বাংলাদেশ সিরিজের আগে দক্ষিণ আফ্রিকা পেস আক্রমণে জোড়া ধাক্কা

বাংলাদেশ সিরিজের আগে দক্ষিণ আফ্রিকা পেস আক্রমণে জোড়া ধাক্কা

ফন্ট সাইজ:

বাংলাদেশের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের আগে বড়সড় ধাক্কা খেলো দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি— দুই সংস্করণের দল থেকেই ছিটকে গেছেন অভিজ্ঞ পেসার গেরাল্ড কোয়েটজে। অন্যদিকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আবারো চোটে পড়ায় টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন তরুণ পেসার কিনা মাফাকা। তাদের অনুপস্থিতিতে দলে একাধিক পরিবর্তন এনেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতায় লায়ন্সের হয়ে নর্থ ওয়েস্ট ড্রাগনসের বিপক্ষে খেলতে গিয়ে অ্যাডাক্টর পেশিতে চোট পান কুটসিয়া। গত রোববার শেষ হওয়া ম্যাচটির প্রথম ইনিংসে ব্যাট হাতে ৪৭ বলে ৫৭ রান করেন ২৬ বছর বয়সী এ ক্রিকেটার। এরপর বল হাতে ১৫ ওভারে ১৮ রান দিয়ে নেন ২ উইকেট। তবে প্রতিপক্ষের দ্বিতীয় ইনিংসে আর বোলিং করতে পারেননি এই ডানহাতি পেসার। পরীক্ষার পর তার চোটের বিষয়টি নিশ্চিত হয়। পরে বাংলাদেশের বিপক্ষে দুই সিরিজ থেকেই ছিটকে যান তিনি।

কোয়েটজার বিকল্প হিসেবে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে জায়গা পেয়েছেন টিয়ান ভ্যান ফুরেন। নাইটসের হয়ে খেলা বাঁহাতি এই পেস বোলিং অলরাউন্ডার লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৬ ম্যাচে ৩৫৭ রান করার পাশাপাশি শিকার করেছেন ৩৮ উইকেট। জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা ২৫ বছর বয়সী এই ক্রিকেটারের সামনে এটি নিজেকে প্রমাণের বড় সুযোগ।
এদিকে ডান হ্যামস্ট্রিংয়ের চোট থেকে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ২০ বছর বয়সী মাফাকা। তবে অনুশীলনে আবারো চোট পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে টি-টোয়েন্টি দল থেকে সরিয়ে নিয়েছে সিএসএ। একই সঙ্গে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ওয়ানডে সিরিজেও খেলতে পারবেন না তিনি।

মাফাকার জায়গায় টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ১৮ বছর বয়সী পেসার জেজে ব্যাসন। মাত্র ছয়টি টি-টোয়েন্টি খেলেই জাতীয় দলে সুযোগ পাওয়া এই বাঁহাতি পেসারের ঝুলিতে রয়েছে ৫ উইকেট। দলে ফিরেছেন ইথান বশও। ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী মঙ্গলবার। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ ও ৭ই ডিসেম্বর। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ১০ই ডিসেম্বর। বাকি দুই ম্যাচ হবে ১২ ও ১৩ই ডিসেম্বর।