বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্ন

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্ন

ফন্ট সাইজ:

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম একদিনেই কমেছে ২ শতাংশের বেশি। যা প্রায় চার মাসের মধ্যে সর্বনিম্ন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৩ মার্চ) স্পট গোল্ডের দাম ২.৫% কমে প্রতি আউন্স ৪,৩৭২.৮৬ ডলারে দাঁড়ায়। টানা নবম দিনের মতো দরপতন হয়েছে। গত সপ্তাহেও স্বর্ণের দাম ১০ শতাংশের বেশি কমেছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে মূল্যস্ফীতির আশঙ্কা বেড়েছে। এর ফলে সুদের হার বাড়ানোর সম্ভাবনা তীব্র হয়েছে। এসব কারণে স্বর্ণে বিনিয়োগে অনাগ্রহ তৈরি করে।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলার হুমকি দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এদিকে ইরানও জানিয়েছে, এমন হামলা হলে তারা উপসাগরীয় অঞ্চলের জ্বালানি ও পানি সরবরাহ ব্যবস্থাকে টার্গেট করবে।

একই কারণে, বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারের ওপরে অবস্থান করছে।
বিশেষজ্ঞদের মতে, সুদের হার বাড়ার সম্ভাবনা এবং ভূরাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকলে স্বর্ণের বাজারে অস্থিরতা বাড়তে পারে।
তবে শুধু সোনাই নয়। যুদ্ধের জেরে অন্য ধাতুর দামও কমেছে। স্পট রুপার দাম ৩ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৬৫ দশমিক ৬১ ডলারে নেমেছে। স্পট প্লাটিনামের দাম ২ দশমিক ৯ শতাংশ কমে ১ হাজার ৮৬৬ দশমিক ৬৫ ডলারে, এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ৩৯৭ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন