যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) ২৫ নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে যে সিদ্ধান্ত ঘোষণা করেছে, তা বাংলাদেশ–যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ওয়াশিংটন বাংলাদেশকে বিশ্বের এমন ১৪টি অর্থনীতির তালিকায় অন্তর্ভুক্ত করেছে, যাদের শিল্পনীতি ও উৎপাদনব্যবস্থাকে তারা অযৌক্তিক এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য ক্ষতিকর বলে মনে করছে। বিশ্বব্যাপী উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা বা স্ট্রাকচারাল এক্সেস ক্যাপাসিটি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাংলাদেশের জন্য এর তাৎপর্য কেবল একটি বাণিজ্য বিরোধের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি দেশের রপ্তানিনির্ভর উন্নয়ন মডেল, শ্রমিক অধিকার, শিল্পনীতি, চীনা শিল্প উপকরণের ওপর নির্ভরশীলতা এবং সবচেয়ে বড় রপ্তানি বাজারে প্রবেশাধিকার ধরে রাখার সক্ষমতা নিয়ে মৌলিক কিছু প্রশ্ন সামনে নিয়ে এসেছে।
১৯৭৪ সালের যুক্তরাষ্ট্রের ট্রেড অ্যাক্টের ৩০১ ধারার অধীনে বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার সিদ্ধান্ত দিয়েছেন যে বাংলাদেশ, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, ভিয়েতনামসহ মোট ১৪টি অর্থনীতির কিছু নীতি ও কার্যক্রম কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও উৎপাদনে অবদান রাখছে, যা যুক্তরাষ্ট্রের বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত বা সীমিত করছে। ২০২৬ সালের মার্চে শুরু হওয়া এসব তদন্তে মূলত খতিয়ে দেখা হয়েছে, সরকারি হস্তক্ষেপের ফলে উৎপাদন খাতের সক্ষমতা ও উৎপাদন এমন পর্যায়ে পৌঁছেছে কি না, যা স্বাভাবিক বাজারব্যবস্থায় হওয়ার কথা নয়।
এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তদন্তটি শুধু বাংলাদেশকে লক্ষ্য করে পরিচালিত হয়নি। একইভাবে, এর অর্থ এই নয় যে বাংলাদেশ কোনো আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি লঙ্ঘন করেছে বলে প্রমাণিত হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের নিজস্ব বাণিজ্য আইনের অধীনে একতরফা সিদ্ধান্ত। তা সত্ত্বেও বাংলাদেশের জন্য এটি একটি বড় ঝুঁকি তৈরি করেছে। কারণ, নির্দিষ্ট কিছু পণ্যের ছাড় এবং বিদ্যমান শুল্কব্যবস্থার বিষয় বিবেচনায় রেখে বাংলাদেশি পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করেছে ইউএসটিআর । প্রস্তাবটি এখনো জনমত গ্রহণ ও শুনানির প্রক্রিয়ার মধ্যে রয়েছে; এটি এখনো চূড়ান্তভাবে কার্যকর কোনো শুল্ক সিদ্ধান্ত নয়।
ওয়াশিংটনের চিহ্নিত পাঁচটি উদ্বেগ
বাংলাদেশ নিয়ে ইউএসটিআর-এর ১৬১ পৃষ্ঠার প্রতিবেদনে বাংলাদেশের অর্থনৈতিক ও শিল্পনীতির পাঁচটি প্রধান ক্ষেত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এগুলো হলো: উৎপাদন খাত সম্প্রসারণে সরকারি সহায়তাপুষ্ট শিল্প পরিকল্পনা; রপ্তানি বাড়ানোর জন্য উৎপাদন প্রণোদনা; শ্রমিকদের জন্য অপর্যাপ্ত সুরক্ষা; আর্থিক খাতে নিয়ন্ত্রণমূলক নীতি; এবং চীনসহ নন-মার্কেট অর্থনীতি হিসেবে বিবেচিত দেশগুলো থেকে আমদানি ও সরাসরি বিদেশি বিনিয়োগ যথাযথভাবে পর্যবেক্ষণ করতে ব্যর্থতা।
ওয়াশিংটনের যুক্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে এই দাবি যে বাংলাদেশ এমন একটি রপ্তানিমুখী উৎপাদনব্যবস্থা গড়ে তুলেছে, যেখানে শিল্প সম্প্রসারণ, উৎপাদন প্রণোদনা, সস্তা শ্রম এবং আমদানি করা মধ্যবর্তী শিল্প উপকরণ সম্মিলিতভাবে উৎপাদন ব্যয় কমিয়ে দিচ্ছে। এর ফলে বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতার সক্ষমতা স্বাভাবিক বাজার পরিস্থিতিতে যতটা হওয়ার কথা, তার চেয়ে বেশি শক্তিশালী হচ্ছে বলে ইউএসটিআর মনে করে।
ইউএসটিআর-এর এই মূল্যায়ন অন্ধভাবে গ্রহণ করা কিংবা পুরোপুরি প্রত্যাখ্যান করার পরিবর্তে সতর্কভাবে পর্যালোচনা করা প্রয়োজন। বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের অপরিহার্য উপায় হিসেবে শিল্পায়ন ও রপ্তানি প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দিয়েছে। তৈরি পোশাকশিল্প কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা অর্জন, বিনিয়োগ এবং বিশেষ করে লাখ লাখ নারী শ্রমিকের অর্থনৈতিক অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করেছে। এসব অর্জন অস্বীকার করার সুযোগ নেই। তবে প্রশ্ন হলো, দেশের শিল্পনীতি কি টেকসই উৎপাদনশীলতা, উচ্চ মজুরি, অভ্যন্তরীণ ভোগ ও অর্থনৈতিক বহুমুখীকরণ নিশ্চিত করার মতো পর্যায়ে উন্নীত হয়েছে?
ইউএসটিআর-এর মূল সমালোচনা হলো, বাংলাদেশ উৎপাদন ও রপ্তানিকে অগ্রাধিকার দিলেও সেই কৌশলের অর্থনৈতিক ও সামাজিক পরিণতি যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করেনি।
তৈরি পোশাক শিল্প: বাংলাদেশের শক্তি ও কাঠামোগত দুর্বলতা
তৈরি পোশাকশিল্প এখনো বাংলাদেশের রপ্তানিনির্ভর অর্থনীতির মূল ভিত্তি। ইউএসটিআর-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ৮৫.১ শতাংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে। ২০২২ সালে এই খাতের অবদান ছিল দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আনুমানিক ১১ শতাংশ। এ খাতে প্রায় ৩,৫০০টি কারখানা পরিচালিত হচ্ছে, যার প্রায় সবই রপ্তানিমুখী।
এই পরিসংখ্যান একদিকে শিল্পটির অসাধারণ গুরুত্ব তুলে ধরে, অন্যদিকে বাংলাদেশের অর্থনীতির কাঠামোগত দুর্বলতাও প্রকাশ করে। যে অর্থনীতি একটি নির্দিষ্ট উৎপাদন খাতের ওপর অতিমাত্রায় নির্ভরশীল, আন্তর্জাতিক বাণিজ্যনীতি, বৈশ্বিক চাহিদা, শ্রমমান এবং সরবরাহব্যবস্থার প্রতিযোগিতায় পরিবর্তন এলে সেই অর্থনীতি বিশেষভাবে ঝুঁকির মুখে পড়ে।
ইউএসটিআর-এর দাবি, সরকারি প্রণোদনা ও শিল্প সম্প্রসারণের ফলে বাংলাদেশের উৎপাদন এমন পর্যায়ে পৌঁছেছে, যা দেশের অভ্যন্তরীণ চাহিদা ও স্বাভাবিক বাজারব্যবস্থা দিয়ে সামাল দেওয়ার কথা নয়। তাদের মূল্যায়নে, এর ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা কৃত্রিমভাবে বেড়েছে এবং যুক্তরাষ্ট্রের উৎপাদকরা অসম প্রতিযোগিতার মুখে পড়েছেন।
তবে এই যুক্তির অন্য একটি দিকও রয়েছে। বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা শুধু সরকারি প্রণোদনা কিংবা কম মজুরির ফল নয়। এর পেছনে রয়েছে কয়েক দশকের উদ্যোক্তা বিনিয়োগ, উৎপাদন দক্ষতা, সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক এবং কঠিন বৈশ্বিক মানদণ্ড পূরণে স্থানীয় ব্যবসায়ীদের সক্ষমতা। বাংলাদেশের উচিত হবে একটি একটি পূর্ণাঙ্গ পূর্নর্মূল্যায়নের দাবি জানানো যেখানে উৎপাদনশীলতার ভিত্তিতে অর্জিত বৈধ প্রতিযোগিতার সক্ষমতা এবং শ্রমিক শোষণ, বাজারের বিকৃতি কিংবা অস্থিতিশীল ভর্তুকির মাধ্যমে অর্জিত সুবিধার মধ্যে পার্থক্য স্পষ্ট হয়।
তবে বাংলাদেশ অনির্দিষ্টকাল পর্যন্ত সস্তা শ্রমকে তার প্রধান প্রতিযোগিতামূলক শক্তি হিসেবে ধরে রাখতে পারে না। দেশের পোশাকশিল্পের ভবিষ্যৎ ক্রমেই নির্ভর করতে হবে উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রযুক্তিগত আধুনিকায়ন, দক্ষতা উন্নয়ন, উচ্চমূল্যের পণ্য উৎপাদন এবং শক্তিশালী দেশীয় সরবরাহব্যবস্থার ওপর।
শ্রমিক অধিকার শুধু বাণিজ্য বিরোধ নয়, এটি অর্থনৈতিক প্রশ্ন
ইউএসটিআর-এর প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো শ্রমিকদের মজুরি ও শ্রম অধিকার। ওয়াশিংটনের যুক্তি, শ্রম অধিকার যথাযথভাবে বাস্তবায়ন না করা এবং মজুরি নির্ধারণে শ্রমিকদের ন্যায্য অংশগ্রহণ সীমিত রাখার ফলে উৎপাদন ব্যয় কমে যায়, রপ্তানি প্রতিযোগিতার সক্ষমতা কৃত্রিমভাবে বাড়ে এবং দেশের অভ্যন্তরীণ ভোগ কমে যায়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ২০২৩ সালে পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১২,৫০০ টাকা করলেও মূল্যস্ফীতির কারণে শ্রমিকদের প্রকৃত ক্রয়ক্ষমতা কমে গেছে। ইউএসটিআর-এর হিসাব অনুযায়ী, ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে প্রকৃত মজুরি প্রায় ১২ থেকে ১৫ শতাংশ কমেছে। প্রতিবেদনে ২০২৬ সালে পোশাকশিল্পের নতুন শ্রমিকদের মাসিক মজুরি প্রায় ১২,৫০০ টাকা বলে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ পোশাক শিল্পে ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছে।
এই উদ্বেগগুলোকে শুধু নিজেদের উৎপাদনশিল্প রক্ষায় যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা হিসেবে উড়িয়ে দেওয়া উচিত নয়। যে অর্থনীতিতে শ্রমিকরা রপ্তানি আয়ের বড় অংশ তৈরি করেন, অথচ নিজেদের সৃষ্ট অর্থনৈতিক মূল্যের ন্যায্য অংশ পান না, সেই অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদি উন্নয়ন মডেল দাঁড় করানো সম্ভব নয়।
শ্রমিকদের অধিকতর সুরক্ষা, শ্রম আইন কার্যকর করা, যৌথ দর-কষাকষির অধিকার, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং উৎপাদনশীলতা ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরি নীতি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অপরিহার্য। ২০২৬ সালের শ্রম আইন সংশোধন কিছু অগ্রগতির ইঙ্গিত দিতে পারে। তবে কার্যকর প্রাতিষ্ঠানিক বাস্তবায়ন ছাড়া শুধু আইন প্রণয়ন শ্রমিকদের প্রকৃত সুরক্ষা নিশ্চিত করতে পারে না।
তাই ইউএসটিআর-এর শ্রম অধিকারসংক্রান্ত উদ্বেগকে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক প্রতিষ্ঠান শক্তিশালী করার সুযোগ হিসেবে দেখা উচিত। শ্রমিকদের ক্রয়ক্ষমতা বাড়লে অভ্যন্তরীণ চাহিদাও বাড়বে, বৈদেশিক বাজারের ওপর অতিরিক্ত নির্ভরতা কমবে এবং আরও ভারসাম্যপূর্ণ অর্থনীতির ভিত্তি শক্তিশালী হবে।
চীনের প্রভাব: সরবরাহ ব্যবস্থা ও অর্থনৈতিক নিরাপত্তার চ্যালেঞ্জ
ইউএসটিআর-এর তদন্তের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো চীনা মধ্যবর্তী শিল্প উপকরণ ও বিদেশি বিনিয়োগের ওপর বাংলাদেশের ক্রমবর্ধমান নির্ভরশীলতা।
প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে চীন থেকে বাংলাদেশের মধ্যবর্তী উৎপাদন উপকরণ আমদানি প্রায় ৭ বিলিয়ন ডলার বা ৬৮ শতাংশ বেড়েছে। বিপরীতে, একই সময়ে চীন থেকে যুক্তরাষ্ট্রের এ ধরনের পণ্য আমদানি প্রায় ৩০ বিলিয়ন ডলার বা ২১ শতাংশ কমেছে।
ওয়াশিংটনের যুক্তি হলো, চীনা উপকরণের ক্রমবর্ধমান ব্যবহার দেশটিকে তার অতিরিক্ত উৎপাদন সক্ষমতার একটি অংশ বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পে স্থানান্তরের সুযোগ করে দিচ্ছে। এই ব্যাখ্যা অনুযায়ী, বাংলাদেশের রপ্তানি পণ্য এমন একটি অর্থনীতির উৎপাদন উপকরণ ব্যবহার করে প্রতিযোগিতামূলক সুবিধা পাচ্ছে, যার শিল্পনীতিকে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে বাজার বিকৃতিকারী হিসেবে বিবেচনা করছে।
এখানে ঢাকার সামনে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত প্রশ্ন তৈরি হয়েছে: কীভাবে বাংলাদেশ চীনের সঙ্গে কার্যকর অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেও যুক্তরাষ্ট্রের সঙ্গে তার বাণিজ্যিক সম্পর্ক অক্ষুণ্ণ রাখবে?
বাংলাদেশকে কোনো একটি অর্থনৈতিক অংশীদার বেছে নিতে বাধ্য করা উচিত নয়। চীন বাংলাদেশের বিনিয়োগ, অবকাঠামো অর্থায়ন, যন্ত্রপাতি ও শিল্প উপকরণের একটি গুরুত্বপূর্ণ উৎস। অন্যদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার এবং অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার।
এর উপযুক্ত সমাধান চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা নয়। বরং প্রয়োজন বিদেশি বিনিয়োগে অধিকতর স্বচ্ছতা, দেশীয় উৎপাদনে মূল্য সংযোজন বৃদ্ধি, আমদানির উৎস বহুমুখীকরণ, শুল্ক ও কাস্টমস ব্যবস্থার উন্নত নজরদারি এবং আরও দূরদর্শী শিল্পনীতি। বাংলাদেশের উৎপাদন খাতকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তা একটি নির্দিষ্ট দেশের আমদানি করা উপকরণের ওপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে প্রকৃত দেশীয় উৎপাদন সক্ষমতা তৈরি করতে পারে।
প্রস্তাবিত শুল্ক এবং কূটনৈতিক চ্যালেঞ্জ
বাংলাদেশি পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাবটি সম্ভবত সবচেয়ে তাৎক্ষণিক উদ্বেগের বিষয়। প্রস্তাবে নির্দিষ্ট কিছু পণ্যের শুল্ক ছাড় এবং বিদ্যমান শুল্কব্যবস্থা ও যুক্তরাষ্ট্র–বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তির অধীনে থাকা অঙ্গীকার বিবেচনায় নেওয়া হলেও এর সম্ভাব্য পরিণতি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা প্রয়োজন।
যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানি বাজার, বিশেষ করে তৈরি পোশাকের ক্ষেত্রে। অতিরিক্ত শুল্ক বাংলাদেশের পণ্যের প্রতিযোগিতার সক্ষমতা কমাতে পারে, রপ্তানিকারকদের মুনাফার পরিমাণ সংকুচিত করতে পারে, আমেরিকান খুচরা বিক্রেতাদের ক্রয় সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে এবং উৎপাদক ও শ্রমিকদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে।
এর প্রভাব শুধু বাংলাদেশে সীমাবদ্ধ থাকবে না। বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক সরবরাহব্যবস্থার ওপর নির্ভরশীল আমেরিকান ভোক্তা, আমদানিকারক, খুচরা বিক্রেতা এবং ব্যবসাপ্রতিষ্ঠানও বাড়তি ব্যয় কিংবা সরবরাহে বিঘ্নের মুখে পড়তে পারে।
তাই ঢাকাকে সমন্বিত কূটনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপ নিতে হবে। ইউএসটিআর, যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ, সংশ্লিষ্ট কংগ্রেসের দপ্তর, আমেরিকান ব্যবসায়ী সংগঠন এবং অন্যান্য অংশীজনের সঙ্গে তথ্য-প্রমাণভিত্তিক আলোচনার মাধ্যমে প্রস্তাবিত পদক্ষেপ মোকাবিলা করতে হবে।
বাংলাদেশের উচিত প্রতিটি প্রধান অভিযোগের জবাবে যাচাইযোগ্য অর্থনৈতিক তথ্য-উপাত্তসহ বিস্তারিত ব্যাখ্যা প্রস্তুত করা। শিল্পনীতির পেছনে দেশের বৈধ উন্নয়ন লক্ষ্য ব্যাখ্যা করতে হবে, ইতোমধ্যে নেওয়া সংস্কারগুলো তুলে ধরতে হবে, উৎপাদন খাতের অর্থনৈতিক অবদান প্রমাণ করতে হবে এবং শ্রম ও বিনিয়োগসংক্রান্ত অবশিষ্ট উদ্বেগ মোকাবিলায় একটি বিশ্বাসযোগ্য সময়সীমা উপস্থাপন করতে হবে।
সরকারকে আরও সতর্কতার সঙ্গে পরীক্ষা করতে হবে, প্রস্তাবিত সেকশন ৩০১-এর পদক্ষেপ বিদ্যমান পারস্পরিক বাণিজ্য চুক্তির সঙ্গে কীভাবে সম্পর্কিত। দুই দেশের মধ্যে ইতোমধ্যে আলোচনার মাধ্যমে নির্ধারিত অঙ্গীকারগুলোকে পরামর্শ ও আলোচনার অংশ করতে হবে, যাতে একাধিক বাণিজ্যিক পদক্ষেপের মধ্যে অসামঞ্জস্য থেকে অপ্রয়োজনীয় অনিশ্চয়তা তৈরি না হয়।
অর্থনৈতিক বহুমুখীকরণের প্রয়োজন
এই পরিস্থিতির বৃহত্তর শিক্ষা হলো, বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা অনির্দিষ্টকাল পর্যন্ত বিশেষ বাজার সুবিধা, সস্তা শ্রম এবং তৈরি পোশাক রপ্তানি সম্প্রসারণের ওপর নির্ভর করতে পারে না।
দেশটির প্রয়োজন আরও বহুমুখী উৎপাদনভিত্তি, শক্তিশালী দেশীয় শিল্প, শ্রমিকদের উন্নত উৎপাদনশীলতা, উচ্চ মজুরি এবং স্থানীয়ভাবে উৎপাদিত মধ্যবর্তী শিল্প উপকরণের বৃহত্তর অংশ। ওষুধশিল্প, চামড়াজাত পণ্য, জুতা, হালকা প্রকৌশল, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, তথ্যপ্রযুক্তি এবং উচ্চমূল্যের বস্ত্রপণ্য একটি বিস্তৃত শিল্পভিত্তি গড়ে তোলার সুযোগ সৃষ্টি করতে পারে।
একই সঙ্গে আর্থিক খাতের সুশাসন শক্তিশালী করাও জরুরি। আর্থিক খাতে নিয়ন্ত্রণমূলক নীতি বা ফিনেন্সিয়াল রিপ্রেশন নিয়ে ইউএসটিআর-এর সমালোচনা ঋণ বরাদ্দ, মূলধনের ব্যয়, রাষ্ট্রীয় হস্তক্ষেপ এবং সরকারি আর্থিক সম্পদ উৎপাদনশীল বিনিয়োগের পরিবর্তে রাজনৈতিকভাবে প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থে ব্যবহৃত হচ্ছে কি না—এসব প্রশ্ন সামনে নিয়ে এসেছে।
বাংলাদেশকে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার সক্ষমতাও বাড়াতে হবে। বাণিজ্য কূটনীতি শুধু রাজনৈতিক যোগাযোগের বিষয় নয়; এর জন্য প্রয়োজন নির্ভরযোগ্য অর্থনৈতিক তথ্য, প্রাতিষ্ঠানিক দক্ষতা, আইনি বিশ্লেষণ এবং বিদেশি সরকার ও ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ।
কৌশলগত পুনর্মূল্যায়নের সময়
ইউএসটিআর-এর এই সিদ্ধান্তকে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সহযোগিতার সমাপ্তি হিসেবে দেখা উচিত নয়। একইভাবে, এটিকে যুক্তরাষ্ট্রের বিচ্ছিন্ন কোনো সংরক্ষণবাদী পদক্ষেপ বলে উড়িয়ে দেওয়াও ঠিক হবে না। এটি শিল্প ভর্তুকি, উৎপাদন প্রতিযোগিতা, শ্রমমান, সরবরাহব্যবস্থার ওপর নির্ভরশীলতা এবং বৈশ্বিক বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে বৃহত্তর বিতর্কের প্রতিফলন।
বাংলাদেশের বৈধ উন্নয়ন অগ্রাধিকার রয়েছে এবং শিল্পায়নের পথে এগিয়ে যাওয়ার অধিকারও রয়েছে। একই সঙ্গে দেশটিকে স্বীকার করতে হবে যে কম মজুরি, দুর্বল শ্রম অধিকার বাস্তবায়ন, সীমিত কয়েকটি খাতে অতিরিক্ত উৎপাদন এবং আমদানি করা উপকরণের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার ভিত্তিতে গড়ে ওঠা রপ্তানি প্রতিযোগিতা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক ঝুঁকি তৈরি করে।
ঢাকার তাৎক্ষণিক দায়িত্ব হলো প্রস্তাবিত শুল্ক যাতে বাংলাদেশের রপ্তানির পথে নতুন বাধা হয়ে না দাঁড়ায়, তা নিশ্চিত করতে গঠনমূলক আলোচনার মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতার চেষ্টা করা। তবে দীর্ঘমেয়াদি দায়িত্ব হলো দেশের অর্থনৈতিক কাঠামোর প্রয়োজনীয় সংস্কার করা।
পরিশেষে, বাংলাদেশের সাফল্য শুধু কত পণ্য রপ্তানি হলো কিংবা কতগুলো কারখানা পরিচালিত হচ্ছে, তা দিয়ে পরিমাপ করা উচিত নয়। বরং কতটা মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, শ্রমিকরা কতটা ন্যায্য মজুরি পাচ্ছেন, দেশীয় শিল্প কতটা শক্তিশালী হচ্ছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি মানুষের জীবনযাত্রার মান কতটা উন্নত করছে—এসব বিষয়ও সাফল্যের মাপকাঠি হওয়া উচিত।
অতএব, বাংলাদেশের সামনে প্রকৃত চ্যালেঞ্জ শুধু ওয়াশিংটনের বাণিজ্যিক সিদ্ধান্তের জবাব দেওয়া নয়। বরং আন্তর্জাতিক প্রতিযোগিতার সক্ষমতা অক্ষুণ্ণ রেখে কীভাবে একটি রপ্তানিনির্ভর অর্থনীতিকে আরও বহুমুখী, উৎপাদনশীল এবং শ্রমিককেন্দ্রিক শিল্প অর্থনীতিতে রূপান্তর করা যায়, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।
