ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে ‘নতুন বাংলাদেশ’ গড়ার এক ঐতিহাসিক সুযোগ হিসেবে আখ্যায়িত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এটি আমার জীবনের এক মহা আনন্দের দিন। বাংলাদেশের মানুষের জন্যও এটি মহা আনন্দের এবং মুক্তির দিন। বৃহস্পতিবার রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ১০টা ২০ মিনিটে গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা। এরপর ১০টা ৩৭ মিনিটে কেন্দ্র থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আজ যে প্রক্রিয়া শুরু হয়েছে, এর মধ্যদিয়ে আমরা অতীতকে সম্পূর্ণভাবে বর্জন করেছি। প্রতিটি ধাপে আমরা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি। আসুন আজ আমরা সবাই মিলে বাংলাদেশের জন্মদিন পালন করি।
তিনি বলেন, প্রার্থীদের ভোট দেয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গণভোটও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণভোটে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবার অংশগ্রহণ প্রয়োজন। সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, আজকের এই যাত্রা অতীতের দুঃস্বপ্নের অবসান এবং নতুন করে পথচলার সূচনা। দেশের মানুষ দিনটিকে জাতীয় উৎসবের মতো করে গ্রহণ করেছে। অনেকেই ঈদের দিনের মতো দিনটি উদ্যাপন করেছেন।
বাংলাদেশের মানুষের মুক্তির দিন: প্রধান উপদেষ্টা
স্টাফ রিপোর্টার
১৩ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
