ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে

ইরাবের অভিষেক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী

ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে

ফন্ট সাইজ:

সম্প্রতি উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, তাদের উত্তরপত্র আবারও যাচাই করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, পুনরায় যাচাইয়ের মাধ্যমে ফল পরিবর্তনের কারণ চিহ্নিত করা হবে। পরীক্ষকদের কোনো ভুল পাওয়া গেলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি যেসব পরীক্ষকের প্রশিক্ষণ প্রয়োজন, তাদের প্রশিক্ষণের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণেও ফল পরিবর্তন হয়েছে। কেউ ফেল থেকে পাস করেছেন, কেউ জিপিএ-৫ পেয়েছেন। শুধু ফল পরিবর্তন হয়েছে বলেই বিষয়টি শেষ হয়ে যায় না। কেন পরীক্ষার্থীদের ফল পরিবর্তন হলো, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। পরীক্ষকেরা উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করতে পেরেছেন কি না, তা যাচাই করতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের ন্যায্য ফল নিশ্চিত করা জরুরি। শিক্ষার মান নিশ্চিত করতে পরীক্ষার খাতা মূল্যায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি থাকতে হবে। শিক্ষাব্যবস্থার পুঞ্জীভূত সমস্যাগুলো এড়িয়ে না গিয়ে সেগুলোর সমাধান করতে চান। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সনদ বিক্রির অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী বলেন, এ ধরনের অনিয়ম বন্ধ করতে হবে। শিক্ষার্থীর ভর্তি থেকে শুরু করে সনদ দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কেন্দ্রীয় নজরদারি থাকা প্রয়োজন।

তিনি বলেন, ইউজিসি কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণ করবে এবং সেই অনুযায়ী সনদ দেয়ার ব্যবস্থা করা হবে। এতে কে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন এবং তার শিক্ষাজীবনের তথ্য কী, তা কেন্দ্রীয়ভাবে যাচাই করা সম্ভব হবে। শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা করতে চাই। এ জন্য যেসব জায়গায় অনিয়ম রয়েছে, সেগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেয়া হচ্ছে। শিক্ষাখাতের উন্নয়নে সাংবাদিকদের যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান এবং পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. আফলাতুন প্রমূখ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইরাব সভাপতি মীর মোহাম্মদ জসিম। এছাড়াও আরও বক্তব্য রাখেন ইরাবের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ ও সোলায়মান সালমান। মূল বক্তব্য উপস্থাপন করেন সাবেক সভাপতি শরীফুল আলম সুমন। শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক সভাপতি সাব্বির নেওয়াজ ও নিজামুল হক। অনুষ্ঠানে ইরাবের বর্তমান ও সাবেক কমিটির নেতাদের ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।