যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে একটি বাণিজ্যচুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। এই চুক্তির ফলে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্কহার ১ শতাংশ কমানো হয়েছে। এতে বাংলাদেশের পণ্যের ওপর শুল্কহার ২০ শতাংশ থেকে কমে ১৯ শতাংশে নেমে এসেছে। এ ছাড়া চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহার করে পোশাক তৈরি করে সেটি যুক্তরাষ্ট্রে রপ্তানি করলে পাল্টা শুল্ক আরোপ করা হবে না। অর্থাৎ যুক্তরাষ্ট্রের কাঁচামালে তৈরি হওয়া পোশাক রপ্তানির ক্ষেত্রে সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। এতে নতুন রপ্তানি সম্ভাবনা ও সুযোগের দ্বার উন্মুক্ত করে দেবে দেশটির বাজারে। গত সোমবার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘এগ্রিমেন্ট অন রেসিপ্রোক্যাল ট্রেড (এআরটি)’ স্বাক্ষরিত হয়েছে, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এ চুক্তির ফলে প্রাথমিকভাবে বাংলাদেশের ওপর আরোপিত পাল্টা শুল্কের হার ১ শতাংশ কমিয়ে ১৯ শতাংশ করা হয়েছে, যা আগে ২০ শতাংশ ছিল। পাশাপাশি, এ চুক্তির অধীনে যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে তৈরি বাংলাদেশি পোশাক পণ্য রপ্তানিতে ১৯ শতাংশ পারস্পরিক শুল্ক থেকে ছাড় পাবে বাংলাদেশ। ফলে পাল্টা শুল্ক শূন্য হয়ে যাবে।
এ বিষয়ে গত মঙ্গলবার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, আমাদের এক লাখ কোটি টাকার ওপরে রপ্তানি হয় আমেরিকার বাজারে। আমাদের জন্য এই বাজারটা অতি সংবেদনশীল এবং অতি প্রয়োজনীয় একটা বাজার। এখানে (চুক্তিতে) আমাদের দুটো খুব বড় ধরনের অর্জন আছে। একটা অর্জন হচ্ছে আমরা ২০ শতাংশ থেকে ১৯ শতাংশে নিয়ে এসেছি। দ্বিতীয় হচ্ছে আমাদের সকল রপ্তানি পণ্যের প্রায় ৮৬ শতাংশ হচ্ছে গার্মেন্টস (তৈরি পোশাক), যা পরবর্তীতে শূন্য শুল্কের আওতায় চলে আসার সুযোগ তৈরি হয়েছে।
উপদেষ্টা বলেন, বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ তুলা আমদানিকারক দেশ। মাত্র ২ শতাংশ তুলা বাংলাদেশে উৎপাদিত হয়। ৯৮ শতাংশ আমদানি করতে হয়। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের তুলা আমাদের জন্য খুব ভালো হবে। এটা আমাদের বাণিজ্য ঘাটতি কমাতেও সাহায্য করবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন এ চুক্তির ফলে বাংলাদেশের তৈরি পোশাক খাতে বড় সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্ট উদ্যোক্তা ও পোশাক রপ্তানিকারকরা। তাদের মতে, এই চুক্তির আওতায় শুল্ক কমানোয় এবং কাঁচামাল ব্যবহারের বিপরীতে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা দেয়ায় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আরও বাড়বে।
এ বিষয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক ফয়সাল সামাদ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি দেশের তৈরি পোশাক শিল্পের জন্য সময়োপযোগী ও সম্ভাবনাময়। যুক্তরাষ্ট্র থেকে কটন ফাইবার বা ম্যানমেড ফাইবার আমদানি করে বাংলাদেশে সুতা, কাপড় ও পোশাক তৈরি করে রপ্তানি করলে শুল্কমুক্ত সুবিধা পাওয়া যাবে। এটি একটি বড় অর্জন। তিনি বলেন, যদিও যুক্তরাষ্ট্রের তুলার দাম তুলনামূলক বেশি, তবে এর মান অত্যন্ত ভালো। এই মানসম্মত কাঁচামাল ব্যবহার করে উন্নতমানের সুতা ও পোশাক তৈরি করা সম্ভব হবে। এতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাকের গ্রহণযোগ্যতা বাড়বে এবং রপ্তানি বৃদ্ধির সুযোগ তৈরি হবে।
চুক্তির শর্ত ও হিসাব-নিকাশ পুরোপুরি স্পষ্ট করতে বিজিএমইএ ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি সংস্থা (ইউএসটিআর) ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছে। বিষয়গুলো স্পষ্ট হলে সংগঠনের সদস্যদের এ বিষয়ে বিস্তারিতভাবে জানানো হবে বলে তিনি জানান। চুক্তির সব শর্ত এখনো পুরোপুরি জানা না গেলেও আর এন পল মনে করেন, সার্বিকভাবে এই চুক্তি বাংলাদেশের শিল্প ও রপ্তানি খাতের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন হলে এই সুযোগ কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি আরও বাড়ানো সম্ভব হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ২রা এপ্রিল যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিকারক প্রায় ১০০টি দেশের ওপর বিভিন্ন হারে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। সে সময় বাংলাদেশের জন্য পাল্টা শুল্কহার নির্ধারণ করা হয় ৩৭ শতাংশ।
পরে তিন মাসের জন্য এই শুল্ক কার্যকর স্থগিত রাখে যুক্তরাষ্ট্র। তিন মাস পর ২০২৫ সালের ৭ই জুলাই বাংলাদেশের ওপর আরোপিত পাল্টা শুল্কহার ৩৭ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ করার ঘোষণা দেন ট্রাম্প। এরপর ধারাবাহিক দর-কষাকষির পর গত বছরের ২রা আগস্ট এই হার আরও কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনা হয়। গত বছরের ৭ই আগস্ট থেকে এই পাল্টা শুল্ক কার্যকর হয়। এর বাইরে আগে থেকেই বাংলাদেশি পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্রে গড়ে ১৫ শতাংশ শুল্ক দিতে হতো। ফলে পাল্টা শুল্ক আরোপের পর সব মিলিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে বাংলাদেশি পণ্যের ওপর মোট শুল্কহার দাঁড়াচ্ছে ৩৪ শতাংশ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ৮০০ কোটি ডলার। এর মধ্যে বাংলাদেশ রপ্তানি করে প্রায় ৬০০ কোটি ডলারের পণ্য, আর আমদানি করে ২০০ কোটি ডলারের পণ্য। অর্থাৎ বাণিজ্য ঘাটতি বাংলাদেশের অনুকূলে।
এশিয়ার বিভিন্ন দেশের ওপর নানা মাত্রায় পাল্টা শুল্ক আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে আফগানিস্তানের পণ্য আমদানিতে ১৫ শতাংশ শুল্ক আরোপ করা আছে যুক্তরাষ্ট্রের। ১৫ শতাংশ শুল্ক রয়েছে দক্ষিণ কোরিয়া, ইসরাইল, জর্ডান ও কম্বোডিয়ার ওপর। ১৯ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান ও থাইল্যান্ডের ওপর। শ্রীলঙ্কা, তাইওয়ান ও ভিয়েতনামের ওপর ২০ শতাংশ। এছাড়া ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেও সমপ্রতি চুক্তি করে তা কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। বড় অঙ্কের শুল্কহার এখনো আছে মিয়ানমার (৪০ শতাংশ) ও চীনের (৪৭ শতাংশ) ওপর।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, তৈরি পোশাক রপ্তানির নতুন সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা
অর্থনৈতিক রিপোর্টার
১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
