আহত বৈদ্যুতিক লাইনম্যানের চিকিৎসার সব দায়িত্ব করপোরেশনের: ডিএসসিসি প্রশাসক

ফন্ট সাইজ:

ছুটির দিনেও নগরবাসীকে জরুরি নাগরিক সেবা দিতে গিয়ে আহত হওয়া বৈদ্যুতিক লাইনম্যানের চিকিৎসার সব দায়ভার সিটি কর্পোরেশন বহন করবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

রোববার (২২ মার্চ) বিকেলে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের এইচডিও ইউনিটে চিকিৎসাধীন ডিএসসিসির বৈদ্যুতিক লাইনম্যান সালাউদ্দিন আহমেদকে (৩৮) দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।


হাসপাতাল পরিদর্শন শেষে প্রশাসক বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রধানমন্ত্রী আমাকে সরাসরি নির্দেশ দিয়েছেন এই কর্মীর চিকিৎসার জন্য যা যা প্রয়োজন তা করতে। সিটি করপোরেশনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। বর্তমানে তার অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে এবং আশঙ্কামুক্ত।

কর্মীদের পেশাগত নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, বিপজ্জনক কাজে হেলমেট, হ্যান্ড গ্লাভসসহ প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের বিষয়ে কোনো শিথিলতা সহ্য করা হবে না। নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে কেন ত্রুটি ছিল বা তাকে তা সরবরাহ করা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হবে।

আব্দুস সালাম বলেন, বর্ষা মৌসুম ও ঝড়-বৃষ্টির আগে নগরের বৈদ্যুতিক লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএসসিসি ইতোমধ্যে কাজ শুরু করেছে। ঝড়-তুফানে গাছের ডাল ভেঙে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য আমরা জরিপ চালাচ্ছি এবং ঝুঁকিপূর্ণ গাছ ও ডালপালা দ্রুত অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।


পরিদর্শনকালে তিনি আহত সালাউদ্দিনের শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন