এক-এগারোর সময়ে আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে ডিএমপির পল্টন থানায় হওয়া মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আদালতে তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তার বিরুদ্ধে এটিসহ মোট ১১টি মামলার তথ্য পেয়েছে ডিবি।
মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘ডিবি’র একটি দল সোমবার গভীর রাতে রাজধানীর বারিধারার একটি এলাকা থেকে সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মোট ১১টি মামলার তথ্য আমরা এখন পর্যন্ত পেয়েছি। এর মধ্যে ফেনী জেলায় তিনটি মামলা বিচারাধীন রয়েছে। সেসব মামলায় তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ফেনী জেলায় আরও তিনটি মামলা এবং ডিএমপিতে পাঁচটি মামলাসহ মোট ৮টি মামলা তদন্তাধীন রয়েছ। এছাড়া তার বিরুদ্ধে দুদক এবং সিআইডিতে একাধিক অভিযোগ তদন্তাধীন রয়েছে।’
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত মাসুদের বিরুদ্ধে ডিএমপির বনানী, পল্টন, কোতোয়ালী, মিরপুর ও হাতিরঝিল থানায় হত্যা, হত্যা চেষ্টা, মানবপাচার প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং সংক্রান্ত গুরুতর অপরাধে মামলা রয়েছে। প্রাথমিকভাবে তাকে ডিবির তদন্তাধীন পল্টন থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। পল্টন থানার মামলাটি মানবপাচার মামলা। উনি ওই মামলার তিন নম্বর এজাহরভুক্ত আসামি। এই মামলায় মোট ১০১ জন আসামি রয়েছে।
সাবেক সেনা কর্মকর্তা মাসুদকে মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে: ডিবি
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
২৪ মার্চ (মঙ্গলবার), ২০২৬, ২ঃ৫৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Maksud
২ মাস আগেভালো একটা সিদ্ধান্ত। ১/১১ এর প্রতিটা কুশিলব কে ধরে শাস্তি নিশ্চিত করা হউক। আর যে মামলায় গ্রেফতার হয়েছে এগুলো দিয়ে এদের আটকানো যাবেনা। এদের কে ১/১১ ঘটানোর জন্য এবং ১/১১ ঘটিয়ে আওয়ামিলীগ কে নাটকের মাধ্যিমে ক্ষমতায় বসিয়ে বিগত ১৬/১৭ টা বছর দেশের গনতন্ত্র ধংশ, রাষ্ট্রিয় প্রতিষ্ঠান গুলো ধংশ, দেশের গুম খুনের কালচার প্রতিষ্ঠা এই সব কারনে উপযুক্ত ধারায় মামলা করে শাস্তি নিশ্চিত করা হউক।