শেখ হাসিনা এখন কোথায়

এনডিটিভির প্রশ্ন

শেখ হাসিনা এখন কোথায়

ফন্ট সাইজ:

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশের বিজয় দিবসের ৫৫তম বার্ষিকীতে দেশে ফেরার কথা জানিয়েছেন তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। কয়েক সপ্তাহের রাজনৈতিক অস্থিরতা ও গণঅভ্যুত্থানের মুখে তার টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে শেখ হাসিনা ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি নিরাপত্তাবেষ্টিত বাসভবনে রয়েছেন বলে ধারণা করা হয়। তবে তার সুনির্দিষ্ট অবস্থান কখনো প্রকাশ করা হয়নি।
২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজে ভারতের উত্তর প্রদেশের হিন্দন বিমানঘাঁটিতে পৌঁছান শেখ হাসিনা।

ওই বছরের অক্টোবর মাসে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, নয়াদিল্লির লুটিয়েন্স বাংলো জোনে সরকারের দেয়া একটি বাংলোতে অবস্থান করছেন তিনি। রাজধানীর অত্যন্ত সুরক্ষিত এই এলাকায় দেশটির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা বসবাস করেন।
ভারতে অবস্থানকালে শেখ হাসিনার নিরাপত্তায়ও নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। তবে নিরাপত্তাব্যবস্থার বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে। কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, তার নিরাপত্তায় সার্বক্ষণিক কর্মী মোতায়েন রয়েছে। তাদের কেউ কেউ সাধারণ পোশাকে নজরদারি করেন।

ভারতে অবস্থান করলেও বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন শেখ হাসিনা। বিভিন্ন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার, বিবৃতি এবং দূরবর্তী মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেয়ার মধ্য দিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি।
ভারতের সংবাদমাধ্যমগুলোর মধ্যে এনডিটিভি প্রথম দিকেই শেখ হাসিনার একটি একান্ত সাক্ষাৎকার নেয়। জুন মাসে দেয়া ওই সাক্ষাৎকারে তিনি নিশ্চিত করেছিলেন, চলতি বছরই বাংলাদেশে ফিরবেন। একই সঙ্গে তিনি বলেছিলেন, তার দল আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক সংগঠন নয়, বরং একটি ‘শক্তি’।

সাক্ষাৎকারে শেখ হাসিনা আরও বলেন, ‘আমি মৃত্যুকে ভয় পাই না। ১৯৭৫ সালে আমি আমার বাবা-মা, ভাই এবং প্রায় পুরো পরিবারকে হারিয়েছি। ২১ আগস্ট আমাকে গ্রেনেড হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল। আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু ষড়যন্ত্রের সব জাল ছিন্ন করে আমি বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি।’
এর কয়েক মাস পর, ২০২৬ সালের সেপ্টেম্বরে এনডিটিভিকে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে নিজের বিরুদ্ধে বাংলাদেশের দেয়া মৃত্যুদণ্ডের রায়কে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেন শেখ হাসিনা। ফোনে দেয়া ওই সাক্ষাৎকারে আওয়ামী লীগকে পুনর্গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা রাখার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।

এর আগে ২০২৬ সালের আগস্টে নয়াদিল্লিতে দক্ষিণ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে অডিও সংযোগের মাধ্যমে বক্তব্য দেন শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও অনলাইনের মাধ্যমে যুক্ত ছিলেন।