জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) ইলিয়াস হোসেন ও আইনজীবী সুফি মো. আল মামুনকে আটক করেছে পুলিশ।
ছাত্রদলের নেতা-কর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। বুধবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।
মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ ধানমন্ডি ২৭ নম্বর থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা শাখাওয়াতকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে এসেছে।’
ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শাখাওয়াত মুনকে ঘিরে ধরে কয়েকজন জিজ্ঞাসাবাদ করছেন। এ সময় চারপাশ থেকে ‘একটা একটা লীগ ধর’ বলে স্লোগান দেওয়া হচ্ছিল। একজন মুনকে জিজ্ঞাসা করেন, ‘এরপর আপনাদের নাশকতার প্ল্যান কী?’
জবাবে মুন বলেন, ‘আমি তো এখন ওএসডি অবস্থায় আছি।’ এ সময় এক ব্যক্তি মুনের গালে চড় মারেন। পরে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। একপর্যায়ে তাকে কান ধরতেও বাধ্য করা হয়।
অন্য একটি ভিডিওতে দেখা যায়, চট্টগ্রামের সাবেক ডিসি ইলিয়াসকে পুলিশ ভ্যানে তোলার পরও মারধর করা হচ্ছে। এ সময় উপস্থিত কারও কারও কণ্ঠে ‘আয়, মারিস না’ বলতে শোনা যায়।
