মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ–গুলি, নিহত ১

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ–গুলি, নিহত ১

ফন্ট সাইজ:

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ সদরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলিতে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে গুলিবিদ্ধসহ আরও কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতের নাম সেলিম মোল্লা (৪৬)। তিনি মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির এক পক্ষের নেতৃত্বে আছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রায়হান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও ফ্রান্সপ্রবাসী বিএনপি নেতা রহিম মোল্লা। অপর পক্ষের নেতৃত্বে আছেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উজির আহমেদ ও ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন। আসন্ন ইউপি নির্বাচনে এক পক্ষে আওলাদ হোসেন এবং অপর পক্ষে রহিম মোল্লা চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছে। এই দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ তসলিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘আধিপত্য বিস্তার ও আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।