দক্ষিণ এশিয়ায় বৈবাহিক ধর্ষণ থেকে সুরক্ষাহীন লাখ লাখ নারী: গবেষণা

দক্ষিণ এশিয়ায় বৈবাহিক ধর্ষণ থেকে সুরক্ষাহীন লাখ লাখ নারী: গবেষণা

ফন্ট সাইজ:

বৈবাহিক ধর্ষণকে পুরোপুরি অপরাধ হিসেবে গণ্য না করায় দক্ষিণ এশিয়ার আটটি দেশের লাখ লাখ নারী ও কিশোরী আইনি সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। নতুন এক গবেষণায় বলা হয়েছে, এসব দেশে ঘনিষ্ঠ সঙ্গীর মাধ্যমে নারীর নির্যাতনের হার বৈশ্বিক গড়ের তুলনায় ৩৫ শতাংশ বেশি।
বিশ্বের ১০০টিরও বেশি দেশে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে দক্ষিণ এশিয়ার বড় একটি অংশ—ভারত, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশসহ—এখনো সেই প্রায় ৩৬টি দেশের তালিকায় রয়েছে, যেখানে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করা হয় না।
দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ মালদ্বীপ, যেখানে স্ত্রীর সঙ্গে ধর্ষণের অপরাধের শাস্তি অন্য যেকোনো ধর্ষণের সমান।
তবে নেপাল ও ভুটানে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও এ অপরাধের জন্য তুলনামূলক কম শাস্তির বিধান রয়েছে। আঞ্চলিক নারী অধিকার সংগঠনগুলোর জোট ‘সমাজ’-এর এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।


‘সমাজ’-এর অংশীদার আন্তর্জাতিক নারী অধিকারবিষয়ক সংগঠন ‘ইকুয়ালিটি নাউ’-এর রঞ্জিতা সিলওয়াল বলেন, দক্ষিণ এশিয়ায় বৈবাহিক ধর্ষণসংক্রান্ত আইনগুলোর বেশির ভাগই ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলের উত্তরাধিকার।
ভারত ও বাংলাদেশে ১৮৬০ সালে এবং শ্রীলঙ্কায় ১৮৮৫ সালে প্রণীত আইনে ধর্ষণের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে, কোনো পুরুষের সঙ্গে তাঁর প্রাপ্তবয়স্ক স্ত্রীর যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে গণ্য না করার বিধান।
নারী অধিকারকর্মীদের মতে, এ আইন এখন সময়ের সঙ্গে অসংগতিপূর্ণ। তাঁদের বক্তব্য, জোরপূর্বক যৌন সম্পর্ক ধর্ষণ, অপরাধী স্বামী হোক বা অন্য কেউ।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বৈবাহিক সম্পর্কে যৌন সহিংসতা নারীর শারীরিক, মানসিক, আবেগীয় ও যৌন স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে।

যুক্তরাজ্যসহ বিশ্বের ১০০টিরও বেশি দেশে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। ১৯৯১ সালে যুক্তরাজ্য এ-সংক্রান্ত আইন পরিবর্তন করে। তবে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশে এখনো বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে আইনি অব্যাহতির বিধান বহাল রয়েছে।
পাকিস্তান ২০০৬ সালে বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে এ অব্যাহতির বিধান বাতিল করে। তবে দেশটির কোনো উচ্চতর আদালত এখনো নিশ্চিত করেনি যে ধর্ষণসংক্রান্ত আইন বিবাহিত দম্পতির ক্ষেত্রেও প্রযোজ্য। অন্যদিকে, সাম্প্রতিক এক হাইকোর্টের রায়ে সম্মতি ছাড়া যৌন সম্পর্কের ক্ষেত্রে স্বামীদের ব্যাপক আইনি দায়মুক্তি দেওয়া হয়েছে।
২০২১ সালে আবার ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানে নারীদের সুরক্ষায় বিদ্যমান অধিকার ও ব্যবস্থাগুলো ধারাবাহিকভাবে বিলুপ্ত করছে তালেবান।

জানুয়ারিতে প্রবর্তিত নতুন দণ্ডবিধি পরিস্থিতিকে আরও খারাপ করেছে বলে মন্তব্য করেছেন সিলওয়াল। তাঁর মতে, এ আইনে কোনো স্বামী স্ত্রীর ওপর সহিংসতা চালালে কেবল হাড় ভাঙা, শরীরে খোলা ক্ষত সৃষ্টি করা কিংবা গুরুতর কালশিটে ফেলার মতো ঘটনা ঘটলেই তাঁর বিরুদ্ধে মামলা করা যাবে। এমন অপরাধে দোষী সাব্যস্ত হলেও স্বামীর সর্বোচ্চ শাস্তি মাত্র ১৫ দিনের কারাদণ্ড।
এ আইনে বৈবাহিক ধর্ষণের বিষয়ে কোনো উল্লেখ নেই। তবে শাস্তিযোগ্য সহিংসতার সংজ্ঞা এতটাই সীমিত রাখা হয়েছে যে, কার্যত নারীরা এ ধরনের অপরাধের বিরুদ্ধেও আইনি সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন।

“এই ধারণার ভিত্তি হলো, বিয়ের মধ্যেই যৌন সম্পর্কের সম্মতি নিহিত থাকে এবং বিয়ে এমন একটি সম্পর্ক, যেখানে সম্মতির আর প্রয়োজন থাকে না”—বিবিসিকে বলেন সিলওয়াল।
তিনি আরও বলেন, “এটি সচেতনতার অভাবেরই বহিঃপ্রকাশ। এর মাধ্যমে বোঝা যায়, আমরা এখনো নারীদের সম্পত্তি হিসেবে বিবেচনা করছি এবং আমাদের সমাজ এখনো পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারেনি।”
এ অঞ্চলে বৈবাহিক ধর্ষণ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হওয়ার মধ্যে প্রতিবেদনটি প্রকাশিত হলো।
ভারতে এ-সংক্রান্ত আইনকে চ্যালেঞ্জ করে করা ১০টি আবেদন সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। আগামী ৯ ডিসেম্বর থেকে এসব আবেদনের চূড়ান্ত শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।
বছরের পর বছর ধরে এ বিষয়ে আদালতগুলো পরস্পরবিরোধী রায় দিয়েছেন। কয়েকজন বিচারক বিদ্যমান আইনকে সেকেলে বলে স্বীকার করেছেন এবং বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করতে সংসদকে আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন।

গত বছর ভারতে এক ব্যক্তিকে আদালত অব্যাহতি দেওয়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল। ওই ব্যক্তির স্ত্রীকে নির্মমভাবে ধর্ষণের পর তাঁর মৃত্যু হয়েছিল।
তবে ভারতের কেন্দ্রীয় সরকার, বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং পুরুষ অধিকারকর্মীরা সুপ্রিম কোর্টে করা এসব আবেদনের বিরোধিতা করেছেন। তাঁদের যুক্তি, বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করা হলে তা হবে ‘অতিরিক্ত কঠোর’ ব্যবস্থা।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশেও নারী অধিকার সংগঠনগুলো বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে আইনি অব্যাহতির বিধানকে চ্যালেঞ্জ করেছে। তাদের যুক্তি, এ বিধান সংবিধানে স্বীকৃত জীবন, ব্যক্তিস্বাধীনতা এবং নির্যাতন ও নিষ্ঠুর আচরণ থেকে সুরক্ষা পাওয়ার অধিকারের পরিপন্থী।

“যাঁরা বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করার বিরোধিতা করেন, তাঁদের দাবি, এতে পারিবারিক কাঠামো দুর্বল হয়ে পড়বে এবং পরিবার ভেঙে যাবে। আমাদের দেশগুলোতে পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ”—বলেন সিলওয়াল।
তিনি আরও বলেন, “তাঁদের আশঙ্কা, এ ধরনের আইন ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের ওপর প্রভাব ফেলবে। পাশাপাশি পুরুষদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হতে পারে বলেও তাঁরা উদ্বেগ প্রকাশ করেন।”
তবে সিলওয়ালের মতে, আইনে পরিবর্তন আনলেই যে নির্যাতনের শিকার নারীরা ন্যায়বিচার পাবেন, এমন নিশ্চয়তা নেই।
এ প্রসঙ্গে তিনি ভুটানের উদাহরণ তুলে ধরেন। দেশটিতে বৈবাহিক ধর্ষণ অপরাধ হিসেবে গণ্য হলেও একে লঘু অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। এ অপরাধে এক মাস থেকে এক বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।
অন্যদিকে, নেপালে ধর্ষণের শাস্তি ছয় থেকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড। তবে কোনো স্বামী তাঁর স্ত্রীকে ধর্ষণ করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।