জ্বালানি চোরাচালান ও মজুত ঠেকাতে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্বালানি চোরাচালান ও মজুত ঠেকাতে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ফন্ট সাইজ:

জ্বালানি চোরাচালান ও মজুত ঠেকাতে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে আজ সংসদ অধিবেশনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ বিষয়ে বিবৃতি দেবেন। শনিবার বিকালে সংসদ সচিবালয়ের সরকারদলীয় সভাকক্ষে দলীয় সংসদ সদস্যদের সভায় এ নির্দেশনা দেয়া হয়। বৈঠক শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল এই বৈঠক মুলতবি করা হয়। আজ বেলা দেড়টায় আবারো বৈঠকে অনুষ্ঠিত হবে।

বৈঠকের শুরুতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন সরকারদলীয় সংসদ সদস্যরা। এছাড়া সরকারের চলমান কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন প্রণয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে আলোচনা হয়।

বৈঠক শেষে চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, সভায় দেশের অর্থনীতি, দুর্ঘটনা, চোরাচালান রোধ এবং সংসদীয় কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী এবং সংসদ নেতার সভাপতিত্বে আমাদের আজকের এই সংসদীয় কমিটির মিটিং হয়েছে। এটা রেওয়াজ যে, সাধারণত সংসদ বসার আগে সংসদীয় কমিটির মিটিং হয়। এক্ষেত্রে আমরা সংসদীয় কমিটির মিটিং প্রথম দিনে করেছি। আবার আজকেও যেহেতু দীর্ঘ একটা গ্যাপের পরে সংসদ শুরু হবে, আমাদের নিজস্ব কিছু আলোচনা ছিল। প্রথমেই মাননীয় স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। তার জন্য মোনাজাত করা হয়েছে।

তিনি বলেন, এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিস্থিতির কারণে সমগ্র পৃথিবীর ইকোনমি টালমাটাল। সমগ্র পৃথিবীতে তেলের দাম বেড়ে গেছে। বাংলাদেশে সেই তেলের দাম ঠিক রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে সরকার। প্রায় ২০০ কোটি টাকা প্রতি মাসে ভর্তুকি দিয়ে সেই কাজটা করার চেষ্টা করছে সরকার। এই বিষয়টা সংসদ সদস্যদের অবহিত করা হয়েছে। এ ব্যাপারে সংসদ সদস্যদের কাছে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন যে, সর্বত্রই তারা যেনো ভিজিলেন্স থাকেন। তেলের দাম যেনো কোথাও না বাড়ে, এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জেলা প্রশাসন ও অন্যান্য প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এই কাজটি যাতে করতে পারে- তার জন্য প্রধানমন্ত্রী একটা নির্দেশ দিয়েছেন।

চিফ হুইপ বলেন, রোববার (আজ) সংসদ বসবে, জ্বালানি মন্ত্রী ব্রিফ করবেন। তিনি বক্তব্য রাখবেন এবং সেখানে একটি কঠিন বার্তা দেবেন তিনি। তবে আমি আপনাদের আগে বলছি যে, তেল এখন হোর্ডিং হচ্ছে, যেখানে ৩০ লিটার তেল লাগেনি, এখন সেখানে ট্যাংকি ভরে ৫০ লিটার নেয়ার চেষ্টা করছে। মোটরসাইকেলে দেখা যায়, একবার তেল নিচ্ছে, আবার নিচ্ছে, আবার নিচ্ছে- তিনবার তেল নিচ্ছে। এরকম কিন্তু হচ্ছে। খুব সম্ভবত কারণে চোরাচালান হচ্ছে। চোরাচালান রোধ করার জন্য তিনি (প্রধানমন্ত্রী) কঠোর ব্যবস্থা নেয়ার জন্য হোম মিনিস্টারকে বলেছেন। তারপরে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, একই সময় যারা হোর্ডিং করছে বা যারা তেল মজুত করে রাখছে বা তেলের আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। আর আমাদের জানানো হবে যে, তেলের সাপ্লাই পর্যাপ্ত পরিমাণে আছে। ২ লাখ টন তেলের জাহাজ ইতিমধ্যে ঘাটে লেগেছে। আর আরও ২ লাখ টনের জাহাজ ইতিমধ্যে লোড হয়েছে। তা অচিরেই বাংলাদেশে এসে পৌঁছবে। কাজেই তেলের কোনো সাপ্লাই ঘাটতি নেই। কিন্তু ঘাটতি আর্টিফিশিয়ালি তৈরি হয়েছে কিছু মিডিয়ার কারণে এবং কিছু মানুষ অতি উৎসাহিত ও কিছু চোরাচালানের কারণে। কাজেই এটা যাতে না হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য আজকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

নূরুল ইসলাম বলেন, সভায় যোগাযোগমন্ত্রী বলেছেন যে, আমাদের একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, বাস দুর্ঘটনায় মানুষ নিহত হয়েছে। একইসঙ্গে ট্রেনে দুর্ঘটনা ঘটেছে। বাস কেন দুর্ঘটনা ঘটেছে? সে ব্যাপারে কী পদক্ষেপ নেয়া হয়েছে, সে ব্যাপারে আলোচনা হয়েছে। ট্রেন দুর্ঘটনার ভবিষ্যতে যাতে এরকম না হয়, তার জন্য কী করা হবে-এ ব্যাপারে আলোচনা হয়েছে। এছাড়াও সংসদীয় কার্যক্রম এবং অন্যান্য অনেক বিষয় আলোচনা হয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রী বলেছেন, সংসদ সদস্যদের মধ্যে প্রতি মাসে একটি বিফ্রিংয়ের ব্যবস্থা করবেন। সংসদ কেমন চলে, কীভাবে চলে এবং সরকার একচুয়ালি কি করতে চায়- সেই সংক্রান্ত বিষয়ে প্রতি মাসে আলোচনা হবে। অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে এক প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, ১৩৩টি অধ্যাদেশ বিষয়ে শনিবার কোনো আলোচনা হয় নাই। কারণ এই আলোচনাটা আমরা ৩০ তারিখে করবো। রোববার সংসদ অধিবেশন শেষে এই বিষয়ে আলোচনা হবে। আমরা খুব দ্রুতগতিতে কাজ করছি এবং সেটা দুই তারিখের আগেই আমরা চেষ্টা করবো একটা রিপোর্ট পেশ করতে। যেভাবে বিল আনতে হয় পরবর্তীতে আমরা সেভাবে বিল আনবো।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রেসিডেন্টের ভাষণের উপরে কে কী বক্তব্য রাখবেন, সেই বিষয়ে আলোচনা হয়েছে। দায়িত্ব গ্রহণের ১ মাসের মধ্যে বিএনপি কী কী অর্জন করেছে এবং সামনের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের অনেক দেশে তেলের দাম বৃদ্ধি পেলেও বাংলাদেশে তেলের মূল্য বৃদ্ধি না করা সরকারের সফলতা। এ বিষয়ে পূর্বপরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। বোরো মৌসুমে কৃষকদের যাতে অসুবিধা না হয়, সেটি মাথায় রেখে ভর্তুকি দিয়ে তেল সরবারহ করছে সরকার। তেল চোরাচালানের বিষয়টি সরকারের নজরে এসেছে। চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার।

A N M Habibullah

৩ মাস আগে

দেশের এই ক্রান্তিকালে অন্যায় ভাবে মজুতকারি, মজুদদার দের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন এর পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এমন অবস্থা গড়ে তুলতে হবে যেন সমাজে তাদের মাথানিচু করে চলতে হয়, যেন সমাজ তাদের ঘৃণা করবে।

বিএনপি, বিএনপি মিডিয়া সেল, জাসাস এই দায়িত্ব নিতে পারে। তবে প্রয়োগ করবে দল মত নির্বিশেষে।

মন্তব্য করুন