যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা আয়োজনের প্রস্তাব পাকিস্তানের

যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা আয়োজনের প্রস্তাব পাকিস্তানের

ফন্ট সাইজ:

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা আয়োজনে ইচ্ছুক পাকিস্তান। এক্স-এ একটি পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, পাকিস্তান যুদ্ধ শেষ করার জন্য চলমান সংলাপ প্রচেষ্টাকে স্বাগত জানায় এবং পূর্ণ সমর্থন করে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্মতির সাপেক্ষে, একটি ব্যাপক নিষ্পত্তির জন্য অর্থপূর্ণ ও চূড়ান্ত আলোচনার আয়োজক হতে পাকিস্তান প্রস্তুত এবং সম্মানিত বোধ করছে। পাকিস্তান সরকারের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, শান্তি আলোচনার জন্য একটি বৈঠক নিয়ে আলোচনা চলছে। যদিও এখন পর্যন্ত আলোচনার বিষয় নাকচ করে আসছে তেহরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনীরের টেলিফোন আলাপে শান্তি আলোচনার বিষয় স্থান পায় বলে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।

খবরে বলা হয়, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনীর এই সংঘাত নিয়ে আলোচনার জন্য রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রায় এক মাস আগে শুরু হওয়া এই যুদ্ধ বন্ধে আলোচনার জন্য চলতি সপ্তাহেই ইসলামাবাদে বৈঠকে বসতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান।


মোদিকে ট্রাম্পের ফোন: ওদিকে কলকাতা থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেন। হরমুজ প্রণালী খোলা রাখা অপরিহার্য বলে মোদি জানিয়েছেন। ট্রাম্পের সঙ্গে মোদির কথার পর ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর বলেছেন, তারা দুজন “হরমুজ প্রণালী খোলা রাখার গুরুত্বসহ মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন”।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর দুই নেতার মধ্যে এটিই প্রথম ফোনালাপ। সংবাদ সংস্থা সূত্রে বলা হয়েছে, আলোচনার মূল বিষয় ছিল শান্তি, স্থিতিশীলতা ও জ্বালানি নিরাপত্তা। পাশাপাশি হরমুজ প্রনালীতে অবাধ জাহাজ চলাচল।
ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে একটি ফোন কল পেয়েছিলাম এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়েছে। তিনি জানান “ভারত যত দ্রুত সম্ভব উত্তেজনা হ্রাস এবং শান্তি পুনরুদ্ধারের পক্ষে। হরমুজ প্রণালী উন্মুক্ত, নিরাপদ এবং সহজগম্য রাখা বিশ্বের জন্য অপরিহার্য। শান্তি ও স্থিতিশীলতার প্রচেষ্টার জন্য আমরা যোগাযোগ রাখার বিষয়ে একমত হয়েছি।”

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন