অবৈধভাবে উপসচিব পদ ও বাড়ি দখল: হাইকোর্টে রিট খারিজ

ফন্ট সাইজ:

জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব পদ এবং সেই পদমর্যাদায় সরকারি বাড়ি দখলে রাখা নিয়ে খায়রুল বাশারের দায়ের করা দুটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। অবৈধ প্রক্রিয়ায় পদোন্নতি নিয়ে এই সুবিধা ভোগ করছিলেন ওই কর্মকর্তা। বুধবার বিচারপতি মো. তৌফিক ইনাম ও বিচারপতি মো. মাহমুদ হাসানের হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি (ডিসচার্জ) করে এ রায় দেন। রায়ের ফলে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী খায়রুল বাশারকে তার পূর্বের ১০ম গ্রেডের ‘ব্যক্তিগত কর্মকর্তা’ (দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা) পদেই ফিরে যেতে হচ্ছে বলে জানিয়েছে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এদিন, সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, তৎকালীন ক্ষমতাসীন ও ক্ষমতাধর ব্যক্তিদের প্রশ্রয়ে কিংবা ছত্রচ্ছায়ায় অযোগ্যতা সত্ত্বেও তিনি এত বড় একটি উচ্চতর পদ পেয়েছিলেন বা দখল করেছিলেন। যার ভিত্তিতে ওই পদমর্যাদার একটি বাড়িও দখল করেছিলেন। অন্তর্বর্তী সরকার সেই অন্যায় সংশোধন করে খায়রুল বাশারকে তার প্রাপ্য অবস্থানে ফিরিয়ে দিয়েছিল উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, সুশাসনের বৈশিষ্ট্য এমনই হওয়া উচিত।

কিন্তু দীর্ঘদিন আদালতের সুরক্ষায় (প্রোটেকশন) থাকার পর আজ দুটি রিটই খারিজ হয়ে যাওয়ায় তাকে মূল জায়গায় ফিরে যেতে হলো (‘ব্যাক টু দ্য প্যাভিলিয়ন’)।

খায়রুল বাশারকে শুধু আগের পদে ফেরত পাঠানোই যথেষ্ট কি না এবং অবৈধভাবে ভোগ করা সুবিধাদি ফেরত নেয়া বা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রুহুল কুদ্দুস কাজল বলেন, যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী তার যেখানে থাকার কথা, তিনি সেখানেই থাকবেন। তিনি যে অবৈধভাবে উচ্চতর পদে ছিলেন, তা আদালতের রায়ে প্রমাণিত হয়েছে।

এদিকে, মামলার বিস্তারিত তুলে ধরেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল ফয়সাল সিদ্দিকী জানান, খায়রুল বাশার ১৯৯৮ সালে অস্থায়ীভাবে ‘সাঁটমুদ্রাক্ষরিক’ পদে যোগদান করেন এবং ২০০১ সালে একই পদে স্থায়ী হন। পরে ২০১৬ সালে তিনি ১০ম গ্রেডে ‘ব্যক্তিগত কর্মকর্তা’ পদে পদোন্নতি পান। এরপর তাকে অবৈধভাবে ‘কমিটি অফিসার’ করা হয় এবং সেখান থেকে অবৈধভাবে জাতীয় সংসদ সচিবালয়ের ডেপুটি সেক্রেটারি (উপসচিব) করা হয়। উপসচিব হিসেবে তিনি একটি সরকারি বাড়িও দখল করেছিলেন বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল।
তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে এসে উপসচিব হওয়ার প্রক্রিয়াটি অবৈধ বিবেচনায় খায়রুল বাশারকে পুনরায় ব্যক্তিগত কর্মকর্তা পদে ফেরত পাঠানো হয়। ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে তিনি হাই কোর্টে দুটি রিট আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত দুটি রিটই খারিজ করে দিয়েছে।