বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন শুল্ক নিয়ে দেশটির সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, প্রস্তাবিত শুল্কের কোনো বিষয় ‘আনজাস্টিফায়েড’ মনে করি, তাহলে কথা বলার সুযোগ আছে।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। হুমায়ুন কবির বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের রাজনৈতিক প্রচারণার এজেন্ডার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে শুল্কনীতি। তারা শুল্ক চুক্তিগুলোকে তাদের অন্যতম প্রধান প্রকল্প হিসেবে নিয়েছে। তবে এ নিয়ে বাংলাদেশের কথা বলার সুযোগ রয়েছে।
তিনি বলেন, ‘এখানে সুযোগ আছে, যেখানে কিছু জিনিস আমরা অযৌক্তিক মনে করি। এটা নিয়ে কথা বলারও সুযোগ আছে। শুল্ক নিয়ে আলোচনার ক্ষেত্রে তুলার উদাহরণ তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের তুলা দিয়ে বাংলাদেশে পণ্য তৈরি হয়। পরে সেই পণ্য আবার যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়। এ ক্ষেত্রে করের বিষয়ে দেশটির সঙ্গে আলোচনা করা যেতে পারে। প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের এই শুল্কনীতি শুধু বাংলাদেশকেন্দ্রিক নয়। অন্যান্য দেশের ক্ষেত্রেও একই ধরনের নীতি দেখা গেছে। বাংলাদেশের পক্ষ থেকে কোনটি ন্যায্য আর কোনটি ন্যায্য নয়, তা স্পষ্টভাবে তুলে ধরা হবে।
