হাসিনা ডিসেম্বরে আসবে না: হুমায়ুন কবির

হাসিনা ডিসেম্বরে আসবে না: হুমায়ুন কবির

ফন্ট সাইজ:

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে আসবেন না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, শেখ হাসিনার বাংলাদেশে আসার একমাত্র পথ প্রত্যর্পণ চুক্তি। তাকে হাতকড়া পরিয়ে নিয়ে আসা হবে।

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, কেন ভাই, সে আসবে না ডিসেম্বরে। আমি তো বলছি সিলেটের একটা মিটিংয়ে, শেখ হাসিনা ডিসেম্বরে হয়ে যাবে 'শেখ আসবে না।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরা এবং প্রত্যর্পণের অনুরোধের বিষয়টিকে আলাদা করে দেখেছে ভারত। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দুটি বিষয় আলাদা করে দেখার মধ্যে বোঝার কোনো অসুবিধা নেই। একটি হচ্ছে সাধারণ যাত্রী বা বেসামরিক নাগরিকদের যাতায়াত। আরেকটি হচ্ছে অপরাধীদের প্রত্যর্পণ। শেখ হাসিনা অপরাধীদের শ্রেণিতে পড়েন। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তিনি আসবেন।

ভারতের কাছে বাংলাদেশের পাঠানো প্রত্যর্পণ-সংক্রান্ত চিঠির জবাব পাওয়া গেছে কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশ অনুরোধ জানিয়েছে। এখন জবাবের অপেক্ষা। সেখানে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের আরও সন্ত্রাসীরা রয়েছে। যারা দেশ থেকে লুটপাট করে গেছে, মানুষ হত্যা করে পালিয়েছে। শহীদ হাদির হত্যাকারীরাও সেখানে রয়েছে। প্রত্যর্পণ চুক্তির আওতায় এসব ব্যক্তিকে বাংলাদেশে ফেরত চায় ঢাকা।

তিনি আরও বলেন, ভারতের সার্বভৌম ভূখণ্ডে একজন সন্ত্রাসীকে রাখার চ্যালেঞ্জ ও অসুবিধা তারাও বুঝতে পারছে। এতে তাদের অপ্রয়োজনীয় বিরক্তির সৃষ্টি হচ্ছে। শেখ হাসিনাকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, দুই হাজার মানুষ হত্যার পরও তার মধ্যে কোনো অনুশোচনা নেই।

আলোচনার শেষ পর্যায়ে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ উঠলে প্রতিমন্ত্রী বলেন, ‘ডিসেম্বরে ভাই আর কেউ আসবে না, ডিসেম্বরে একমাত্র শীত আসবে।’ সাংবাদিকদের শীতের প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘ইনভেস্ট ইন আ জাম্পার।’