ঈদের ছুটি শেষে আজ মঙ্গলবার সরকারি অফিস, আদালত, ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান খুলেছে। ছুটি শেষে তেলের জন্য পাম্পগুলোতে যানবাহনের লম্বা লাইন দেখা গেছে। মঙ্গলবার সকালে রাজধানীর বিভিন্ন পাম্প বন্ধ রয়েছে। তবে অনেকে তেল নেয়ার জন্য পাম্পের সামনে অপেক্ষা করছেন। তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা মোটরসাইকেল–প্রাইভেটকারের চালকদের অপেক্ষা করতে দেখা গেছে।
বিজয় সরণি এলাকার ট্রাস্ট ফিলিং স্টেশনেও সকাল থেকে তেল সরবরাহ বন্ধ রয়েছে। তেলের জন্য যানবাহনের সারি ইতিমধ্যে জাহাঙ্গীর গেট ছাড়িয়ে গেছে।
এছাড়া আসাদগেটের তালুকদার ফিলিং স্টেশন ও সোনার বাংলা সার্ভিস স্টেশনে তেলের জন্য যানবাহনের সারি মোহাম্মদপুর টাউন হল ছাড়িয়ে গেছে। অনেকক্ষণ ধরে তেলের জন্য অপেক্ষা করছেন চালকরা।
তালুকদার ফিলিং স্টেশনের ক্যাশিয়ার ফাত্তাহ আজম গণমাধ্যমকে বলেন, ‘গতকাল সোমবার রাতে পাম্পে তেল শেষ হয়ে গেছে। তেল আবার আসতে দুপুর হবে।’ সে পর্যন্ত পাম্প বন্ধ থাকবে বলে জানান তিনি।
এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় তেলের পাম্প বন্ধ রয়েছে বলে খবর পাওয়া গেছে। আর এসব পাম্পে তেলের জন্য মোটরসাইকেল–প্রাইভেটকারের চালকরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন।
