রাষ্ট্রীয় বিমান নয় বরং শেখ হাসিনার জন্য অপেক্ষা করছে আইনের হাতকড়া বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। তিনি আরো বলেন, গায়ের জোরে ১৭ বছর ক্ষমতায় থেকে ফ্যাসিস্ট হাসিনা স্বৈরশাসন চালিয়ে দেশের অর্থনীতিসহ সব ক্ষেত্র ধ্বংস করে পালিয়েছে। দেশের মানুষ তার প্রতি আজ চরম ক্ষুব্ধ। পলাতক এই ফ্যাসিস্ট দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় বিমান দাবি করছেন, এ যেন তার মামাবাড়ির আবদার।
একাধিক মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি শেখ হাসিনার জন্য রাষ্ট্রের বিমান নয়, তার জন্য অপেক্ষা করছে এখন আইনের হাতকড়া। এর কোনো বিকল্প নেই। বুধবার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নস্থ ভাসখোলা, হাসেরখোলা, আউটিয়াখোলা, ভেলানগর, নগরপাড়, চারিপাড়া এবং সিঙ্গুলা এলাকার বেহাল অবস্থায় পতিত ব্রিজ, কালভার্ট ও রাস্তাঘাট উন্নয়নের লক্ষ্যে পরিদর্শনকালে স্বতঃস্ফূর্ত বিভিন্ন পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরেজমিন পরিদর্শনকালে ড. খন্দকার মারুফ এসব এলাকার ভাঙাচোরা ব্রিজ, কালভার্ট ও রাস্তাঘাট বিশেষ ব্যবস্থায় জরুরি ভিত্তিতে উন্নয়নের জন্য দাউদকান্দি উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেন। খন্দকার মারুফ বলেন, দেশের উন্নয়ন ও জনগণের শান্তি বিনষ্ট করতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সন্ত্রাসীরা নৈরাজ্য ও নাশকতায় লিপ্ত রয়েছে। দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ তা কখনোই চায়নি। একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে তারা মরিয়া হয়ে উঠেছে। সবার আগে বাংলাদেশ চেতনার সরকারকে বেকায়দায় ফেলতে পলাতক সন্ত্রাসী গোষ্ঠী জ্বালাও-পোড়াও, অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতা চালাচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার দেশ ও জনগণের ‘আশা আকাঙ্ক্ষার বাতিঘর’। প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘গভীর দেশপ্রেম, মানবিকতা, সততা এবং গতিশীল নেতৃত্ব’ আগামীর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ‘অনন্য শক্তি’।
বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, তারেক রহমানই পারবেন বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে সম্মানজনক অবস্থানে পৌঁছে দিতে। সেই লক্ষ্যেই তার নেতৃত্বে জনগণের স্বপ্ন পূরণে সরকার নিরলস ও আন্তরিকভাবে কাজ করছে। খন্দকার মারুফ হোসেন আরো বলেন, ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনে নিষ্পেষিত জাতির কল্যাণে অগ্রপথিক হয়ে তারেক রহমান রাষ্ট্রের হাল ধরেছেন। বিএনপি ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। জনগণের স্বার্থ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির কোনো বিকল্প নেই। তিনি প্রধান বিরোধী দল এবং ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী সন্ত্রাসীদের নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে উদাত্ত আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির, ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক তৈয়ব আলী, কুমিল্লা উত্তর জেলা মৎস্যজীবী দলের আহবায়ক লিয়াকত আলী খান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন আনন্দ, উপজেলা যুবদলের আহবায়ক শাহ আলম সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার, কুমিল্লা উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক এসএম মিজান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আবদুল বাসেদ ও সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কাউসার মোল্লাসহ আরো অনেকে।
