ইরানে হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র, স্থগিতাদেশ শুধু জ্বালানি কেন্দ্রে

ইরানে হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র, স্থগিতাদেশ শুধু জ্বালানি কেন্দ্রে

ফন্ট সাইজ:

ইরানের নেতাদের সঙ্গে ডনাল্ড ট্রাম্পের আলোচনা চললেও দেশটিতে সামরিক অভিযান পুরোপুরি বন্ধ হচ্ছে না। মার্কিন সংবাদমাধ্যম সেমাফোর একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ওয়াশিংটন কেবল ইরানের জ্বালানি কেন্দ্রগুলোতে হামলা সাময়িকভাবে স্থগিত করেছে, তবে অন্যান্য সামরিক লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত থাকবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা সেমাফোর-কে বলেন, আগামী পাঁচ দিনের জন্য হামলার ওপর যে স্থগিতাদেশ দেয়া হয়েছে, তা কেবল ইরানের জ্বালানি কেন্দ্রগুলোর ওপর কার্যকর হবে। তিনি আরও স্পষ্ট করেন যে, সামরিক স্থাপনা, নৌবাহিনী, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং প্রতিরক্ষা শিল্প অবকাঠামোর ওপর এই স্থগিতাদেশ প্রযোজ্য নয়। অপারেশন এপিক ফিউরি’র প্রাথমিক লক্ষ্যগুলো অর্জনে অভিযান চলতেই থাকবে।

সেমাফোর-এর প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, তেহরানের সঙ্গে ওয়াশিংটনের এই আলোচনায় ইসরাইল কোনো পক্ষ হিসেবে নেই বা তারা এই আলোচনায় অংশ নিচ্ছে না। তবে এই প্রতিবেদনের তথ্যগুলো এখনো স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। রয়টার্স জানিয়েছে, এই বিষয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউস, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।
এর আগে সোমবার ডনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, ইরান যদি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দেয়, তবে তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করার যে সময়সীমা (ডেডলাইন) তিনি দিয়েছিলেন, তা আরও পাঁচ দিন বাড়ানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন