হাঁটুর চোটের কারণে ধাক্কা খেলেন ইতালিয়ান টেনিস তারকা ইয়ানিক সিনার। ডান হাঁটুতে অস্ত্রোপচারের পর আগামী বছরের অস্ট্রেলিয়ান ওপেনে খেলা হচ্ছে না বিশ্ব র্যা ঙ্কিংয়ের দুই নম্বর এই খেলোয়াড়ের। ২০২৭ সালের ১৭ই জানুয়ারি শুরু হতে যাওয়া বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম থেকে তার ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
মেলবোর্ন পার্কের দুইবারের চ্যাম্পিয়ন সিনার চলতি সপ্তাহে ফিনল্যান্ডের একটি ক্লিনিকে অস্ত্রোপচার করান। তার চোটের অবস্থা নিয়ে আগে থেকেই শঙ্কা ছিল। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হলো। পাঁচবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী এই ইতালিয়ান সর্বশেষ ম্যাচ খেলেছেন গত জুলাইয়ে। উইম্বলডনের ফাইনালে শিরোপা জয়ের পর থেকে আর কোর্টে নামেননি তিনি।
টেনিস অস্ট্রেলিয়ার প্রধান অ্যান্ড্রু অ্যাবডো এএফপিকে দেয়া এক বিবৃতিতে বলেন, ‘আমরা সিনারের দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি। তারা নিশ্চিত করেছে, সাম্প্রতিক অস্ত্রোপচারের পর জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে সে অংশ নিতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘ইয়ানিক মেলবোর্নে খেলতে ভালোবাসে। ২০২৮ সালের অস্ট্রেলিয়ান ওপেনে তাকে আবার স্বাগত জানানোর অপেক্ষায় থাকবো আমরা। তার দ্রুত সুস্থতা কামনা করছি।’
চিকিৎসকদের ধারণা, সিনারের মাঠে ফিরতে প্রায় তিন মাস সময় লাগতে পারে। সে ক্ষেত্রে ফেব্রুয়ারি-মার্চে যুক্তরাষ্ট্রের হার্ডকোর্ট মৌসুমে ইন্ডিয়ান ওয়েলস কিংবা মায়ামি মাস্টার্স দিয়ে প্রতিযোগিতামূলক টেনিসে ফিরতে পারেন তিনি।
অস্ত্রোপচারের কারণ ব্যাখ্যা করে ২৫ বছর বয়সী সিনার বলেন, ‘গত কয়েক মাস ধরে দলের সঙ্গে মিলে অস্ত্রোপচার ছাড়াই চোট সারানোর সব ধরনের চেষ্টা করেছি। শুরুতে অগ্রগতিও বেশ আশানুরূপ ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমার হাঁটু প্রত্যাশামতো সাড়া দেয়নি। তাই ইলিওটিবিয়াল ব্যান্ডের (উরুর বাইরের দিকে থাকা হাঁটুকে স্থিতিশীল রাখতে সাহায্য করা একটি শক্ত টিস্যু) অবস্থা উন্নত করতে ছোট একটি অস্ত্রোপচার করিয়েছি।’
২০২৬ সালটা দুর্দান্ত কাটছিল সিনারের। উইম্বলডনের শিরোপার পাশাপাশি পাঁচটি মাস্টার্স ১০০০ টুর্নামেন্ট জেতেন তিনি। বছরের ৯৪ শতাংশ ম্যাচে জয় ছিল তার ক্যারিয়ারসেরা সাফল্য। সিনারের অনুপস্থিতিতে র্যা ঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছেন জার্মান তারকা আলেক্সান্ডার জভেরেভ।
এদিকে সিনারের চোটে হতাশা প্রকাশ করেছেন স্পেনের তারকা কার্লোস আলকারাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘টেনিস তাকে মিস করছে। আমিও তাকে মিস করছি।’
২০২৪ সালে দানিল মেদভেদেভকে হারিয়ে প্রথম অস্ট্রেলিয়ান ওপেন জেতেন সিনার। পরের বছর ফাইনালে জভেরেভকে হারিয়ে শিরোপা ধরে রাখেন। তবে ২০২৬ সালে সেমিফাইনালে নোভাক জোকোভিচের কাছে হেরে বিদায় নিতে হয় তাকে। এবার চোটের কারণে দর্শক হয়েই দেখতে হবে মেলবোর্নের লড়াই।
