পারমাণবিক হামলার হুঁশিয়ারি রাশিয়ার

পারমাণবিক হামলার হুঁশিয়ারি রাশিয়ার

ফন্ট সাইজ:

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মস্কো প্রয়োজনে প্রতিরোধমূলক পারমাণবিক হামলা চালাতে পারে। তার দাবি, ইউক্রেন ও ন্যাটোর মিত্ররা ইতোমধ্যে এমন কিছু সীমা অতিক্রম করেছে, যার ফলে মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনা করতে পারে।
রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান মেদভেদেভ সোমবার মস্কো জার্নাল অব ইন্টারন্যাশনাল ল-এ প্রকাশিত এক নিবন্ধে এ হুঁশিয়ারি দেন।
রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসে প্রকাশিত নিবন্ধের উদ্ধৃতি অনুযায়ী, তিনি বলেন, ‘বিপর্যয় সৃষ্টিকারী অ-পারমাণবিক অস্ত্রের ব্যাপক ব্যবহার রুশ ফেডারেশনের জন্য প্রতিরোধমূলক পারমাণবিক হামলার পথ তৈরি করতে পারে।’

‘রাষ্ট্রের সার্বভৌমত্ব ও পারমাণবিক অস্ত্র: জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার আন্তর্জাতিক আইনি দিক’ শিরোনামে নিবন্ধটি প্রকাশিত হয়েছে।
মেদভেদেভের আশঙ্কা, পশ্চিমা দেশগুলো গোপনে বা আড়ালে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করলে তা রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের কারণ হতে পারে।
নিবন্ধে তিনি লিখেছেন, ‘কিয়েভ ও তার মিত্রদের মনে রাখা উচিত, রুশ ফেডারেশনের শুধু পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকারই নেই, বিভিন্ন পরিস্থিতিতে তা ব্যবহারের বাধ্যবাধকতাও রয়েছে।’
রুশ এই রাজনীতিকের দাবি, ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা এমন পরিস্থিতি তৈরি করেছে, যাতে রাশিয়াকে পারমাণবিক হামলার বিষয়টি বিবেচনা করতে হচ্ছে। তবে এমন কোনো সিদ্ধান্ত নেয়ার আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভাব্য পরিণতি সতর্কতার সঙ্গে বিবেচনা করবেন বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে, রাশিয়ার পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিয়ে জার্মান সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন নতুন উদ্বেগ তৈরি করেছে।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ৬০ দিনের মধ্যে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হতে পারে। এ বিষয়ে পাওয়া গোয়েন্দা তথ্য ন্যাটোভুক্ত দেশগুলোর সঙ্গে ভাগাভাগি করা হয়েছে বলেও জানানো হয়েছে।
জার্মানির সরকারি সম্প্রচারমাধ্যম এনডিআর ও ডব্লিউডিআরের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার পরিকল্পিত স্যাটেলাইটটির নাম ‘স্পুটনিক-এস’। পারমাণবিক অস্ত্রবাহী এই স্যাটেলাইট ব্যবহার করে মহাকাশে থাকা অন্য স্যাটেলাইটগুলোকে অকার্যকর কিংবা ধ্বংস করা সম্ভব হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জার্মান সরকারের একজন মুখপাত্র বলেছেন, প্রতিবেদনগুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেছেন, মহাকাশে যেকোনো হুমকির বিরুদ্ধে জোটটি নিজেদের সুরক্ষা নিশ্চিত করবে বলে জানিয়েছে বিবিসি।
তবে রাশিয়ার বার্লিন দূতাবাস এসব প্রতিবেদনকে ‘ভিত্তিহীন অভিযোগ’ বলে প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে এগুলোকে একটি ‘প্রচারণা অভিযানের’ অংশ বলেও দাবি করেছে দূতাবাস।