বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১৮২১ পদোন্নতি বঞ্চিত চিকিৎসকের দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সচিবালয়ের ভেতরে ৫ নম্বর ফটকের পাশে অবস্থানরত বঞ্চিত চিকিৎসকদের প্রতিনিধিদলের সঙ্গে কথা বলে এই আশ্বাস দেন তিনি। এর আগে ৫ নম্বর ফটকের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বঞ্চিত চিকিৎসকরা। সচিবালয় ত্যাগ করার জন্য গাড়িতে ওঠার আগমুহূর্তে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের প্রতিনিধিদলের কাছে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রতিনিধিদল তাদের দাবি সংক্ষিপ্ত আকারে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। পরে প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী খুব মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাসও দেন। দীর্ঘদিন ধরে বঞ্চিত হওয়ার নানাবিধ অভিযোগ সংবলিত তাদের লিখিত আবেদনটি সে সময় গ্রহণও করেন প্রধানমন্ত্রী।
স্কুল চলাকালীন সময়ে যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প ব্যবস্থা খোঁজার নির্দেশ
রাজধানীতে স্কুল চলাকালীন সময়ে যানজট কীভাবে নিরসন করা যায় সে বিষয়ে শিক্ষামন্ত্রীকে বিকল্প ব্যবস্থা খুঁজতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাক্ষাৎ করেন বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী সাক্ষাৎ করেছেন। রাজধানীতে স্কুলের সময়ে যেভাবে যানজট হয় তা কীভাবে নিরসন করা যায় এবং এ ব্যাপারে বিকল্প ব্যবস্থা কী কী হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী এ ব্যাপারে মন্ত্রণালয়কে প্রস্তাবনা তৈরি করে উপস্থাপন করতে বলেছেন। অতিরিক্ত প্রেস সচিব বলেন, উদাহরণ হিসেবে দেখা গেছে, রাজধানীর একটি স্কুলে দেড়শ’ শিক্ষার্থীর জন্য একশ’ গাড়ি স্কুলের সামনে ভিড় করে। এতে ব্যাপক যানজট সৃষ্টি হয়। শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে বেগ পেতে হয়। এই সমস্যাগুলো এড্রেস করে প্রধানমন্ত্রী বিকল্প খুঁজতে মন্ত্রীকে পরামর্শ দিয়েছেন। শিক্ষামন্ত্রীর পরে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব। পরে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
