ইউক্রেনের বিরুদ্ধে ২০২২ সালে শুরু করা যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৪ লাখ ৯০ হাজার ৩৩৪ জন রুশ সেনা নিহত হয়েছেন। রাশিয়ার সরকারি পরিসংখ্যান বিশ্লেষণ করে এমন তথ্য পেয়েছে বিবিসি।
ফাঁস হওয়া এসব নথিতে উঠে এসেছে, ইউক্রেন যুদ্ধ রাশিয়ার মৃত্যুহার ও জনমৃত্যুর ধরনে ব্যাপক পরিবর্তন এনেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে যুদ্ধকে মাত্র কয়েক দিনের অভিযান বলে ধারণা করেছিলেন, তা এখন প্রায় পাঁচ বছরে গড়িয়েছে। এর মূল্য দিতে হয়েছে বিপুলসংখ্যক মানুষের জীবন দিয়ে।
বেলারুশভিত্তিক হ্যাকার গোষ্ঠী সাইবার পার্টিজানস বাই এবং ইউক্রেনের সাইলেন্ট ক্রো রুশ পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের তথ্যভান্ডারে সাইবার হামলা চালিয়ে এসব তথ্য হাতিয়ে নেয়। ২০২১ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যুর রেকর্ড বিবিসি রাশিয়ান বিভাগের হাতে এসেছে।
রাশিয়ার পরিসংখ্যান সংস্থা সাইবার হামলার ঘটনা স্বীকার করলেও কোনো সুরক্ষিত তথ্য ফাঁস হওয়ার কথা অস্বীকার করেছে।
স্বাধীন রুশ সংবাদমাধ্যম মিডিয়াজোনার সঙ্গে যৌথভাবে বিবিসি রাশিয়ান এসব তথ্যের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন উন্মুক্ত সূত্রের ভিত্তিতে তৈরি নিজেদের নিশ্চিত সেনা নিহতের তালিকা মিলিয়ে দেখেছে। এতে প্রায় ৯০ শতাংশ রেকর্ডের সঙ্গে মিল পাওয়া গেছে।
বিবিসির নিজস্ব তালিকায় নিহত রুশ সেনার সংখ্যা ২ লাখ ৯০ হাজার ১২। সরকারি বিবৃতি, সামাজিক যোগাযোগমাধ্যম, নতুন নির্মিত স্মৃতিসৌধ এবং কবরের তথ্য থেকে এই তালিকা তৈরি করা হয়েছে।
সামরিক বিশেষজ্ঞদের ধারণা, তালিকাটি প্রকৃত নিহতের মাত্র ৪৫ থেকে ৫৫ শতাংশের হিসাব তুলে ধরছে। সে হিসাবে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রকৃত সামরিক মৃত্যুর সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ২৯৫ থেকে ৬ লাখ ৪৪ হাজার ৪৭১ জনের মধ্যে হতে পারে।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুদ্ধে নিহত রাশিয়ার ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণদের ৬৫ শতাংশের মৃত্যু হয়েছে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে। ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের ক্ষেত্রে এই হার ৫৯ শতাংশ। শুধু ৪৫ থেকে ৫৪ বছর বয়সীদের ক্ষেত্রে যুদ্ধের চেয়ে হৃদ্রোগ ও রক্তনালির রোগে বেশি মানুষের মৃত্যু হয়েছে।
১০ গ্রাম দখলে প্রাণ গেছে ২০ হাজার রুশ সেনার
যুদ্ধক্ষেত্রে রাশিয়ার ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্রও উঠে এসেছে এসব পরিসংখ্যানে। ইউক্রেনের মাত্র ১০টি গ্রাম দখলের লড়াইয়ে প্রায় ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। যুদ্ধের আগে ওই গ্রামগুলোর সম্মিলিত জনসংখ্যা ছিল মাত্র ১২ হাজার।
এর মধ্যে দোনেৎস্ক অঞ্চলের বাখমুত শহরের দক্ষিণে অবস্থিত আন্দ্রিয়িভকা নামের একটি ছোট গ্রামের নিয়ন্ত্রণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ১২২ জন রুশ সেনা। যুদ্ধ শুরুর আগে গ্রামটির বাসিন্দা ছিলেন মাত্র ৭৪ জন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া আনুষ্ঠানিকভাবে নিজেদের সেনা নিহতের কোনো হিসাব প্রকাশ করেনি। দুই বছর আগে রসস্ট্যাটও বাইরের কারণে মৃত্যুর পরিসংখ্যান প্রকাশ বন্ধ করে দেয়। আগে এই তথ্য ব্যবহার করে যুদ্ধে সামরিক হতাহতের সংখ্যা সম্পর্কে ধারণা পাওয়া যেত।
তবে ফাঁস হওয়া তথ্যেও সব মৃত্যুর হিসাব নেই।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ২০২৬ সালের জুলাইয়ে দেশটির নিহত সেনার সংখ্যা প্রায় ৫০ হাজার বলে জানিয়েছিলেন। তবে ইউক্রেনের বেনামি ওয়েবসাইট ইউএ লসেস উন্মুক্ত সূত্রের ভিত্তিতে নিহত সেনার যে তালিকা তৈরি করেছে, সেখানে এই সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৯৫২।
কীভাবে প্রায় পাঁচ লাখ নিহতের হিসাব পাওয়া গেল
রসস্ট্যাটের ফাঁস হওয়া তথ্যভান্ডারে নিহত ব্যক্তিদের নাম নেই। তবে বয়স, বসবাসের স্থান, মৃত্যুর স্থান এবং মৃত্যুর পরিস্থিতি উল্লেখ রয়েছে।
বিবিসি প্রথমে মৃত্যুর স্থান অনুযায়ী তথ্যগুলো বাছাই করে। এতে ইউক্রেন এবং ইউক্রেনীয় সেনাদের অনুপ্রবেশের শিকার রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলগুলো রাখা হয়।
এরপর বিস্ফোরণ, গোলার আঘাত কিংবা সামরিক অভিযানে ছররা বা গোলার টুকরায় মৃত্যুর মতো যুদ্ধসংশ্লিষ্ট কারণ উল্লেখ থাকা ৪ লাখ ২৫ হাজার ১৭৪টি রেকর্ড শনাক্ত করা হয়।
এ ছাড়া কর্মসংস্থানের তথ্য বিশ্লেষণ করে আরও ১৪ হাজার ৯৩টি মৃত্যু শনাক্ত করা হয়েছে। পাশাপাশি আদালতের রায়ের ভিত্তিতে মৃত ঘোষণা করা হয়েছে, এমন ৫১ হাজার ৬৭টি রেকর্ড পাওয়া গেছে
যুদ্ধে সবচেয়ে বেশি ঝুঁকিতে দরিদ্র অঞ্চলের তরুণেরা
বিবিসি রাশিয়ানের বিশ্লেষণ অনুযায়ী, যুদ্ধের প্রথম বছরে নিহত রুশ সেনাদের গড় বয়স ছিল ৩৪ বছর। ২০২৫ সালে কারাগার থেকে নিয়োগ পাওয়া বন্দি এবং চুক্তিভিত্তিক সেনারা বাহিনীতে যোগ দেয়ার পর নিহতদের গড় বয়স বেড়ে দাঁড়ায় ৪০ বছরে। বিবিসির নিজস্ব তালিকায় এই গড় বয়স ৩৮ বছর।
রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার কয়েকটি দরিদ্র অঞ্চল থেকে যুদ্ধে অংশ নেয়া সেনাদের মৃত্যুর হার তুলনামূলকভাবে অনেক বেশি। তুভা, বুরিয়াতিয়া ও জাবাইকালস্কি ক্রাই অঞ্চলের পুরুষদের যুদ্ধে নিহত হওয়ার আশঙ্কা মস্কো ও সেন্ট পিটার্সবার্গের বাসিন্দাদের তুলনায় ২০ থেকে ২৫ গুণ বেশি।
রসস্ট্যাটের তথ্য অনুযায়ী, রাশিয়ার অধিকাংশ অঞ্চলে মৃত্যুর যে বণ্টন পাওয়া গেছে, বিবিসির নিজস্ব তালিকার সঙ্গে তার পার্থক্য মাত্র কয়েক দশমিক শতাংশ।
রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গিয়ে নিহত বিদেশি নাগরিকের সংখ্যাও কম নয়। ফাঁস হওয়া নথি বিশ্লেষণ করে অন্তত ৫ হাজার ১৭ জন বিদেশির মৃত্যুর তথ্য পেয়েছে বিবিসি। তাদের মধ্যে ১ হাজার ৩১ জন উজবেকিস্তানের এবং ৭২০ জন তাজিকিস্তানের নাগরিক। বেসামরিক নাগরিকদের অন্তর্ভুক্ত হওয়ার আশঙ্কা এড়াতে এই হিসাবে ইউক্রেনীয়দের রাখা হয়নি।
তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। এ ছাড়া ২০২৪ সালে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনীয় বাহিনীর অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে নিহত উত্তর কোরীয় সেনাদেরও এই পরিসংখ্যানে উল্লেখ করা হয়নি।
স্যাটেলাইট চিত্র এবং পিয়ংইয়ংয়ে নতুন নির্মিত একটি স্মৃতিসৌধের সরকারি ছবি বিশ্লেষণ করে বিবিসি ২ হাজার ৩০৪ জন উত্তর কোরীয় সেনার মৃত্যুর তথ্য শনাক্ত করেছে।
ফাঁস হওয়া রুশ পরিসংখ্যান সম্পূর্ণ না হলেও বিবিসির নিজস্ব অনুসন্ধানের সঙ্গে মিলিয়ে দেখলে এর গুরুত্ব স্পষ্ট হয়। যুদ্ধের প্রায় চার বছর ১০ মাসের মাথায় রাশিয়ার এই প্রাণহানির মাত্রা অতীতের আফগানিস্তান যুদ্ধের সঙ্গে তুলনা করলে আরও পরিষ্কার হয়ে ওঠে।
১৯৮৯ সালে শেষ হওয়া সোভিয়েত-আফগানিস্তান যুদ্ধে ১০ বছরে আনুমানিক ১৫ হাজার সোভিয়েত সেনা নিহত হয়েছিলেন। ওই যুদ্ধে বেসামরিক আফগান নাগরিক নিহত হয়েছিলেন আনুমানিক ১০ লাখ।
