জাপানে ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে আগামী শুক্রবার পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শনিবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে।
জাপান চাঁদ দেখা কমিটি (রুইয়াতে জাপান)-এর সিদ্ধান্ত অনুযায়ী চাঁদ দেখার ভিত্তিতেই ঈদের তারিখ নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী এ বছর জাপানে শনিবার ঈদুল ফিতর উদ্যাপনের দিন ধার্য করা হয়েছে।
এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিন বিশ্বজুড়ে মুসলমানরা ঈদুল ফিতর উদ্যাপন করেন। এটি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। চাঁদ দেখা সাপেক্ষেই প্রতিবছর এই উৎসবের দিন নির্ধারিত হয়ে থাকে।
অন্যদিকে, সৌদি আরবে আগামী ২০ মার্চ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে বলে জানা গেছে। সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে ঈদ উদ্যাপন করা হয়ে থাকে। এ প্রেক্ষিতে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে দেশের ঈদ উদ্যাপনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদের অবস্থার ওপর নির্ভর করে কোনো মাস ২৯ বা ৩০ দিনে সম্পন্ন হয়। ২৯ রমজান শেষে চাঁদ দেখা গেলে পরদিন ঈদ উদ্যাপন করা হয়, আর চাঁদ দেখা না গেলে ৩০ রমজান পূর্ণ হওয়ার পর ঈদুল ফিতর উদ্যাপিত হয়।
