ইসরাইলের ক্ষমতার লড়াইয়ে নাটকীয় মোড়, আইজেনকটের জোটে ফাটল

ইসরাইলের ক্ষমতার লড়াইয়ে নাটকীয় মোড়, আইজেনকটের জোটে ফাটল

ফন্ট সাইজ:

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর প্রচেষ্টায় নতুন সংকটে পড়েছেন দেশটির সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট। তার সঙ্গে সরকার গঠনের আলোচনা স্থগিত করেছে বামপন্থি রাজনৈতিক জোট ডেমোক্রেটস। এতে ইসরাইলের ক্ষমতায় যাওয়ার জন্য আইজেনকটের সম্ভাব্য পথ আরও কঠিন হয়ে উঠেছে।
মঙ্গলবার ডেমোক্রেটসের পক্ষ থেকে আলোচনা স্থগিতের ঘোষণা আসে। তবে একই দিনে আইজেনকটের দল ইয়াশার জানায়, ডানপন্থি দল ইসরাইল আওয়ার হোমের সঙ্গে তারা জোট গঠনের বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। সরকার গঠনের জন্য এই দলটির সমর্থনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো পক্ষই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ইসরাইলের রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। নেতানিয়াহু কিংবা আইজেনকটÑকেউই সরকার গঠনের মতো প্রয়োজনীয় আসন নিশ্চিত করতে পারেননি।
সরকার গঠনের জন্য আইজেনকটকে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় দেয়া হয়েছে। প্রয়োজনে এই সময় আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে।

ঐক্য সরকার গঠনের আলোচনা নিয়ে বামপন্থিদের অসন্তোষ
আইজেনকটের সম্ভাব্য জোটসঙ্গীদের মধ্যে রয়েছেন ডানপন্থি দল ইসরাইল আওয়ার হোমের নেতা আভিগদর লিবারম্যান। তবে লিবারম্যানসহ আইজেনকটের কয়েকজন সম্ভাব্য মিত্র আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে জোট গঠনের বিরোধিতা করেছেন। অথচ সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য এসব দলের সমর্থন গুরুত্বপূর্ণ হতে পারে। এ নিয়ে ক্ষুব্ধ ডেমোক্রেটসের প্রধান ইয়াইর গোলান।
নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ইসরাইলের ২১ শতাংশ আরব সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী দলগুলোর সঙ্গে সমঝোতায় পৌঁছানোর জন্য তিনি আইজেনকটের ওপর চাপ দিয়ে আসছিলেন।

এ ছাড়া নেতানিয়াহুর ডানপন্থি দল লিকুদ এবং উগ্র-অর্থোডক্স দলগুলোর সঙ্গেও আইজেনকটের আলোচনা নিয়ে অসন্তুষ্ট গোলান। এসব দলের সঙ্গে সম্ভাব্য ঐক্য সরকার গঠনের বিষয়টি খতিয়ে দেখছিল আইজেনকটের দল।
ইয়াশারের পক্ষ থেকে বলা হয়েছে, লিকুদ ও উগ্র-অর্থোডক্স দলগুলোর সঙ্গে আলোচনা যতটা সম্ভব বিস্তৃত সরকার গঠনের প্রতি তাদের আন্তরিক অঙ্গীকারের প্রতিফলন। নতুন করে নির্বাচন এড়াতে সব ধরনের সম্ভাবনা যাচাই করতে চায় তারা।
তবে মঙ্গলবার রাতে এক বিবৃতিতে ডেমোক্রেটস জানায়, ইয়াশারের সঙ্গে জোট গঠনের আলোচনা স্থগিত করা হচ্ছে। তাদের বক্তব্য, ‘ঐক্য সরকারের সম্ভাবনাকে আলোচনার টেবিল থেকে সরিয়ে দিতে হবে।’
বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে তারা উদ্বেগের সঙ্গে দেখেছে, লিকুদ ও উগ্র-অর্থোডক্স দলগুলোর সঙ্গে আলোচনা পুরো জোট গঠনের দর-কষাকষিকে প্রভাবিত করছে।
অন্যদিকে, আইজেনকটের ইয়াশার ও লিবারম্যানের ইসরাইল আওয়ার হোম জানিয়েছে, তারা জোট গঠনের বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। গত ৮ নভেম্বর সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর এটিই আইজেনকটের প্রথম জোট চুক্তি।

সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক দূরে দুই পক্ষ
নির্বাচনে আইজেনকটের সম্ভাব্য জোটে থাকা দলগুলো-ডেমোক্রেটস ও ইসরাইল আওয়ার হোমসহÑমোট ৪৮টি আসন পেয়েছে। ইসরাইলের ১২০ সদস্যের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। ফলে সংখ্যাগরিষ্ঠতা পেতে আরও ১৩টি আসন প্রয়োজন তাদের।
এই জোট থেকে কোনো দল সরে গেলে আইজেনকটের সরকার গঠনের পথ আরও জটিল হয়ে উঠবে। অন্যদিকে, নেতানিয়াহুর প্রচলিত জোটে থাকা উগ্র-ডানপন্থি ও উগ্র-অর্থোডক্স দলগুলো পেয়েছে ৫৩টি আসন। তারাও সংখ্যাগরিষ্ঠতা থেকে আট আসন পিছিয়ে রয়েছে।

নির্বাচনে আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে রেকর্ড ১৯টি আসন। নেতানিয়াহু সরকারের বর্ণবাদী নীতির বিরুদ্ধে জনমতের প্রতিফলন হিসেবে এই ফলাফলকে দেখছে দলগুলো।
আরব দলগুলো আইজেনকটকে প্রধানমন্ত্রী পদের জন্য সবচেয়ে উপযুক্ত প্রার্থী হিসেবে সমর্থন জানানোর পরই দেশটির প্রেসিডেন্ট তাকে সরকার গঠনের দায়িত্ব দেন।
আইজেনকট সরকার গঠনে ব্যর্থ হলে পরবর্তী দায়িত্ব পেতে পারেন নেতানিয়াহু। তিনিও ব্যর্থ হলে দেশটিতে আবারও নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে জোট গঠনের আলোচনা চলাকালে এবং নতুন নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।