শয়তানকে তিনবার দেখেছেন পোপ ফ্রান্সিস

ডায়েরিতে চাঞ্চল্যকর দাবি

শয়তানকে তিনবার দেখেছেন পোপ ফ্রান্সিস

ফন্ট সাইজ:

মৃত্যুর আগে নিজের ব্যক্তিগত ডায়েরিতে এমন কিছু অভিজ্ঞতার কথা লিখে গেছেন প্রয়াত পোপ ফ্রান্সিস, যা নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। জীবনে তিনবার শয়তানকে দেখেছেন বলে দাবি করেছিলেন তিনি। এমনকি একবার ‘নরকের দরজা’ দেখার কথাও লিখেছেন ক্যাথলিক চার্চের সাবেক এই প্রধান।
মঙ্গলবার প্রকাশিত দ্য প্রাইভেট ডায়েরি অব পোপ ফ্রান্সিস বইয়ে তার ব্যক্তিগত ডায়েরির এসব তথ্য উঠে এসেছে।

১৯৯২ থেকে ২০২৪ সাল পর্যন্ত লেখা ডায়েরিতে ২০২১ সালের একটি নোটে শয়তানকে দেখার তিনটি অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন তিনি। প্রথমবার একটি গাড়ি থেকে, দ্বিতীয়বার প্রার্থনার সময় গির্জার গ্যালারিতে এবং তৃতীয়বার ভ্যাটিকানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় শয়তানকে দেখেছিলেন বলে দাবি করেন ফ্রান্সিস।

একটি অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি লিখেছেন, ‘তার কণ্ঠের সেই তীব্র কর্কশ স্বর আমি ভুলতে পারি না।’ নিজের দেখা অবয়বের চোখের ভয়ংকর দৃষ্টির কথাও লিখেছেন তিনি।

দ্বিতীয়বারের অভিজ্ঞতা সম্পর্কে তার বর্ণনা, ‘সে আমার দিকে জ্বলন্ত চোখে তাকিয়েছিল। আগেরবারের চেয়েও বেশি তীব্র ছিল সেই দৃষ্টি। চোখগুলো যেন আগুনের ঝলকানি।’

ফ্রান্সিসের দাবি অনুযায়ী, বুয়েনস আয়ার্সের আর্চবিশপ থাকাকালে একটি কারমেলাইট চ্যাপেলে এই অভিজ্ঞতা হয়েছিল তার।
তিনি লিখেছেন, শয়তানের উপস্থিতি তার বিভিন্ন সফরেও যেন পিছু নিয়েছিল। বিশেষ করে ২০১৮ সালে চিলি সফরের সময় এবং রোমে ফেরার কয়েক দিন পর এক বৈঠকে এমন অভিজ্ঞতা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
‘আমি তাকে দেখেছি এবং তার কণ্ঠ শুনেছি। সে ছিল বিজয়ীর মতো, যেন সবকিছুর ওপর তার নিয়ন্ত্রণ’, লিখেছেন ফ্রান্সিস। তবে তার ভাষ্য, ‘প্রভু আমাকে এসব সাক্ষাৎ থেকে মুক্ত হওয়ার সুযোগ দিয়েছেন।’

দেখেছিলেন ‘নরকের দরজা’

ডায়েরিতে আরও চমকপ্রদ একটি অভিজ্ঞতার কথা লিখেছেন ফ্রান্সিস। ২০১৮ সালের জুনে ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নেয়ার সময় ‘নরকের দরজা’ দেখেছিলেন বলে দাবি করেন তিনি।

তিনি লিখেছেন, ‘আমি কিছুক্ষণ তাকিয়ে ছিলাম, আর এতে ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিলাম।’ এরপর আত্মরক্ষার অস্ত্র হিসেবে হাতে তুলে নিয়েছিলেন জপমালা বা রোজারি।

ফ্রান্সিসের ভাষায়, ‘নরকের দরজার কাছে যাওয়া বিপজ্জনক। কারণ সেখান থেকে আগুনের শিখা বেরিয়ে এসে পুড়িয়ে দিতে পারে।’

চিলির ঘটনা নিয়ে অনুশোচনা

ডায়েরিতে ২০১৮ সালে চিলি সফর নিয়েও অনুশোচনা প্রকাশ করেছেন ফ্রান্সিস। সে সময় এক ধর্মযাজকের বিরুদ্ধে যৌন নিপীড়নের ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগ ওঠে। কিন্তু অভিযুক্ত বিশপের পক্ষ নেয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

পরে নিজের অবস্থানের জন্য ক্ষমা চান পোপ। চিলির সব বিশপকে রোমে তলব করেন। সেখানে তারা সবাই পদত্যাগের প্রস্তাব দেন।
২০২১ সালের একটি নোটে ফ্রান্সিস লিখেন, ‘চিলির পরিস্থিতি আমাকে বিধ্বস্ত করেছিল। সেখানে কী ঘটেছিল, তা মেনে নেয়া আমার জন্য কঠিন ছিল। আমি বুঝতে পারিনি পরিস্থিতি এতটা গুরুতর।’

ভ্যাটিকানের ধর্মবিশ্বাসবিষয়ক দপ্তরের প্রধান কার্ডিনাল ভিক্টর ফার্নান্দেজ, যিনি ফ্রান্সিসের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, ডায়েরিগুলো সম্পাদনা করেছেন। ১৯৬০-এর দশকের পর এই প্রথম কোনো পোপের ব্যক্তিগত ডায়েরি জনসমক্ষে প্রকাশিত হলো।

২০১৩ সালে ক্যাথলিক চার্চের পোপ নির্বাচিত হয়েছিলেন ফ্রান্সিস। ২০২৫ সালের এপ্রিলে ৮৮ বছর বয়সে তার মৃত্যু হয়। ডায়েরিতে লেখা এসব অভিজ্ঞতা তার ব্যক্তিগত উপলব্ধি ও দাবি হিসেবে উঠে এসেছে।