পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে মার্কো রুবিও’র সঙ্গে জয়শঙ্করের আলোচনা

পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে মার্কো রুবিও’র সঙ্গে জয়শঙ্করের আলোচনা

ফন্ট সাইজ:

পশ্চিম এশিয়ার অব্যাহত সংঘাত এবং বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব নিয়ে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে ভারত। গত রোববার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন। এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন মোদি। এবার তার সঙ্গে যুক্ত হয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র সঙ্গে জরুরি আলোচনা করেছেন তিনি। দুই কর্মকর্তা জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের উপর বিশেষ জোর দিয়েছেন বলে সংবাদ সংস্থা সূত্রে জানানো হয়েছে।

ভারতের খাদ্য, জ্বালানি ও সারের নিরাপত্তার উপর পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে জয়শঙ্করের এই আলোচনাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গেও জয়শঙ্কর আলোচনা করেছেন বলে জানা গেছে।

জয়শঙ্কর সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, রুবিও’র সঙ্গে তার বিস্তারিত ফোনালাপ হয়েছে, যেখানে পশ্চিম এশিয়ার অব্যাহত সংঘাত এবং আন্তর্জাতিক অর্থনীতিতে এর প্রভাবের উপর আলোকপাত করা হয়েছে। তিনি আরও বলেন, আমরা বিশেষ করে জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ নিয়ে কথা বলেছি এবং যোগাযোগ রাখার বিষয়ে একমত হয়েছি।

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ জিসিসিভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে এই ফোনালাপ বা বৈঠক সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি। জয়শঙ্কর সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, তিনি এবং ছয়জন রাষ্ট্রদূত পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে মতবিনিময় করেছেন।

গত মাসে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ইরানের ওপর সামরিক হামলার ফলে সৃষ্ট যুদ্ধে অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত প্রভাব মোকাবেলায় ভারতের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিভিন্ন পদক্ষেপের সিদ্ধান্ত নেয়ার পর এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের দূতদের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাহরাইন, ওমান, কুয়েত এবং কাতারের দূতরাও উপস্থিত ছিলেন।

এর আগে দিনের শুরুতে জয়শঙ্কর শ্রীলঙ্কান পররাষ্ট্র মন্ত্রী বিজিতা হেরাথের সঙ্গেও কথা বলেন। বিস্তারিত কিছু না জানিয়ে সামাজিক মাধ্যমে জয়শঙ্কর বলেন, পশ্চিম এশিয়ার সংঘাতের পরিণতি নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও যোগ করেন, ভারত প্রতিবেশি প্রথম এবং ভিশন মহাসাগরের ব্যাপারে প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

জয়শঙ্কর আরও একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে বলেছেন, তিনি রোববার রাতে পশ্চিম এশিয়ার সংঘাত বিষয়ে জার্মানির পররাষ্ট্র মন্ত্রী ইয়োহান ওয়াডেফুলের সঙ্গেও কথা বলেছেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন