দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পার্বতীপুরে বিএনপি’র মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামানের (ধানের শীষ) সমর্থকদের একটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ চারজন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে শহরের নিউ কলোনি ধুপিপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন পার্বতীপুর জাতীয়তাবাদী হকার্স দলের সাধারণ সম্পাদক মজিদ হোসেন ওরফে মজনু, তার স্ত্রী বর্ষা (২২), রাজু (৩৫) ও রাজুর স্ত্রী রুমা (৩০)। তাদের মধ্যে মজনু ও রাজু গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের হলদীবাড়ি হাসপাতালে ভর্তি করেন। পরে দু’জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হলদীবাড়ি হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. হারুনুজ্জামান বলেন, আহত চারজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেলে পাঠানো হয়েছে। জানা যায়, তালা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ জেড এম রেজওয়ানুল হকের সমর্থক এবং বিএনপি’র বহিষ্কৃত কয়েকজন নেতাকর্মীসহ ২০ থেকে ৩০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে জাতীয়তাবাদী হকার্স দলের সম্পাদক মজনুর বাড়িতে হামলা চালায়। এ সময় ঘরবাড়িতে ভাঙচুর করা হয় এবং বাড়ির নারী সদস্যদের মারধর করা হয়। তবে অভিযোগ অস্বীকার করে তালা প্রতীকের প্রার্থী এ জেড এম রেজওয়ানুল হক বলেন, সামান্য উত্তেজনাকে বড় করে দেখিয়ে একটি ভিন্ন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চলছে। এদিকে উপজেলা বিএনপি সহ-সভাপতি ও পার্বতীপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ‘দলের সব পদ-পদবি হারার পর এখন নিশ্চিত পরাজয় বুঝতে পেরে তালা প্রতীকের সমর্থকেরা বিএনপি’র নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছেন।’ পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হামলার ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নজরদারিতে রেখেছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা সাদ্দাম হোসেন।
দিনাজপুর-৫ আসন
পার্বতীপুরে বিএনপি’র নেতাকর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৪
দিনাজপুর ও ফুলবাড়ী প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
