প্রথম আলো
‘মাঠে বাড়তি সতর্কতা, পুলিশের ভেতরেও বেড়েছে নজরদারি’—এটি দৈনিক প্রথম আলোর প্রথম পাতার খবর। প্রতিবেদনে বলা হয়, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। একই সঙ্গে বাহিনীর ভেতরেও নজরদারি বেড়েছে। পুলিশের উচ্চপর্যায়ের একাধিক সূত্র বলছে, অভ্যন্তরীণ তথ্য ফাঁস এবং সাম্প্রতিক নাশকতার ঘটনায় যোগসাজশের অভিযোগে কিছু পুলিশ কর্মকর্তার নাম এসেছে।
এমন পরিস্থিতিতে গতকাল বুধবার সাত জেলায় নতুন পুলিশ সুপার (এএপি) নিয়োগ দিয়েছে সরকার। এর পাঁচটিই সীমান্তবর্তী। এর আগে গোপালগঞ্জসহ ঢাকা রেঞ্জের ১৩ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকির জন্য অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে দুই মাসের জন্য সংযুক্ত করা হয়। পুলিশের সংশ্লিষ্ট সূত্র বলছে, বিভিন্ন ইউনিটে নতুন নেতৃত্ব এনে মাঠপর্যায়ে বাহিনীকে নতুন করে সাজানো হচ্ছে।
এদিকে আবদুল হাসান নামের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে গ্রেপ্তার করা হয়েছে। খাগড়াছড়ি থেকে পুলিশের ৩৩তম ব্যাচের আরেক অতিরিক্ত পুলিশ সুপার মো. কাবুল হাসানকেও হেফাজতে নেওয়া হয়েছে। এই দুই কর্মকর্তারই গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে। তাঁরা ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের আগে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত ছিলেন।
বাহিনীর ভেতরে নজরদারির কথা বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও। তিনি বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তা ‘ফ্যাসিস্ট শক্তির’ সঙ্গে যুক্ত আছেন। তাঁরা ষড়যন্ত্র করছেন। সরকার তাঁদের কঠোর নজরদারিতে রেখেছে। কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
অভ্যন্তরীণ নজরদারি কেন
পুলিশের উচ্চপর্যায়ের একাধিক সূত্র প্রথম আলোকে জানিয়েছে, সাম্প্রতিক নাশকতার ঘটনাগুলো সম্পর্কে খোঁজ নিতে গিয়ে বিদেশে পলাতক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাশাপাশি সেখানে অবস্থানরত কিছু পুলিশ সদস্যের নামও পেয়েছেন তাঁরা। এ ছাড়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেপ্তার করায় বিদেশে পলাতক কর্মকর্তাদের কেউ কেউ দেশে কর্মরত পুলিশ কর্মকর্তাদের ফোন করে হুমকিও দিচ্ছেন বলেও অভিযোগ আছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বাহিনীর ভেতর থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের ঘটনাও ঘটছে। এমন অভিযোগের সূত্র ধরে দেশে কর্মরত কিছু কর্মকর্তাকে নজরদারিতে রাখা হয়েছে। এখন পর্যন্ত দুজন কর্মকর্তাকে গ্রেপ্তারও করা হয়েছে। হেফাজতে আছেন আরও একজন। প্রথম গ্রেপ্তার হন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ১৪ নভেম্বর রাতে তাঁকে গ্রেপ্তার করে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দেওয়া হয়। পাঁচলাইশ থানায় করা ওই মামলায় বলা হয়েছে, ব্যক্তিগত ও সরকারি মুঠোফোনে জাহাঙ্গীর আলম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখতেন। পুলিশের অভ্যন্তরীণ তথ্যও আওয়ামী লীগের নেতাদের কাছে সরবরাহের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
দুই দিন আগে হেফাজতে নেওয়া হয় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে। তিনি এসআরবি-১৪-তে কর্মরত ছিলেন। তাঁকে গত মঙ্গলবার ঢাকার আদালত বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছেন।
খাগড়াছড়িতে এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারে (এএসটিসি) কর্মরত রাকিবুলের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম গতকাল বুধবার বিকেলে প্রথম আলোকে বলেন, রাকিবুল হাসানকে আনতে ডিবির একটি দল খাগড়াছড়িতে গেছে। তাঁকে ঢাকায় আনার পর তাঁর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
খাগড়াছড়ি পুলিশ এবং এএসটিসির একাধিক সূত্র অবশ্য প্রথম আলোকে জানিয়েছে, রাকিবুলকে ইতিমধ্যে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। যদিও তাঁকে আটকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষণা করা কর্মসূচি ঘিরে সম্প্রতি গোপালগঞ্জে যে দুটি থানায় আগুন দেওয়া হয়েছিল, মুকসুদপুর তার একটি। গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতায় পুলিশ কর্মকর্তা আবুল হাসানের কোনো ভূমিকা ছিল কি না, তা নিয়ে খোঁজ নিচ্ছে পুলিশ।
পুলিশের উচ্চপর্যায়ের একাধিক সূত্র প্রথম আলোকে বলেছে, কিছু কর্মকর্তার বিরুদ্ধে গণ-অভ্যুত্থান–পূর্ববর্তী সময়ে কর্মস্থলে দায়িত্ব পালনকালে সংঘটিত অপরাধে জড়ানোর অভিযোগ আছে। গ্রেপ্তারের ক্ষেত্রে সেসব অভিযোগের কথা সামনে আসছে। তবে এত দিন পর তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পেছনে সাম্প্রতিক নাশকতা ও যোগাযোগের বিষয়ে পাওয়া তথ্যও ভূমিকা রাখছে বলে জানিয়েছে সূত্রগুলো।
গত সপ্তাহেও ৩১তম বিসিএসের আরেক পুলিশ কর্মকর্তাকে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল বলে সংশ্লিষ্ট একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে। ওই কর্মকর্তার বাড়ি নেত্রকোনায়। তাঁর শ্বশুরবাড়ি গোপালগঞ্জে। তাঁর শ্বশুর আওয়ামী লীগ সরকারের সময়ে স্বাস্থ্যসচিব ছিলেন। সূত্রটির ভাষ্য, জিজ্ঞাসাবাদ শেষে ওই কর্মকর্তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ফরেনসিক পরীক্ষার জন্য তাঁর ব্যবহৃত মুঠোফোনটি রেখে দিয়েছে ডিবি।
জেলায় নেতৃত্ব বদলের নেপথ্যে
পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র জানিয়েছে, জেলা পুলিশের নেতৃত্ব নির্বাচনে এখন সবচেয়ে গুরুত্ব দিচ্ছে পুলিশ। পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে দক্ষ কর্মকর্তাদের এ ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আবার অনেক কর্মকর্তা জেলায় গিয়ে প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারছেন না। এ কারণে তাঁদেরও ক্রমান্বয়ে জেলার নেতৃত্ব থেকে সরানো হবে।
এর আগে সীমান্তবর্তী ৩০ জেলার পুলিশকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নড়াইল, খুলনা, সুনামগঞ্জ, লালমনিরহাট, ফেনী, গাইবান্ধা ও নওগাঁয় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ, লালমনিরহাট, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ সীমান্তবর্তী জেলা। আর নড়াইলে সম্প্রতি হামলায় বিএনপির দুই নেতা নিহত হন। এর জেরে সেখানে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঘরবাড়িতে আগুন দেওয়া হয়। নড়াইলের নতুন পুলিশ সুপার হয়েছেন ঢাকা মহানগর পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের উপকমিশনার তৌহিদুল আরিফ।
এর আগে গত মঙ্গলবার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। তাঁদের মধ্যে দুজন উপমহাপরিদর্শক (ডিআইজি), চারজন অতিরিক্ত ডিআইজি ও আটজন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
সতর্কতা ডিসেম্বর পর্যন্ত
পুলিশের বাড়তি প্রস্তুতির পেছনে রয়েছে নভেম্বরের প্রথম তিন সপ্তাহের অভিজ্ঞতা। আওয়ামী লীগ অনলাইনে ১৯ নভেম্বর ‘লকডাউন’ ডেকেছিল। যদিও প্রকাশ্যে দলটির ওই রকম কোনো কর্মসূচি দেখা যায়নি। তবে এর আগে থেকেই ঢাকাসহ বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা, যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছিল।
পুলিশ সদর দপ্তরসংশ্লিষ্ট সূত্র বলছে, গত দুই মাসে নাশকতার ঘটনায় গ্রেপ্তার কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে এবং তাঁদের মুঠোফোনের কথোপকথন ও বার্তা বিশ্লেষণ করে আরও হামলার পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। পুলিশের আশঙ্কা, এবার সরকারি স্থাপনার পাশাপাশি রাজনৈতিক নেতাদেরও হামলার লক্ষ্যবস্তু করা হতে পারে। সম্ভাব্য ঝুঁকির কথা জানিয়ে কয়েকজন রাজনৈতিক নেতাকে সতর্ক করা হয়েছে।
সম্প্রতি সীমান্তবর্তী জেলাগুলোর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক অনলাইন বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বিজিবির সঙ্গে সমন্বয় করে টহল ও তল্লাশি বাড়ানোর নির্দেশ দেন। দেশের ভেতরে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকাসহ আট জেলায় বিজিবিও মোতায়েন করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরসংশ্লিষ্ট সূত্র বলছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও আওয়ামী লীগের পরবর্তী কর্মসূচি ঘিরে ডিসেম্বর পর্যন্ত নাশকতার ঝুঁকি থাকতে পারে। সেই সময় ধরে মাঠের প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা গতকাল প্রথম আলোকে বলেন, পুলিশের কোনো সদস্য রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, নাশকতা, ষড়যন্ত্র কিংবা রাষ্ট্রের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার কাজে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্য যাঁদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ রয়েছে, তাঁদের কর্মকাণ্ড গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে।
যুগান্তর
দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম পাঁচ ‘দানবে’ লুট ১৬৪৭ কোটি। প্রতিবেদনে বলা হয়, কোথাও কাজের অগ্রগতি দেখানো হয়েছে ১০০ শতাংশ, অথচ মাঠে কাজের অস্তিত্বই নেই। কোথাও ৯৫ শতাংশ বিল তুলে নিয়েছেন ঠিকাদার, কিন্তু সড়ক নির্মাণ হয়নি এক ইঞ্চিও। একই সড়ক দেখানো হয়েছে একাধিক প্রকল্পে, আবার একই কাজের বিপরীতে নেওয়া হয়েছে একাধিক বিল। চুক্তিমূল্যের চেয়ে বেশি টাকা তুলে নেওয়ার ঘটনাও ঘটেছে। কাগজে-কলমে উন্নয়নের এমন ফিরিস্তির আড়ালে বাস্তবে চলেছে লুটপাটের মহোৎসব।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বরিশাল ও পিরোজপুর অঞ্চলের ১৭টি প্রকল্পে এভাবেই আত্মসাৎ হয়েছে ১ হাজার ৬৪৭ কোটি টাকা। এই লুটপাটের নেতৃত্বে ছিলেন পাঁচ দানব। তারা হলেন-সাবেক মন্ত্রী ও সংসদ-সদস্য শ ম রেজাউল করিম, সাবেক সংসদ-সদস্য মহিউদ্দিন মহারাজ, তার ভাই ও সাবেক উপজেলা চেয়ারম্যান মেহরাজুল ইসলাম, নাজিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান নুরে আলম শাহীন ও সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। উন্নয়নের নামে এই লুটযজ্ঞ উঠে এসেছে খোদ এলজিইডির তদন্ত প্রতিবেদনে। যা আমলে নিয়ে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তদন্তে দেখা যায়, ২০২০-২১ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ১৭টি প্রকল্পের আওতায় অর্থছাড় করা হয় ৩ হাজার ১৭৬ কোটি ৫৮ লাখ টাকা। অথচ সরেজমিন কাজ পাওয়া যায় মাত্র ১ হাজার ৫২৯ কোটি ১০ লাখ টাকার। অর্থাৎ অস্তিত্বহীন কাজে আত্মসাৎ হয়েছে ১ হাজার ৬৪৭ কোটি ৪৮ লাখ টাকা। এই বিপুল অর্থের গরমিল কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রকল্পের ঠিকাদারি নিয়ন্ত্রণ, কাজের অগ্রগতি দেখানো, বিল প্রস্তুত ও অর্থ ছাড়ে বিভিন্ন পর্যায়ে প্রভাবশালী রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা জড়িত ছিলেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান যুগান্তরকে বলেন, উন্নয়নের নামে প্রকল্পগুলো দলীয়করণ করা হয়েছিল। দলীয়করণের মাধ্যমে প্রকল্প বাছাই ও বাস্তবায়ন, প্রকল্পের বিভিন্ন পর্যায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততা এবং কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের সরকারি দপ্তরগুলোর মধ্যে গড়ে ওঠা সিন্ডিকেটের কারণে জনগণের অর্থ অপচয়ের এমন সুযোগ তৈরি হয়েছে। এসব চর্চার মধ্য দিয়েই এ ধরনের অনিয়মের ক্ষেত্র প্রস্তুত হয়েছে। বিষয়টি এখন দেশবাসীর সামনে আসছে। তবে দুঃখজনক হলো, এখনো একই ধরনের চর্চার নজির দেখা যাচ্ছে। তিনি বলেন, গত ১৫/১৬ বছর এ ধরনের অপরাধের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করার চর্চা দেখা যায়নি। ফলে অবৈধভাবে অর্থ উপার্জনের সুযোগ তৈরি হয়েছে। এখন এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত।
তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।
কালের কণ্ঠ
‘পোশাক শ্রমিকের মজুরি নির্ধারণ হলেও বাস্তবায়ন বড় পরীক্ষা’—এটি দৈনিক কালের কণ্ঠের প্রথম পাতার খবর। প্রতিবেদনে বলা হয়, তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। দর-কষাকষি, শ্রমিক অসন্তোষ, কারখানায় উৎপাদন ব্যাহত হওয়া, মালিক-শ্রমিকের পাল্টাপাল্টি অবস্থানের পর মঙ্গলবার মধ্যরাতে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করে নিম্নতম মজুরি বোর্ড।
আগের কাঠামোয় সর্বনিম্ন মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা। এবার সর্বনিম্ন মজুরি চার হাজার ৫০০ টাকা বেড়ে হয়েছে ১৭ হাজার টাকা। আর আগে সর্বোচ্চ গ্রেডের বেতন ১৫ হাজার ৩৫ টাকা থেকে বেড়ে বর্তমানে হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। মজুরি বাড়ানোর সিদ্ধান্তে শ্রমিকদের মধ্যে কিছুটা স্বস্তি এলেও প্রত্যাশা পূরণ না হওয়ার হতাশায় তাঁরা।
অন্যদিকে মালিকপক্ষ বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও শিল্পের সীমিত সক্ষমতা বিবেচনায় নতুন মজুরিকে বাস্তবসম্মত বলেছেন। তবে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে নতুন মজুরির সামঞ্জস্য, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা এবং ছোট ও মাঝারি কারখানার পক্ষে নতুন মজুরি বাস্তবায়নই এখন বড় পরীক্ষা।
মজুরি নির্ধারণের মধ্য দিয়ে আপাতত অসন্তোষ কমলেও প্রকৃত পরীক্ষা শুরু হবে বাস্তবায়ন নিয়ে। শ্রমিকের জীবনমান উন্নয়ন এবং শিল্পের টিকে থাকা—এই দুইয়ের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করতে না পারলে নতুন মজুরি ঘোষণাও কাজে আসবে না।
নতুন কাঠামোয় কতটা বাড়ল মজুরি: নতুন কাঠামোয় সর্বনিম্ন গ্রেডের মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ১৭ হাজার টাকা হয়েছে। বৃদ্ধি পেয়েছে ৩৬ শতাংশ। অন্যদিকে সর্বোচ্চ গ্রেডে মজুরি ১৫ হাজার ৩৫ টাকা থেকে বেড়ে ২১ হাজার ৫০০ টাকা হয়েছে। বৃদ্ধি পেয়েছে প্রায় ৪৩ শতাংশ।
তুলনামূলকভাবে দেখা যায়, ২০২৩ সালে পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি আট হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল। তখন বৃদ্ধির হার ছিল ৫৬.২৫ শতাংশ। এবার তিন বছরের ব্যবধানে সর্বনিম্ন মজুরি বেড়েছে ৩৬ শতাংশ। টাকার অঙ্কে দুইবারই বৃদ্ধি চার হাজার ৫০০ টাকা হলেও বৃদ্ধির হার আগের বারের তুলনায় কম।
দর-কষাকষিতে মালিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ছিল ১৭ হাজার টাকা। আর শ্রমিকপক্ষের প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা। দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় বোর্ডের সদস্যদের ভোটে ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত হয়। শুরুতে শ্রমিকপক্ষের দাবি ছিল ২২ হাজার থেকে ৩২ হাজার টাকা পর্যন্ত। অন্যদিকে মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৫ হাজার ৭০০ টাকা। কয়েক দফা আলোচনার পর মালিকপক্ষের প্রস্তাব ১৭ হাজার টাকায় উন্নীত হয়। শেষ পর্যন্ত শ্রমিকদের ১৮ হাজার টাকা প্রস্তাবের চেয়ে এক হাজার টাকা কমে সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়।
সমকাল
দৈনিক সমকালের প্রধান শিরোনাম ‘বাংলাদেশি পণ্যে ১৮% নতুন শুল্কের ঘোষণা যুক্তরাষ্ট্রের’। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করা পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা তৈরি, রপ্তানিতে প্রণোদনা, চীন থেকে কাঁচামাল আমদানিতে নির্ভরতা, শ্রম সুরক্ষায় ঘাটতিসহ কয়েকটি কারণে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে– এমন অভিযোগ এনে বাংলাদেশের ওপর ইউএসটিআর ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘোষণা করেছে।
গতকাল বুধবার ইউএসটিআর সংস্থাটির ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তির সঙ্গে বাংলাদেশ বিষয়ে আলাদা রিপোর্ট সংযুক্ত করেছে ইউএসটিআর।
ইউএসটিআর বলেছে, কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতার মাধ্যমে মার্কিন বাণিজ্যে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে বাংলাদেশসহ ১৩ দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের ওপর বিভিন্ন হারে অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ৩০১ ধারায় নতুন শুল্ক আরোপ করা হবে। এ বিষয়ে দীর্ঘ তদন্ত শেষে তারা এ সিদ্ধান্ত নিয়েছে। মূলত তৈরি পোশাকশিল্পে তারা এ ধরনের অন্যায্য পরিস্থিতি পেয়েছে বলে দাবি করেছে।
নতুন এই শুল্ক আরোপ হলে ৩০১ ধারার আওতায় আগে আরোপিত শুল্ক বাদ যাবে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের স্বাভাবিক শুল্ক ছিল প্রায় ১৬ শতাংশ। ৩০১ ধারার আওতায় জোরপূর্বক শ্রমে উৎপাদিত দেশ থেকে আমদানির অভিযোগ এনে গত ২৪ জুলাই ১০ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এর ফলে বাংলাদেশি পণ্যে বর্তমানে প্রায় ২৬ শতাংশ শুল্ক আরোপ হয়। যদি ১৮ শতাংশ নতুন শুল্ক ধার্য হয়, তাহলে আগের ১০ শতাংশ বাদ দিয়ে প্রায় ৩৪ শতাংশ মোট শুল্কহার দাঁড়াবে। তবে ইউএসটিআর বলেছে, ১৮ শতাংশ পর্যন্ত। এ কারণে এখনই মোট সম্ভাব্য শুল্কের প্রকৃত অঙ্ক নির্ধারণ করা যাবে না।
যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপের এই ঘোষণা এমন সময়ে এলো, যার এক দিন আগে পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তৈরি পোশাকশিল্পের মালিকরা বলছেন, মজুরি বৃদ্ধির চাপের মধ্যে নতুন করে বাড়তি শুল্ক তাদের আরও সংকটে ফেলবে।
যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিষয়ে মতামত জানতে চাইলে গতকাল রাতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির টেলিফোনে সমকালকে বলেন, ‘আমাদের অবস্থান আমরা আগেই যুক্তরাষ্ট্রকে জানিয়েছি। আমরা মনে করি না, বাংলাদেশের বিরুদ্ধে শুল্ক বাড়ানোর কোনো যৌক্তিকতা রয়েছে। তাই আমরা আশা করছি, নতুন করে শুল্ক আরোপ হবে না।
ইত্তেফাক
‘পোশাকশ্রমিকদের মজুরি বাড়ল ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত’—এটি ইত্তেফাকের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, দীর্ঘ আলোচনা, দরকষাকষির পরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। শিগিগরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। মঙ্গলবার দুপুরে নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা শুরু পর প্রায় ১০ ঘণ্টা আলোচনায় তিনটি গ্রেডের মজুরি সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়। তবে বোর্ড সদস্যদের ভোটাভুটিতে ন্যূনতম গ্রেডের মজুরি নির্ধারণ হয় ১৭ হাজার টাকা। এক্ষেত্রে মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরিকাঠামো কার্যকর হবে। জানুয়ারি মাসে শ্রমিকরা এ বাড়তি বেতন পাবেন। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত চতুর্থ সভা শেষে বুধবার ভোর ৪টায় সংবাদ ব্রিফিংয়ে নতুন মজুরিকাঠামো ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
তিনি জানান, প্রথম তিনটি গ্রেডের মজুরি নিয়ে বোর্ডের সব সদস্য একমত হলেও চতুর্থ গ্রেডের ক্ষেত্রে তা সম্ভব হয়নি। এ কারণে বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর ১২৯(২) বিধি অনুযায়ী গোপন ভোটের আয়োজন করা হয়। পরে একই বিধিমালার ১২৯(১) বিধি অনুসারে সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভোটের মাধ্যমে সর্বনিম্ন গ্রেডের মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। শিক্ষানবিশ শ্রমিকদের মজুরির বিষয়ে অবশ্য এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চেয়ারম্যান জানান, শ্রমিকপক্ষ শিক্ষানবিশ মজুরির বিধান তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে। প্রজ্ঞাপনের খসড়া চূড়ান্ত করার সময় সংশ্লিষ্ট কারিগরি বিষয়গুলো পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
কোন গ্রেডে কত বাড়ল:
নতুন এই কাঠামো অনুযায়ী, গ্রেড-১-এর অধীনে সেলাই, কাটিং, আয়রনিং ও ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার এবং সিনিয়র ডাইং অপারেটরদের মাসিক ন্যূনতম মজুরি ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পূর্বে এই গ্রেডের মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা। ফলে মজুরি বেড়েছে ৪৩ শতাংশ।
গ্রেড-২-এর অধীনে সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটর, সিনিয়র হেলপার, সিনিয়র কলার জয়েন্টার এবং সিনিয়র কাফ মেকারদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। পূর্বে এই মজুরি ছিল ১৪ হাজার ২৭৩ টাকা। অর্থাত্ বেড়েছে ৪০.১১ শতাংশ।
গ্রেড-৩-এর অধীনে জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান এবং সুইং সহকারীদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২০০ টাকা। পূর্বে এই গ্রেডের মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা। ফলে মজুরি বেড়েছে ৪১.৭০ শতাংশ।
অন্যদিকে, সর্বনিম্ন গ্রেড-৪-এর অধীনে হেলপার, থ্রেড কাটার এবং লাইন অ্যাসিস্ট্যান্টদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। পূর্বে এই গ্রেডের মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা। ফলে মজুরি বেড়েছে ৩৬ শতাংশ। মোট মজুরির মধ্যে মূল মজুরি কত কিংবা বাড়ি ভাড়া কত হবে, সেগুলো চূড়ান্ত করতে বুধবার মজুরি বোর্ডের বৈঠক হয় বলে জানা গেছে।
নয়া দিগন্ত
দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনাম ‘মামলার ভিড়ে নাশকতার গডফাদাররা আড়ালে’। প্রতিবেদনে বলা হয়, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সহিংসতা, গণপরিবহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেই শুরু হয় আইনি তৎপরতা। ঘটনার পরপরই থানায় দায়ের হয় একের পর এক মামলা, চালানো হয় সাঁড়াশি অভিযান এবং গ্রেফতার হয় শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ।
কিন্তু সময় গড়ালে দেখা যায়, তদন্তের গতি ধীর হয়ে পড়ছে, চার্জশিট দিতে গড়াচ্ছে বছরের পর বছর এবং চূড়ান্ত বিচারিক ধাপে পৌঁছানোর আগেই প্রমাণের অভাবে ভেস্তে যাচ্ছে মামলা। ককটেল নিক্ষেপ করা কিংবা যানবাহনে আগুন দেয়া মাঠপর্যায়ের ভাড়াটে অপরাধীরা কখনো কখনো গ্রেফতার হলেও যে শীর্ষ নেতাদের ইশারায় ও অর্থায়নে এসব পরিচালিত হয় তারা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে।
আইনি প্রক্রিয়ার ধারাগুলো লক্ষ্য করলে দেখা যায়, সাম্প্রতিক সহিংসতায় ৫৫০টিরও বেশি মামলা দায়ের হয়েছে এবং ১২ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এজাহারে শত শত ‘অজ্ঞাতনামা’ আসামি থাকায় এবং গণগ্রেফতার চালানো সত্ত্বেও নেপথ্যের মূল অপরাধীরা অধরাই থেকে যাচ্ছে।
দাখিলকৃত চার্জশিটের হার বিশ্লেষণ করলে দেখা যায়, মোট মামলার প্রায় ৬৫ শতাংশে পুলিশ তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করতে পারলেও তাতে ফরেনসিক আলামত ও প্রমাণের মারাত্মক ঘাটতি থাকে। ফলে আদালত পর্যন্ত গড়ালেও চূড়ান্ত বিচারিক প্রক্রিয়ায় সাজা পাওয়ার হার নামমাত্র- ৫ শতাংশের নিচে। সাক্ষী উপস্থিত না হওয়া এবং বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতার সুযোগে অধিকাংশ আসামি খালাস পেয়ে যায়।
টিআইবির এক গবেষণায় দেখা যায়, ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত এক হাজার ৭৮৫টি মামলার মধ্যে ৮৩৭টি হত্যা মামলার মাত্র সাত দশমিক সাত শতাংশে (৩১টি) চার্জশিট দেয়া সম্ভব হয়েছে। আইনজ্ঞদের মতে, রাজনৈতিক সহিংসতার মামলাগুলোর ৯০ শতাংশের বেশি বছরের পর বছর আদালতে ঝুলে থাকে এবং বিচার নিষ্পত্তির ৯০ থেকে ৯৫ শতাংশ ক্ষেত্রেই সাক্ষীর অভাব ও দুর্বল তদন্তের কারণে আসামিরা ছাড়া পেয়ে যায়।
বণিক বার্তা
‘পর্দার আড়ালে কী, সামনে আসছে না বাংলাদেশে ইডটকোর অধিগ্রহণ’—এটি বণিক বার্তার প্রধান শিরোনাম। খবরে বলা হয়, বাংলাদেশের টেলিযোগাযোগ অবকাঠামো খাতে বড় ধরনের মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। মালয়েশিয়ার প্রতিষ্ঠান ইডটকো গ্রুপের পাঁচ দেশের টাওয়ার ব্যবসা বিক্রির জন্য অস্ট্রেলীয় বিনিয়োগ প্রতিষ্ঠান ম্যাককুয়ারি অ্যাসেট ম্যানেজমেন্টের (এমএএম) নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ডলারের এন্টারপ্রাইজ ভ্যালুতে বাধ্যতামূলক চুক্তি করেছে।
এ লেনদেনের আওতায় বাংলাদেশের ব্যবসার ৭০ শতাংশ এবং পাকিস্তানের পুরো ব্যবসা অধিগ্রহণ করছে বিনিয়োগ প্রতিষ্ঠান দ্য ওসাইরিস গ্রুপ। বাংলাদেশে এ অধিগ্রহণের সম্ভাব্য মূল্য দাঁড়াতে পারে ৬০ কোটি ডলারে। এর মাধ্যমে দুই দেশে প্রায় ২০ হাজার টাওয়ারের ব্যবসায় যুক্ত হতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ২০১৪ সালে প্রতিষ্ঠিত দ্য ওসাইরিস গ্রুপ ঢাকা ও হংকংয়ে কার্যালয় পরিচালনা করছে। তবে এত বড় অধিগ্রহণের পরও বাংলাদেশে গ্রুপটির ব্যবসার মূল্যায়ন, বিনিয়োগের অর্থের উৎস, মালিকানা ও অর্থায়ন কাঠামো সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসেনি। একই সঙ্গে ওসাইরিসের তহবিল ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক কাঠামো নিয়েও রয়েছে অস্পষ্টতা।
জানা যায়, ইডটকোর বাংলাদেশ ও পাকিস্তানের ব্যবসায় টাওয়ারের সংখ্যা যথাক্রমে প্রায় ১৭ হাজার ও ৩ হাজার। পাকিস্তানের ব্যবসার শতভাগ এবং বাংলাদেশের ৭০ শতাংশ শেয়ার অধিগ্রহণের ফলে দুই বাজারের প্রায় ২০ হাজার টাওয়ারের ব্যবসার মালিকানা ও ব্যবস্থাপনায় যুক্ত হবে ওসাইরিস। বাংলাদেশ ও পাকিস্তানের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসহ প্রয়োজনীয় শর্তাবলি পূরণের পর এ মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া চূড়ান্তভাবে সম্পন্ন হবে বলে জানা গেছে। উল্লেখ্য, বাংলাদেশে অবশিষ্ট ৩০ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে গ্যাটকো গ্রুপের কাছে। আলোচ্য অধিগ্রহণে ওসাইরিসের নিজস্ব বিনিয়োগ কত এবং আন্তর্জাতিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ কীভাবে নির্ধারিত হয়েছে—এসব বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি।
পাঁচ দেশে ইডটকোর ব্যবসার সম্মিলিত এন্টারপ্রাইজ ভ্যালু প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ডলার হলেও এর মধ্যে বাংলাদেশের ব্যবসার মূল্য কত সেটি স্পষ্ট নয়। এন্টারপ্রাইজ ভ্যালু ও ইকুইটি ভ্যালুর মধ্যে পার্থক্য থাকায় ঘোষিত মোট মূল্য থেকে বাংলাদেশের ব্যবসার প্রকৃত শেয়ারমূল্য নির্ধারণের সুযোগ নেই। ফলে বাংলাদেশের টেলিযোগাযোগ অবকাঠামোর এত বড় অংশের মালিকানা পরিবর্তনে প্রকৃত বিনিয়োগমূল্য, অর্থায়নের ধরন ও লেনদেনের বিস্তারিত কাঠামো এখনো অজানা।
আজকের পত্রিকা
দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম ‘মহাসড়ক রক্ষণাবেক্ষণ নীতিমালা: সড়ক ভাঙলে দায় ঠিকাদারের’। প্রতিবেদনে বলা হয়, এক্সপ্রেসওয়ে ও প্রধান জাতীয় মহাসড়ক নির্মাণ বা সংস্কারের পর সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত রক্ষণাবেক্ষণের দায়িত্বও থাকবে ঠিকাদারের। এ সময়ে সড়ক ভাঙলে দায় নিতে হবে ঠিকাদারকে। কাজের মান অনুযায়ী বিল পরিশোধ করতে হবে। ‘মহাসড়ক রক্ষণাবেক্ষণ নীতিমালা, ২০২৬’-এর খসড়ায় এসব প্রস্তাব রয়েছে।
এ ছাড়া খসড়ায় একই সড়কে বারবার সংস্কার এবং শুধু ক্ষতিগ্রস্ত অংশের বদলে পুরো সড়ক সংস্কারের নামে সরকারি অর্থের অপচয় ঠেকাতে সড়কের কোথায়, কখন, কী কাজ হয়েছে, কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং কাজের অগ্রগতি কতটুকু, তা ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের প্রস্তাবও রয়েছে। এতে একই সড়কে পুনরায় বরাদ্দ হচ্ছে কি না, তা যাচাই করা যাবে।
খসড়াটি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। জানতে চাইলে ওই বিভাগের একজন অতিরিক্ত সচিব বলেন, নীতিমালার খসড়া তৈরি করে বর্তমানে খসড়ার ওপর সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়া হচ্ছে। এই নীতিমালা কার্যকর হলে সড়ক রক্ষণাবেক্ষণের পরিকল্পনা, বরাদ্দ ও ঠিকাদার নিয়োগের প্রচলিত ব্যবস্থায় পরিবর্তন আসবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সূত্র জানায়, রক্ষণাবেক্ষণের কার্যকর নীতিমালা না থাকায় একই মহাসড়কের একই অংশে কয়েক বছর পরপর সংস্কারকাজ করা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে একটি কাজ শেষ হওয়ার কিছুদিনের মধ্যে আবার সংস্কারের প্রয়োজন দেখা দিচ্ছে। কোথাও সড়কের সামান্য অংশ ক্ষতিগ্রস্ত হলেও পুরো সড়ক সংস্কারের প্রস্তাব দেওয়া হচ্ছে। এতে সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি প্রকৃত ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারও যথাযথ গুরুত্ব পাচ্ছে না। এ জন্য সড়ক রক্ষণাবেক্ষণের প্রচলিত ব্যবস্থায় পরিবর্তন আনতে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।
সার্বিক বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, মহাসড়ক রক্ষণাবেক্ষণ নীতিমালার খসড়াটি এখন মন্ত্রণালয়ে রয়েছে। একটি নীতিমালা তৈরির ক্ষেত্রে অনেক বিষয় বিচার-বিবেচনা করতে হয়। এ জন্য আরও কিছু বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় সংযোজন ও সংশোধন করা হচ্ছে। নীতিমালাটি এখনো চূড়ান্ত হয়নি।
দেশ রূপান্তর
‘শ্রমিকরা তবুও রাজপথে’—এটি দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, সরকার দ্রুততম সময়ে পোশাক খাতের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিক ও শ্রমিকপক্ষের ঐকমত্যের ভিত্তিতে বর্ধিত নতুন বেতন কাঠামোর খসড়া ঘোষণা করেছে। এই ঘোষণা অনুযায়ী, ২০২৩ সালের পর তিন বছরের মাথায় চারটি পৃথক গ্রেডে পোশাকশিল্প শ্রমিকদের বেতন ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বাড়ানো হলো। গত সোমবার থেকে দফায় দফায় দীর্ঘ আলোচনা, দর-কষাকষি এবং সর্বশেষ বুধবার মধ্যরাতের পর বৈঠকে গোপন ভোট নেওয়ার পর মাসিক ১৭ হাজার টাকা নিম্নতম মজুরি ঘোষণা করেছেন বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। এদিকে, বর্ধিত নতুন মজুরি কাঠামোর খসড়া ঘোষণা করা হলেও শ্রমিক অসন্তোষ থামেনি। গতকাল সকাল থেকেই সাভার ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকরা কাজ ছেড়ে সড়ক অবরোধ ও কারখানা ভাঙচুর করেছেন। এ পরিপ্রেক্ষিতে নতুন করে কিছু কারখানা বন্ধ ও ছুটি ঘোষণা করার খবর পাওয়া গেছে। তবে, ঢাকা, নারায়ণগঞ্জসহ আশুলিয়া এমনকি গাজীপুরেরও বেশিরভাগ কারখানায় শ্রমিকরা কাজে ফিরে গেছেন বলে জানা গেছে।
পোশাক খাতের দুটি ট্রেড ইউনিয়নের প্রতিনিধি দেশ রূপান্তরকে বলেছেন, বিদ্যমান বাজারদর ও জীবনযাপনের ব্যয় বিবেচনায় নিয়ে ঘোষিত মজুরির হার পুনর্বিবেচনা করতে। তাদের মধ্যে একজন বলেছেন, দ্রুততম সময়ে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করায় সরকারের সদিচ্ছা প্রকাশ পেয়েছে এবং এই প্রথমবারের মতো মালিক-শ্রমিক ও সরকারপক্ষ বসে ঐকমত্যের ভিত্তিতে একটি মজুরি কাঠামো দেওয়ার প্রচেষ্টা আমরা দেখেছি। তবে তারা দুজনই দাবি করেছেন, বর্ধিত ন্যূনতম মজুরি ঘোষণার পরও বিভিন্ন স্থানে পোশাকশ্রমিকদের আন্দোলনে সহিংসতা সৃষ্টিতে শ্রমিকরা জড়িত নন। তৃতীয় কোনো পক্ষ শ্রমিকদের স্বতঃস্ফূর্ত আন্দোলনে অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ নিতে চেষ্টা করে থাকতে পারে বলে দুই ট্রেড ইউনিয়ন প্রতিনিধির উভয়েই দাবি করেন।
মালিকপক্ষ দাবি করেছে, মজুরি নির্ধারণ করতে হলে বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতায় পোশাকশিল্পের বর্তমান উৎপাদন সক্ষমতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং বৈশ্বিক প্রতিযোগিতার বাস্তবতাকেও বিবেচনায় নিতে হবে। ভিয়েতনাম বা অন্যান্য প্রতিযোগী দেশের মতো পর্যাপ্ত নীতিসহায়তা আমরা পাই না। তারপরও যে সিদ্ধান্ত হয়েছে, তা বাস্তবায়নে শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত করা হবে।
পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মাসিক মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকা করার প্রস্তাব দিয়েছিল সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি)। ঘোষিত ন্যূনতম মজুরি তাদের সর্বনিম্ন প্রস্তাবের চেয়েও ১ হাজার ৫৭৮ টাকা কম। এ প্রসঙ্গে মন্তব্য জানতে চাইলে সিপিডির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ গতকাল সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, এই মজুরি ঘোষণার পর মালিক-শ্রমিক কেউই খুশি হননি। তাহলে মাত্র ২৫ দিনের মাথায় তড়িঘড়ি করে এটা কেন করা হলো? ২০০৬ সালের শ্রম আইনে স্পষ্ট বলা আছে, মজুরি নির্ধারণে অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিতে হবে। সেখানে ১১টি সূচকের কথা উল্লেখ আছে। মজুরি বোর্ড ওই সূচকগুলোর তথ্য খতিয়ে দেখে নিজস্ব পর্যবেক্ষণ শেষে একটি গ্রহণযোগ্য সুপারিশ করবে। শ্রমিক-মালিক, শিল্প ও দেশের স্বার্থ সুরক্ষায় বোর্ডসভায় দর-কষাকষি হবে তথ্য-উপাত্তের ভিত্তিতে। কিন্তু এবারে তা হয়নি। ভবিষ্যতে এটি খেয়াল রাখতে হবে।
বাংলাদেশ প্রতিদিন
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম ‘বাড়তি ব্যয় বড় চ্যালেঞ্জ’। প্রতিবেদনে বলা হয়, লাগাতার আন্দোলন বিক্ষোভের মুখে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতে শ্রমিকদের আয় বাড়লেও নতুন মজুরিকাঠামোর বাড়তি ব্যয় সামলানো এখন তৈরি পোশাকশিল্পের জন্য বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে শ্রমিকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানোর বিকল্প দেখছেন না উদ্যোক্তারা। তারা বলছেন, শ্রমিকদের দক্ষতা ৬০ শতাংশে উন্নীত করলে শ্রমব্যয় কমে প্রতিযোগী দেশ ভিয়েতনামের কাছাকাছি আসবে। এতে বিশ্ববাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে।
অর্থনীতিবিদদের পরামর্শ, বাড়তি উৎপাদন খরচ সমন্বয়ে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে দরকষাকষি করে পোশাকের দাম ৪ থেকে ৫ শতাংশ বাড়াতে হবে। শ্রমিক নেতারা চাইছেন নতুন মজুরি দ্রুত বাস্তবায়ন। মজুরি বৃদ্ধির দাবিতে গতমাসে আন্দোলন শুরু করে তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা। শ্রমিকদের দাবির মুখে সরকার গত পহেলা নভেম্বর মজুরি বোর্ড গঠন করে। সরকার, মালিক ও শ্রমিক- সবপক্ষের প্রতিনিধি নিয়ে চার দফা বৈঠক করে মজুরি বোর্ড। সর্বশেষ ২৪ নভেম্বর রাতভর আলোচনার পর অবশেষে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়, যা পহেলা ডিসেম্বর থেকেই কার্যকর হবে।
নতুন মজুরি কাঠামোর ভিত্তিতে বিজিএমইএর তৈরি এক বিশ্লেষণে দেখা গেছে, ১৫ মিনিটের একটি পোশাক তৈরিতে বাংলাদেশের সরাসরি শ্রমব্যয় ৪১ দশমিক ৬ সেন্ট। একই পোশাক তৈরিতে ভিয়েতনামে ব্যয় ৩১ দশমিক ৪ সেন্ট, ভারতে ৩৭ দশমিক ৮ সেন্ট এবং পাকিস্তানে ৩৬ দশমিক ৪ সেন্ট। অন্যদিকে কম্বোডিয়ায় এ ব্যয় ৬২ দশমিক ৪ সেন্ট এবং চীনে ৫৪ দশমিক ২ সেন্ট। তবে উৎপাদন লাইনের দক্ষতা ৪৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশে নেওয়া সম্ভব হলে বাংলাদেশে প্রতি পিস পোশাকের সরাসরি শ্রমব্যয় কমে ৩১ দশমিক ২ সেন্টে নেমে আসবে। তখন ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের শ্রমব্যয়ের ব্যবধান প্রায় থাকবে না।
এনট্রাস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বিজিএমইএর স্ট্যান্ডিং কমিটি অন কমপ্লায়েন্সের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আখতারুজ্জামানের বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে। বিশ্লেষণ অনুযায়ী, বাংলাদেশের পোশাক উৎপাদন লাইনের গড় দক্ষতা ৪৫ শতাংশ। ভারতে ৫৪ শতাংশ, পাকিস্তানে ৫১ দশমিক ৫ শতাংশ, ভিয়েতনামে ৬৫ শতাংশ, কম্বোডিয়ায় ৪৫ শতাংশ এবং চীনে ৭০ শতাংশ। অর্থাৎ মজুরি বৃদ্ধির পাশাপাশি উৎপাদন লাইনের দক্ষতায় পিছিয়ে থাকায় বাংলাদেশের শ্রমব্যয় প্রতিযোগী কয়েকটি দেশের তুলনায় বেশি হচ্ছে।
