উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আগ্রহ এবং তার
নির্দেশনায় আমরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে যারা কোরিয়া, জাপান, চায়না, জার্মানি এরকম দেশগুলোতে যাবে; বিশেষ করে শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে ১০ লাখ টাকার ঋণ দেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন। সেটা আমাদের মন্ত্রণালয়ের একটা ব্যাংক আছে প্রবাসী কল্যাণ ব্যাংক, ওই ব্যাংকই ডেডিকেটেড করতে বলেছেন, যেন এই মন্ত্রণালয় থেকে দেয়া হয়।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে শ্রমিকদের সংকট নিয়ে তিনি বলেন, আমাদের শ্রমবাজারের বড় একটা অংশই কিন্তু মধ্যপ্রাচ্য। সেক্ষেত্রে এই যুদ্ধের ফলে আমাদের কী ধরনের সংকট এবং সম্ভাবনা তৈরি হতে পারে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করেছে। বিশেষ করে এখানে মিডিলইস্টে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেস্ট্রয় করা হয়েছে এগুলো আবার রিবিল্ড করতে হবে।
তিনি আরও বলেন, তাছাড়া ওখানে আশা করি যে, আমাদের দেশের শ্রমবাজার খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না। বরং আমাদের দেশের চাহিদা আরও তৈরি হতে পারে। সেখানে প্রধানমন্ত্রী বরাবরই থার্ড ল্যাঙ্গুয়েজ বা ভাষা শেখার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। আমাদের দেশের মানুষ শুধু ভাষা না জানার কারণে তারা অল্প পয়সার চাকরি করে। ভাষা জানলে তারা একটু ভালো বেতন পেতে পারে।
সচিবালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময়
ঈদের ছুটির পর প্রথম কর্ম দিবসে সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন। তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ঈদের ছুটি শেষে প্রধানমন্ত্রী মঙ্গলবার সকাল ৯টা ১ মিনিটে সচিবালয়ে তার দপ্তরে যান। এর আগে সকাল ৮টা ৪০ মিনিটে তিনি গুলশানের বাসা থেকে বের হন। অফিসে গিয়ে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন। এরপর প্রধানমন্ত্রী তার দাপ্তরিক কাজ শুরু করেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহ্দী আমিন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, একান্ত সচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ঊধর্বতন কর্মকর্তারা সরকারপ্রধানের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন বলে জানান রুমন।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। এসময় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও অর্থসচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

Hayat
৩ মাস আগেএটি খুবই ইতিবাচক পদক্ষেপ । বিদেশে শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করতে পারা যেমন একজন শিক্ষার্থীর নিজস্ব যোগ্যতা ও উৎকর্ষতার পরিচায়ক ঠিক তেমনই বিদেশের সংশ্লিষ্ট দেশ এবং ঐ দেশের শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের একজন ডিপ্লোম্যাট হিসেবে কার্যকর ভূমিকা রাখার অপার সম্ভাবনার দিগন্ত উন্মোচন হয়। তাই এটির পাশাপাশি কোন পাবলিক পরীক্ষা না পেছানো, এসএসসি ফেব্রুয়ারিতে এবং এইচএসসি মার্চের মধ্যে শুরু করে এক মাসের মধ্যে পরীক্ষা নেওয়া শেষ করে জুনের মধ্যে ফলাফল ঘোষণা করতে হবে। তা হলে আরও অনেক শিক্ষার্থী বিদেশে লেখাপড়া করার সুযোগ পাবে।
পাশাপাশি পাবলিক পরীক্ষার প্যাটার্ন আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে ॥