উজিরপুরে রাতে জামায়াত আমীরের বাসায় বৈঠক, ২ সহকারী প্রিজাইডিং অফিসার বরখাস্ত

ফন্ট সাইজ:

বরিশালের উজিরপুরে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কেন্দ্র ত্যাগ এবং স্থানীয় জামায়াত আমীরের বাসভবনে বৈঠকের অভিযোগে দুই সহকারী প্রিজাইডিং অফিসারকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া ওই দুই প্রিজাইডিং অফিসার হলেন- মো. ওবায়েদুল হক এবং আয়েশা আক্তার। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের দুই সহকারী প্রিজাইডিং অফিসার প্রিজাইডিং অফিসারের অনুমতি ছাড়াই কেন্দ্রের বাইরে যান। এরপর তারা উপজেলা জামায়াত আমীরের বাসভবনে গোপন বৈঠক করেন। এ সংবাদে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের আটক করে প্রশাসনকে ফোন দেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা ঘটনাস্থলে অভিযুক্ত দুই সহকারী প্রিজাইডিং অফিসারকে বরখাস্ত করে নতুন দুইজনকে নিয়োগ দেন।

তবে অভিযুক্ত দুই কর্মকর্তা জানান, তারা খাবার খাওয়ার জন্য সাময়িকভাবে বাইরে গিয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। জামায়াতের আমীরের বাসায় বৈঠকের অভিযোগও তারা অস্বীকার করেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, অভিযোগ পাওয়ার পরপরই তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন দু’জনকে সহকারী পিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। কেন্দ্রে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারের অনুমতি না নিয়ে কেন্দ্র থেকে বের হওয়া যাবে না। একদিকে তারা নিয়ম ভঙ্গ করেছেন, অন্যদিকে তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠেছে জামায়াত আমীরের বাসায় বৈঠকের। এ কারণে তাদের সহকারী প্রিজাইডিং অফিসার পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন