সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির সার্বভৌম সম্পদ তহবিলের (পিআইএফ) সদর দপ্তর থাকা একটি আকাশচুম্বী ভবনে ফের হামলার ঘটনা ঘটেছে। ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের চালানো এ হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার দেশটির সিভিল ডিফেন্স এ তথ্য জানিয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে সৌদি নাগরিক ছাড়াও ভারত, নেপাল ও মিশরের নাগরিক রয়েছেন।
সৌদি সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, হামলার পরপরই উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি এড়াতে প্রয়োজনীয় জরুরি ব্যবস্থা নেয়া হয়েছে।
তবে হামলায় ভবনটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট এ হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছে। জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
ইয়েমেনে সংঘাত নতুন করে শুরু হওয়ার পর থেকে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হুতিদের হামলার ঘটনা বেড়েছে। দেশটির বিমানবন্দর, তেল অবকাঠামো এবং আর্থিক খাতের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে একাধিকবার হামলা চালিয়েছে গোষ্ঠীটি।
বিশেষ করে সৌদি আরবের অর্থনৈতিক ও জ্বালানি অবকাঠামোতে ধারাবাহিক হামলার ঘটনা দেশটির নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।
