ধ কল-কারখানা চালুর বিষয়ে আলোচনা হওয়ার কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। যেসব কারখানা বন্ধ হয়ে গেছে, এগুলো কীভাবে চালু করা যায়; সরকারি কারখানা যেগুলো বন্ধ হয়েছে, সেগুলো কীভাবে আবার শুরু করা যায় আলোচনা হয়েছে। সার্বিকভাবে নতুন প্রকল্পের বাইরে যেসব পুরনো প্রকল্প বন্ধ হয়ে আছে, এগুলো চালু করার জন্য আলোচনা হয়েছে এবং এগুলোর সমাধান দিয়ে আমরা আশা করি অনেক প্রকল্প চালু করা হবে।

জ্বালানি সহায়তার বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, মাল্টিলেটরাল বডিগুলো থেকে বিভিন্ন সহায়তা আসছে। আমরা সবার সহযোগিতা পাচ্ছি মাল্টিলেটরাল বডিগুলো থেকে।

অর্থনৈতিক সংস্কারের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ব্যাংক ঋণের সুদহার কমানো, জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার এবং নির্দিষ্ট কিছু ব্যবসায়ীর ওপর করের বোঝা না চাপিয়ে করের আওতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন ব্যবসায়ী নেতারা।
ব্যবসায়ীরা বিদেশি ভ্রমণকারীদের জন্য ই-ভিসা চালুর দাবি জানিয়েছেন উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বিমানবন্দরের ঝামেলা ছাড়াই বিদেশি বিনিয়োগকারীরা সহজে বাংলাদেশে আসতে পারেন সেই ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

আমীর খসরু আরও বলেন, ব্যাংক ঋণের সুদহার কমানো, এনবিআর সংস্কার এবং নির্দিষ্ট ব্যবসায়ীদের ওপর করের বোঝা না চাপিয়ে করের আওতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন তারা। অর্থমন্ত্রী বলেন, মাঝারি উদ্যোক্তাদের রপ্তানিতে উৎসাহিত করতে লাইসেন্সপ্রাপ্তি সহজীকরণ এবং আমদানি-রপ্তানি ও বাণিজ্যে গতি আনতে গভীর সমুদ্রবন্দর চালুর আহ্বান জানিয়েছেন তারা।

বৈঠকে ব্যবসায়ীদের মধ্যে ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, এ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, র‌্যাংগস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানা রউফ চৌধুরী ও এসিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা উপস্থিত ছিলেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন- অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন এবং বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

শনিবার ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী। সকাল পৌনে ১১টার দিকে তিনি তেজগাঁও কার্যালয়ে পৌঁছান বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধিদল। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে উদ্বোধনী বক্তব্য রাখেন এবং পরিষদের সদস্যদের মধ্যে নিয়ন্ত্রক পরিবেশ, জ্বালানি, মানব মূলধন, কর নীতি, লজিস্টিকস, রপ্তানি বহুমুখীকরণ এবং প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে উন্মুক্ত আলোচনা করেন। পরিষদের সদস্যরা এই ফোরাম প্রতিষ্ঠায় সরকারের উদ্যোগ এবং আরও উন্মুক্ত, ব্যবসা-বান্ধব পরিবেশ গড়ে তুলতে বেসরকারি খাতের সঙ্গে যুক্ত হওয়ার উন্মুক্ততার প্রশংসা করেন।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, উদ্যোক্তাদের সঙ্গে এই সভার উদ্দেশ্য হলো সরকারের সর্বোচ্চ পর্যায়ে বেসরকারি খাতের ধারাবাহিক ও কাঠামোবদ্ধ মতামত দেয়ার একটি কার্যকর ব্যবস্থা তৈরি করা। এ বিষয়ে নেতৃত্ব দেয়ার জন্য এবং দেশের সংস্কার ও বিনিয়োগ এজেন্ডাকে এগিয়ে নিতে ব্যবসায়ী প্রতিনিধিদের একত্র করার জন্য আমরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন