বাংলাদেশিরা অভিবাসন আইন লঙ্ঘনে শীর্ষে: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশিরা অভিবাসন আইন লঙ্ঘনে শীর্ষে: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

ফন্ট সাইজ:

মালয়েশিয়ায় অভিবাসন আইন পাসের শর্ত লঙ্ঘনকারী বিদেশিদের তালিকায় শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। ২০২৩ সাল থেকে গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এ ধরনের ৬ হাজার ৮৯৮টি ঘটনায় বাংলাদেশিদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল।

তিনি জানান, এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন থাইল্যান্ডের নাগরিকরা। তাদের বিরুদ্ধে ৪ হাজার ৮৫৬টি ঘটনা নথিভুক্ত হয়েছে। এরপর রয়েছেন ইন্দোনেশিয়ার নাগরিকরা ২ হাজার ১৫৪টি, চীনের নাগরিকরা ১ হাজার ২০৭টি, ভিয়েতনামের নাগরিকরা ১ হাজার ৪৬টি এবং পাকিস্তানের নাগরিকরা ৮২৩টি ঘটনায়।

মালয়েশিয়ার ইংরেজি দৈনিক দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৫ নভেম্বর) সংসদে লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন এসব তথ্য জানান।

দেশটির ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার ৩৯(বি) ধারার অধীনে ২০২৩ সাল থেকে গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় মোট ১৮ হাজার ৮৩৮টি অপরাধের ঘটনা নথিভুক্ত করা হয়েছে।

দ্য স্টার জানিয়েছে, এদিন দেশটির পার্লামেন্টে বারিসান ন্যাশনাল (বিএন) জোটের আয়্যার হিতাম আসনের সংসদ সদস্য দাতুক সেরি ড. উই কা সিয়ংয়ের এক প্রশ্নের জবাবে সাইফুদ্দিন নাসুতিওন এসব তথ্য দেন।
২০২৩ সাল থেকে সামাজিক ভ্রমণ পাস ব্যবহার করে কাজ করার অভিযোগে আটক হওয়া ১৫ হাজার ৩৪৯ জন বিদেশির জাতীয়তা ও কর্মক্ষেত্রভিত্তিক পরিসংখ্যান জানতে চেয়েছিলেন ওই সংসদ সদস্য।

এর জবাবে দেশটি স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া তথ্যে দেখা গেছে, মিয়ানমারের নাগরিকদের বিরুদ্ধে ৫৩১টি, ভারতের নাগরিকদের বিরুদ্ধে ৫০০টি, নেপালের নাগরিকদের বিরুদ্ধে ৩২৮টি, লাওসের নাগরিকদের বিরুদ্ধে ১৭২টি এবং ফিলিপাইনের নাগরিকদের বিরুদ্ধে ১৫৭টি ঘটনা নথিভুক্ত হয়েছে। বাকি ঘটনাগুলো অন্যান্য দেশের নাগরিকদের সঙ্গে সংশ্লিষ্ট।

সাইফুদ্দিন বলেন, সামাজিক ভ্রমণ পাস বা সামাজিক ভ্রমণ ও পর্যটনের জন্য দেয়া ভিসা অব্যাহতি কোনো বিদেশিকে মালয়েশিয়ায় কাজ করা কিংবা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার অধিকার দেয় না।
তিনি বলেন, কোনো বিদেশি নাগরিক ইস্যু করা পাসের শর্তের পরিপন্থী কার্যক্রমে জড়িত হলে ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার ৩৯(বি) ধারায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যেতে পারে।

তিনি আরও বলেন, বৈধ পাস ও ওয়ার্ক পারমিট ছাড়া বিদেশিদের কাজ করা কিংবা বাণিজ্যিক, ব্যবসায়িক বা অন্যান্য লেনদেনমূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়া নিষিদ্ধ। যারা মালয়েশিয়ায় ব্যবসা পরিচালনা করতে চান, তাদের সংশ্লিষ্ট লাইসেন্সের শর্ত পূরণের পাশাপাশি ইমিগ্রেশন বিভাগ ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভিসা ছাড়াই অথবা সামাজিক ভ্রমণ পাস নিয়ে মালয়েশিয়ায় প্রবেশের পর বিদেশিদের অবৈধ বাণিজ্যিক ও খুচরা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বিভিন্ন চেম্বার অব কমার্সের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছিল।

এ বিষয়ে সাইফুদ্দিন বলেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত দেশজুড়ে ৫ হাজার ৫৩টি অভিযান পরিচালনা করেছে অভিবাসন বিভাগ। এসব অভিযানে ৭২ হাজার ৮৫৪ জনকে তল্লাশি করা হয়েছে।
তিনি জানান, অভিবাসন আইন পাসের শর্ত লঙ্ঘনের দায়ে কাগজপত্রহীন ২ হাজার ৩০৬ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বৈধ ভ্রমণ নথি বা পাস ছাড়াই বিদেশিদের নিয়োগ দেয়ার অভিযোগে ৮০১ জন নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হয়েছে।

সাইফুদ্দিন আরও জানান, অভিবাসন বিভাগ এ সময় ৭৫৯টি ‘অপস সেলের’ অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে গ্রেপ্তার হয়েছে ২ হাজার ৩৩৮ জন। এ ছাড়া ৪০৯টি ‘অপস বেলাঞ্জা’ অভিযানে ৫৮৯ জন এবং ৭৫টি ‘অপস জাজা’ অভিযানে ৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, পাস ও পারমিটের শর্ত লঙ্ঘনকারী বিদেশিদের নিয়োগ দেয়া কিংবা আশ্রয় দেয়ার অভিযোগ রয়েছে—এমন ব্যবসাপ্রতিষ্ঠান ও স্থাপনা পর্যবেক্ষণ এবং পরিদর্শনের জন্য ইমিগ্রেশন কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ী ও নিয়োগকর্তাদের পরামর্শ দেয়া এবং সতর্কও করা হচ্ছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইমিগ্রেশন-সংক্রান্ত সুযোগ-সুবিধার যেকোনো অপব্যবহারের বিরুদ্ধে সরকার শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছে।