যুক্তরাষ্ট্রে পেট্রলের দামে অল্প সময়ের মধ্যে বড় ধরনের বৃদ্ধির জন্য প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন সিনেটের চাক শুমার। তিনি জানিয়েছেন, এক মাস আগে যেখানে প্রতি গ্যালন গ্যাসোলিনের জাতীয় গড় মূল্য ছিল ২.৯৩ ডলার, তা বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ৩.৯৪ ডলারে—অর্থাৎ প্রায় ৭৫ শতাংশ বৃদ্ধি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে শুমার বলেন, ‘এই বৃদ্ধির জন্য একজনই দায়ী, তিনি ডনাল্ড ট্রাম্প। ডেমোক্রেট দলের শীর্ষ এই নেতা ট্রাম্পের ইরানে হামলার সিদ্ধান্তেরও বিরোধিতা করেছেন এবং চলমান সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। এর আগে আরেকটি পোস্টে তিনি অভিযোগ করেন, এই যুদ্ধে দশকোটি ডলার অপচয় করা হচ্ছে।’
এদিকে তেলের দাম আবার ১০০ ডলার ছাড়িয়েছে। মঙ্গলবার ব্রেন্ট ক্রুড তেলের দাম আবার প্রতি ব্যারেল ১০০ ডলারের ওপরে উঠে ১০২.৮৪ ডলারে পৌঁছেছে, যা ২.৯ শতাংশ বৃদ্ধি। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ৩.৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯১.২০ ডলার।
এর আগে সোমবার ট্রাম্প দাবি করেন, তেহরানের সঙ্গে খুব ভালো আলোচনা হওয়ার পর তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করেছেন। তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ব্রেন্ট তেলের দাম ১০ শতাংশের বেশি কমে যায়।
তবে ইরানি কর্মকর্তারা ট্রাম্পের এ দাবি অস্বীকার করেছেন এবং যুক্তরাষ্ট্রের চাপের বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তারা অভিযোগ করেছেন, তেল ও আর্থিক বাজারে প্রভাব ফেলতে ট্রাম্প ইচ্ছাকৃতভাবে এ ধরনের মন্তব্য করছেন।

Hedayet Ullah
২ মাস আগেআমেরিকান জনগনের ট্রাম্পের বিরুদ্বে ক্ষমতা থেকে উতখাত করার জন্য রাস্তায় নেমে পড়া উচিৎ।