আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মধ্য দিয়ে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া গাজীপুরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গাজীপুরের ৫টি আসনে মোট ভোটকেন্দ্র ৯৩৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার সদস্য দায়িত্ব পালন করেন। ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে দায়িত্বে ছিল ৩৮টি মোবাইল টিম। নির্বাচনে জেলায় মোট ভোটার সংখ্যা ছিল ২৭ লাখ ৩৮ হাজার ২৪৯ জন। এর মধ্যে গাজীপুর-১ আসনে ৪৮ শতাংশ, গাজীপুর-২ আসনে ৩৩ শতাংশ, গাজীপুর-৩ আসনের ৪৬ শতাংশ, গাজীপুর-৪ আসনে ৫৯ শতাংশ ও ৫ আসনে ৪৬ শতাংশ ভোট পড়েছে। তবে গাজীপুর-৪ আসনে কাপাসিয়া উপজেলার একটি কেন্দ্রের বাইরে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে কাপাসিয়া উপজেলার ভাওয়াল চাঁদপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে। দণ্ড প্রপ্তরা হলেন-কাপাসিয়া উপজেলার দুর্গাপুর গ্রামের বিএনপি কর্মী ইলিয়াস, চাঁদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তারেক, একই উপজেলার চাঁদপুর গ্রামের জামায়াতে ইসলামীর কর্মী ইফতেখার ও ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামের জামায়াতকর্মী মেজবাহ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়, এই জরিমানা অনাদায়ে তাদের আরও এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এদিকে, গাজীপুর-৩ আসনের শ্রীপুর উপজেলার একটি নারী ভোটকেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ তিনজনকে প্রত্যাহার করে নির্বাচন কমিশন। দুপুরে শ্রীপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মহিলা ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। সকালে লাকী বেগম নামের আরেক নারী ভোটার প্রায় এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে যান। পরে ভোটগ্রহণ কক্ষে প্রবেশ করে তিনি দেখতে পান, তার ভোট ইতিমধ্যে দেয়া হয়ে গেছে। বিষয়টি জানাজানি হলে কেন্দ্রে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তিনি দায়িত্বরত কর্মকর্তাদের বিষয়টি অবহিত করলে অভিযোগের সত্যতা যাচাই করে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ তিনজনকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়। প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন-হারেছা খাতুন, মাসুম খান ও সালমা আক্তার। তাদের মধ্যে হারেছা খাতুন কেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি উপজেলার গিলাশ্বর বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক। সালমা আক্তার দক্ষিণ ভাঙ্গাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং পোলিং এজেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
গাজীপুরে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
১৩ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
