ক্রিকেটের গণ্ডি পেরিয়ে স্পোর্টস ইকোনমি গড়ার পরিকল্পনা

ক্রিকেটের গণ্ডি পেরিয়ে স্পোর্টস ইকোনমি গড়ার পরিকল্পনা

ফন্ট সাইজ:

জয়-পরাজয়, পদক কিংবা বিনোদনের জন্যেই কেবল খেলা নয়। একটি ক্রিকেট ম্যাচ, ফুটবল টুর্নামেন্ট কিংবা আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের সঙ্গে জড়িয়ে আছে সম্প্রচার, বিজ্ঞাপন, স্পনসরশিপ, পর্যটন, হোটেল-রেস্তোরাঁ, পরিবহণ, ক্রীড়াসামগ্রী উৎপাদন, প্রযুক্তি ও কর্মসংস্থানের বিশাল বাজার। বিশ্বের অনেক দেশ খেলাধুলাকে এভাবেই একটি শক্তিশালী অর্থনৈতিক খাতে পরিণত করেছে। বাংলাদেশেও এবার সেই সম্ভাবনাকে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতির পরিকল্পনায় খেলাধুলাকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। লক্ষ্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্যের পাশাপাশি খেলাধুলাকে পেশা, বিনিয়োগ ও আয়ের উৎসে পরিণত করা।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সৃজনশীল অর্থনীতির সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি খেলাধুলার অর্থনৈতিক গুরুত্বের কথা বলেছেন। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায়ও ক্রীড়াকে একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক খাত হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা, তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ এবং ক্রীড়া অবকাঠামো সম্প্রসারণের কথা জানিয়ে আসছেন।

খেলাধুলার অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরে বিশ্লেষণ করছেন বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের (বিএসএসএফ) সাধারণ সম্পাদক, সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইকোনমিক রিসার্চ (সিএসইআর)-এর চেয়ারম্যান এবং ল্যাবএইড হাসপাতাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম। তার বিশ্লেষণে উঠে এসেছে, বাংলাদেশের ক্রীড়ার প্রতি মানুষের বিপুল আগ্রহ থাকলেও সেটিকে এখনো সুসংগঠিত বাণিজ্যিক কাঠামোয় রূপ দেওয়া যায়নি। অথচ ক্রীড়াকে কেন্দ্র করে সম্প্রচারস্বত্ব, বিজ্ঞাপন, স্পনসরশিপ, ক্রীড়াসামগ্রী, প্রযুক্তি, পর্যটন ও স্বাস্থ্যসেবার বড় বাজার তৈরির সুযোগ রয়েছে। তিনি বলেন, বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠী, ক্রিকেট-ফুটবলে দর্শকদের আগ্রহ এবং নারী ফুটবলসহ বিভিন্ন খেলায় সাম্প্রতিক সাফল্যকে কাজে লাগানো গেলে ক্রীড়াকে ঘিরে বড় অর্থনৈতিক বাজার তৈরি করা সম্ভব। এ ক্ষেত্রে ক্রিকেটের বাণিজ্যিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ফুটবল, শুটিং, আর্চারি ও অন্যান্য খেলায় পরিকল্পিত বিনিয়োগ করতে হবে।
সরকারের অর্থনৈতিক পরিকল্পনায় ক্রিয়েটিভ ইকোনমি এখন একটি গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় সৃজনশীল অর্থনীতি, স্পোর্টস ইকোনমি, গ্রিন ইকোনমি ও ব্লু ইকোনমিকে ভবিষ্যৎ আয়ের সম্ভাবনাময় খাত হিসেবে উল্লেখ করেন। এসব খাতকে জাতীয় অর্থনীতির মূলধারায় নিয়ে আসার উদ্যোগের কথাও জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, সরকার সৃজনশীল অর্থনীতিকে কর্মসংস্থান, উদ্যোক্তা তৈরি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ উৎস হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

একই সঙ্গে খেলাধুলাকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতে পরিণত করা হবে, যাতে এটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি ও মর্যাদা বাড়ায় এবং জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। অর্থমন্ত্রীর এই বক্তব্যের মধ্য দিয়ে সরকারের ক্রীড়াবিষয়ক অর্থনৈতিক দর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক স্পষ্ট হয়েছে। তিনি বলেন, এ খাতের অবদান দেশের জিডিপির ২ থেকে ৩ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে সরকারের। ক্রীড়াকে বিনোদনের উৎস হিসেবে দেখার পাশাপাশি ইভেন্ট, গণমাধ্যম, মার্চেন্ডাইজিং, পর্যটন ও সেবার সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক খাত হিসেবে গড়ে তোলা হবে। নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির মাধ্যমে ১২ থেকে ১৪ বছর বয়সি প্রতিভাবান খেলোয়াড়দের বৃত্তি দেওয়ার উদ্যোগও নেয়া হয়েছে।
খেলাধুলার অর্থনৈতিক বিকাশের অন্যতম শর্ত হচ্ছে খেলোয়াড়দের জন্য পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা। এ লক্ষ্য সামনে রেখে কাজ করার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে নতুন কুঁড়ি কর্মসূচিসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। স্কুল ও কলেজ পর্যায়েও ক্রীড়া প্রতিযোগিতা চালুর উদ্যোগ রয়েছে। নতুন কুঁড়ি কর্মসূচির মাধ্যমে সম্ভাবনাময় খেলোয়াড়দের চিহ্নিত করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রশিক্ষণ, শিক্ষা ও দীর্ঘমেয়াদি সহায়তা দেওয়া হবে। আগামী পাঁচ বছরের মধ্যে অলিম্পিক, কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসে পদক জয়ের মতো সক্ষমতা অর্জনের আশাও প্রকাশ করেন তিনি। প্রতিমন্ত্রীর এসব বক্তব্যে খেলাধুলার দুটি দিক গুরুত্ব পেয়েছে। প্রথমত, তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি। দ্বিতীয়ত, খেলাধুলাকে এমন একটি পেশায় রূপান্তর করা, যেখানে একজন খেলোয়াড় নিজের দক্ষতার মাধ্যমে জীবিকা নির্বাহ করতে পারবেন। এ ছাড়া দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে খেলার মাঠ এবং প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য ২ হাজার ৫৮৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এটি এ মন্ত্রণালয়ের জন্য রেকর্ড বরাদ্দ। তবে আগের অর্থবছরে মূল বরাদ্দ ২ হাজার ৪২৩ কোটি টাকা থেকে সংশোধিত বাজেটে কমে ১ হাজার ৮০৪ কোটি টাকায় নেমেছিল। ফলে নতুন বরাদ্দের পাশাপাশি অর্থের কার্যকর ব্যবহার, প্রশিক্ষণ ও অবকাঠামোর রক্ষণাবেক্ষণ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।

খেলাধুলার অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরে বিশ্লেষণ করছেন সাকিফ শামীম। তিনি বলেন, খেলাধুলাকে কেবল বিনোদন বা প্রতিযোগিতা হিসেবে দেখার সময় শেষ হয়েছে। আধুনিক বিশ্বে এটি একটি সম্ভাবনাময় অর্থনৈতিক খাত। এ খাতে বিনিয়োগ হলে খেলোয়াড় তৈরির পাশাপাশি কোচ, ফিজিওথেরাপিস্ট, স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ, ইভেন্ট ব্যবস্থাপক, ক্রীড়া সাংবাদিক, ডিজিটাল কনটেন্ট নির্মাতা, সম্প্রচারকর্মী ও প্রযুক্তিবিদদের কর্মসংস্থান তৈরি হয়। তিনি তার বিশ্লেষণধর্মী লেখায় উল্লেখ করেছেন, বাজারসংশ্লিষ্টদের প্রাথমিক হিসাবে বাংলাদেশের ক্রীড়া অর্থনীতির বার্ষিক আকার ৫ হাজার থেকে ৭ হাজার কোটি টাকা হতে পারে। পরিকল্পিত বিনিয়োগ ও বাণিজ্যিক কাঠামো গড়ে তুলতে পারলে আগামী কয়েক বছরে এ বাজার ১০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেশের ক্রীড়া অর্থনীতির প্রকৃত আকার নির্ধারণে এখনো সমন্বিত সরকারি পরিসংখ্যান নেই। ফলে এসব হিসাবকে প্রাথমিক বাজার-অনুমান হিসেবেই বিবেচনা করতে হবে। বিশ্ব অর্থনীতির উদাহরণ দিয়ে তিনি দেখিয়েছেন, ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৩-২৪ মৌসুমে যুক্তরাজ্যের অর্থনীতিতে মূল্য সংযোজন হয়েছে ৯.৮ বিলিয়ন পাউন্ড। এ খাত থেকে কর এসেছে ৪.৪ বিলিয়ন পাউন্ড এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১ লাখ ৪ হাজার ৫০০ কর্মসংস্থান সমর্থিত হয়েছে। একই সময়ে ১১ লাখ বিদেশি দর্শক খেলা দেখতে গিয়ে দেশটিতে প্রায় ৯০৩ মিলিয়ন পাউন্ড ব্যয় করেছেন। সাকিফ শামীমের বিশ্লেষণে বিশেষ গুরুত্ব পেয়েছে শুটিং। তার মতে, বাংলাদেশের প্রথম অলিম্পিক পদক অর্জনের সম্ভাবনা বিবেচনায় শুটিংকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। ২০১০ সালের সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশের শুটার শারমিন আখতার রত্নার স্বর্ণপদক জয় এ খেলার সক্ষমতার প্রমাণ। তবে আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক সাফল্যের জন্য আধুনিক সরঞ্জাম, দক্ষ বিদেশি ও দেশীয় কোচ, উন্নত প্রশিক্ষণকেন্দ্র, ক্রীড়া বিজ্ঞান এবং নিয়মিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
বিশ্লেষকদের মতে, সরকারের ক্রিয়েটিভ ইকোনমি পরিকল্পনায় খেলাধুলাকে যুক্ত করার মধ্য দিয়ে একটি নতুন অর্থনৈতিক সম্ভাবনার ক্ষেত্র তৈরি হয়েছে। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে নীতিগত পরিকল্পনা ও বাস্তবায়নের মধ্যে সমন্বয় থাকতে হবে।

প্রথমত, জাতীয় পর্যায়ে ক্রীড়া অর্থনীতির প্রকৃত আকার নির্ধারণ করতে হবে। ক্রীড়াসামগ্রীর উৎপাদন ও বিপণন, টিকিট বিক্রি, সম্প্রচার, বিজ্ঞাপন, পর্যটন, প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট সেবার অর্থনৈতিক অবদান পরিমাপের ব্যবস্থা প্রয়োজন। দ্বিতীয়ত, জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলোর পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে। অ্যাডহক কমিটির পরিবর্তে নিয়মতান্ত্রিক নেতৃত্ব ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রতিষ্ঠা জরুরি।

তৃতীয়ত, সরকারি বিনিয়োগের পাশাপাশি করপোরেট খাতকে দীর্ঘমেয়াদি অংশীদার করতে হবে। আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন, ক্রীড়া পর্যটন, সম্প্রচারস্বত্ব ও ডিজিটাল কনটেন্টের বাজার সম্প্রসারণ করতে হবে। চতুর্থত, ক্রীড়া কূটনীতিকে গুরুত্ব দিতে হবে। আন্তর্জাতিক ফেডারেশনগুলোতে বাংলাদেশের প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং বিদেশি দল, কোচ ও প্রশিক্ষকদের সঙ্গে সহযোগিতা বাড়ানো প্রয়োজন। সব মিলিয়ে সরকারের ক্রিয়েটিভ ইকোনমি ভাবনার সঙ্গে ক্রীড়ার অর্থনৈতিক সম্ভাবনা যুক্ত হওয়ায় নতুন একটি ক্ষেত্র উন্মোচিত হয়েছে। তবে ক্রীড়াকে অর্থনীতির শক্তিতে পরিণত করতে শুধু বাজেট বরাদ্দ কিংবা অবকাঠামো নির্মাণ যথেষ্ট নয়। প্রয়োজন দক্ষ ব্যবস্থাপনা, বেসরকারি বিনিয়োগ, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযোগ এবং খেলোয়াড়দের পেশাগত নিরাপত্তা।

সিএসইআর এর বিশ্লেষণ

”বাংলাদেশ কি গড়ে তুলতে পারবে শক্তিশালী স্পোর্টস ইকোনমি” শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইকোনমিক রিসার্চ (সিএসইআর)। ঐ প্রতিবেদনে বলা হয়, ক্রীড়া একটি জাতির পরিচয়, আত্মবিশ্বাস ও আন্তর্জাতিক মর্যাদার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। কিন্তু আধুনিক বিশ্বে ক্রীড়ার গুরুত্ব এর চেয়েও অনেক বিস্তৃত। এটি এখন একটি সম্ভাবনাময় অর্থনৈতিক খাত, যেখানে বিনিয়োগ, কর্মসংস্থান, পর্যটন, গণমাধ্যম, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, অবকাঠামো এবং আন্তর্জাতিক বাণিজ্যের অসংখ্য সুযোগ তৈরি হচ্ছে। বিশ্বের অনেক দেশ ক্রীড়াকে আর নিছক বিনোদন বা প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ রাখেনি; বরং জাতীয় অর্থনীতির একটি কার্যকর চালিকাশক্তি হিসেবে গড়ে তুলেছে। অথচ বাংলাদেশে ক্রীড়ার প্রতি মানুষের বিপুল আগ্রহ ও আবেগ থাকা সত্ত্বেও সেই আগ্রহকে একটি সুসংগঠিত অর্থনৈতিক ব্যবস্থায় রূপান্তর করার উদ্যোগ এখনো সীমিত। আমাদের মাঠ আছে, প্রতিভা আছে, দর্শক আছে, এমনকি আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের দৃষ্টান্তও আছে। কিন্তু ক্রীড়াকে ঘিরে একটি টেকসই বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে আমরা এখনো অনেক পিছিয়ে। সময় এসেছে ক্রীড়াকে জাতীয় উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচনা করার। সিএসইআর এর চেয়ারম্যান সাকিফ শামীম কয়েকটি উদাহরণ দিয়ে ওই প্রতিবেদনে জানান, বিশ্ব অর্থনৈতিক ফোরামের ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক ক্রীড়া অর্থনীতির আকার ২০২৫ সালে প্রায় ২ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যা বৈশ্বিক জিডিপির প্রায় ২ শতাংশ। পূর্বাভাস বলছে, ২০৩০ সালে এই বাজারের আকার ৩ দশমিক ৭ ট্রিলিয়ন এবং ২০৫০ সালে ৮ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এর মধ্যে ক্রীড়াসামগ্রীর বাজারের আকারই প্রায় ৬১৪ বিলিয়ন ডলার। অর্থাৎ ক্রীড়ার অর্থনীতি এখন আর মাঠের ভেতরের প্রতিযোগিতায় সীমাবদ্ধ নেই; এর সঙ্গে যুক্ত হয়েছে বিশাল উৎপাদন, বিপণন, সম্প্রচার, প্রযুক্তি ও সেবাভিত্তিক বাজার।

অবশ্য বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের হিসাবের পদ্ধতি ও সংজ্ঞায় পার্থক্য রয়েছে। কোনো গবেষণায় সম্প্রচার, বিজ্ঞাপন ও স্পনসরশিপকে গুরুত্ব দেওয়া হয়, আবার কোনো গবেষণায় ক্রীড়া পর্যটন, সরঞ্জাম, অবকাঠামো ও সংশ্লিষ্ট সেবাকেও অন্তর্ভুক্ত করা হয়। তবে হিসাবের পদ্ধতিতে পার্থক্য থাকলেও একটি বিষয়ে মতভেদ নেই: বিশ্ব অর্থনীতিতে ক্রীড়ার বাণিজ্যিক গুরুত্ব দ্রুত বাড়ছে।
ইংলিশ প্রিমিয়ার লিগ এর একটি উল্লেখযোগ্য উদাহরণ। ইওয়াইয়ের গবেষণা অনুযায়ী, ২০২৩-২৪ মৌসুমে প্রিমিয়ার লিগ ও এর ক্লাবগুলো যুক্তরাজ্যের অর্থনীতিতে ৯ দশমিক ৮ বিলিয়ন পাউন্ডের মূল্য সংযোজন করেছে। এ খাত থেকে কর আদায় হয়েছে ৪ দশমিক ৪ বিলিয়ন পাউন্ড এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১ লাখ ৪ হাজার ৫০০ কর্মসংস্থান সমর্থিত হয়েছে। একই মৌসুমে ১১ লাখ বিদেশি দর্শক প্রিমিয়ার লিগের খেলা দেখতে যুক্তরাজ্যে গিয়ে প্রায় ৯০৩ মিলিয়ন পাউন্ড ব্যয় করেছেন। ১৯৯৮-৯৯ মৌসুমের তুলনায় এই অর্থনৈতিক অবদান বেড়েছে প্রায় ১৪ গুণ।

এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একটি পেশাদার ফুটবল লিগ কীভাবে একটি দেশের অর্থনীতির বহু খাতকে একসঙ্গে সক্রিয় করতে পারে। দর্শক মাঠে আসছেন, হোটেলে থাকছেন, পরিবহন ব্যবহার করছেন, রেস্তোরাঁয় খাচ্ছেন, পণ্য কিনছেন। একই সঙ্গে সম্প্রচারস্বত্ব, বিজ্ঞাপন, স্পনসরশিপ ও আন্তর্জাতিক বিপণনের মাধ্যমে বিপুল রাজস্ব তৈরি হচ্ছে। অর্থাৎ একটি ক্রীড়া প্রতিযোগিতা কার্যত একটি বৃহৎ অর্থনৈতিক ইকোসিস্টেমে পরিণত হয়েছে।

বাংলাদেশের ক্রীড়া অর্থনীতির প্রকৃত আকার কত, তা নির্ভরযোগ্যভাবে নির্ধারণ করার মতো কোনো সমন্বিত সরকারি পরিসংখ্যান এখনো নেই। দেশের জিডিপিতে ক্রীড়ার অবদান আলাদাভাবে পরিমাপ করা হয় না। ক্রীড়াসামগ্রীর উৎপাদন ও বিক্রি, স্টেডিয়াম নির্মাণ, টিকিট বিক্রি, সম্প্রচার, বিজ্ঞাপন, প্রশিক্ষণ, ফিটনেস সেবা এবং ক্রীড়া পর্যটনের অর্থনৈতিক কার্যক্রম বিভিন্ন খাতের মধ্যে ছড়িয়ে রয়েছে।
বিসিবি সভাপতি তামিম ইকবাল গত আগস্টে প্রকাশ্যে জানিয়েছেন, সর্বশেষ দুই আসরে বিপিএল থেকে বোর্ডের প্রায় ৪০ কোটি টাকা লোকসান হয়েছে। বোর্ড লাভজনক অবস্থানে না যাওয়া পর্যন্ত প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে তাড়াহুড়ো না করার অবস্থানও তিনি তুলে ধরেছেন। আমার বিবেচনায়, এই অবস্থানের পেছনে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক যুক্তি রয়েছে। কোনো ক্রীড়া আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখতে হলে তার আর্থিক ভিত্তি শক্তিশালী হতে হবে। কেবল আয়োজনের সংখ্যা বাড়িয়ে দীর্ঘমেয়াদি সাফল্য অর্জন সম্ভব নয়। বিপিএলের জন্য প্রয়োজন স্বচ্ছ ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাপনা, রাজস্ব ভাগাভাগির কার্যকর নীতি, সম্প্রচারস্বত্বের যথাযথ মূল্যায়ন, স্পনসরশিপের দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং পেশাদার টুর্নামেন্ট পরিচালনা। পাশাপাশি দর্শকদের জন্য উন্নত মাঠের অভিজ্ঞতা, ডিজিটাল টিকিটিং, আন্তর্জাতিক বিপণন এবং মার্চেন্ডাইজিংয়ের সুযোগ বাড়াতে হবে। ক্রিকেটের বাণিজ্যিক সাফল্যকে অন্য খেলাগুলোর জন্যও একটি কার্যকর মডেল হিসেবে কাজে লাগানো সম্ভব। ক্রীড়া অর্থনীতির বিকাশে সরকারের সাম্প্রতিক উদ্যোগগুলো আশাব্যঞ্জক। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য ২ হাজার ৫৮৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা এ মন্ত্রণালয়ের জন্য রেকর্ড। বাজেট বক্তৃতায় ক্রীড়াকে বিনোদনের গণ্ডি থেকে বের করে ইভেন্ট ব্যবস্থাপনা, গণমাধ্যম, মার্চেন্ডাইজিং, পর্যটন ও সেবার সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক খাত হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা বলা হয়েছে।
বাংলাদেশের ক্ষেত্রেও ক্রীড়া কূটনীতির সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন, বিদেশি দলের সফর, কোচ ও খেলোয়াড় বিনিময়, আন্তর্জাতিক ফেডারেশনের সঙ্গে সম্পর্ক এবং ক্রীড়া অবকাঠামো ব্যবহারের মাধ্যমে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি শক্তিশালী করা সম্ভব।
বাংলাদেশের ক্রীড়া অর্থনীতিকে একটি শক্তিশালী অবস্থানে নিতে হলে কয়েকটি নীতিগত উদ্যোগকে অগ্রাধিকার দিতে হবে।

প্রথমত, জাতীয় পর্যায়ে ক্রীড়া অর্থনীতির প্রকৃত আকার নির্ধারণ করতে হবে। ক্রীড়া স্যাটেলাইট অ্যাকাউন্ট কিংবা সমন্বিত জরিপের মাধ্যমে বিনিয়োগ, আয়, কর্মসংস্থান, উৎপাদন ও সেবার পরিমাণ পরিমাপ করা প্রয়োজন। এর ভিত্তিতে পাঁচ ও দশ বছর মেয়াদি ক্রীড়া অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে।
দ্বিতীয়ত, ক্রীড়া ফেডারেশনগুলোর পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাদার ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। ফেডারেশনগুলোকে নিয়মিত প্রতিযোগিতা আয়োজন, প্রতিভা বিকাশ, আর্থিক প্রতিবেদন প্রকাশ এবং আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে হবে। অ্যাডহক ব্যবস্থার পরিবর্তে নিয়মতান্ত্রিক ও ধারাবাহিক নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি।

তৃতীয়ত, ক্রিকেটের বাইরে ফুটবল, শুটিং, আর্চারি ও অন্যান্য সম্ভাবনাময় খেলায় দীর্ঘমেয়াদি বিনিয়োগ বাড়াতে হবে। করপোরেট খাতকে ক্রীড়ার উন্নয়নে অংশীদার করার জন্য কার্যকর প্রণোদনা ও অংশীদারত্বের কাঠামো তৈরি করা যেতে পারে।
চতুর্থত, স্পোর্টস ভিলেজ ও বিদ্যমান ক্রীড়া অবকাঠামোকে অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত করতে হবে। নিয়মিত প্রতিযোগিতা, প্রশিক্ষণ, পর্যটন, বাণিজ্যিক কার্যক্রম এবং আন্তর্জাতিক আয়োজনের মাধ্যমে এসব স্থাপনার ব্যবহার ও আর্থিক কার্যকারিতা বাড়াতে হবে।

পঞ্চমত, খেলোয়াড়দের পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে নারী ও পুরুষ উভয় খেলোয়াড়ের সমান সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

ষষ্ঠত, ক্রীড়া কূটনীতিকে জাতীয় উন্নয়ন কৌশলের অংশ করতে হবে। আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন, বিদেশি প্রশিক্ষক ও বিশেষজ্ঞদের সঙ্গে সহযোগিতা এবং আন্তর্জাতিক ফেডারেশনগুলোতে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়ানোর মাধ্যমে দেশের ক্রীড়া সক্ষমতা ও আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী করা সম্ভব।
বাংলাদেশের ক্রীড়ার প্রতি মানুষের ভালোবাসা নিয়ে কোনো প্রশ্ন নেই। ক্রিকেটে আমাদের দর্শক আছে, ফুটবলে রয়েছে গভীর আবেগ, নারী ফুটবলে রয়েছে নতুন সম্ভাবনা, শুটিং ও আর্চারিতে রয়েছে আন্তর্জাতিক সাফল্যের ভিত্তি। কিন্তু এই শক্তিগুলোকে অর্থনৈতিক সম্পদে রূপান্তর করতে হলে প্রয়োজন পরিকল্পনা, বিনিয়োগ, দক্ষ ব্যবস্থাপনা এবং ধারাবাহিকতা।

আমার বিশ্বাস, বাংলাদেশ একটি শক্তিশালী স্পোর্টস ইকোনমি গড়ে তুলতে সক্ষম। তবে এ জন্য বিচ্ছিন্ন উদ্যোগ বা সাময়িক সাফল্যের ওপর নির্ভর করলে চলবে না। প্রয়োজন একটি সমন্বিত জাতীয় ক্রীড়া অর্থনীতি নীতি, যেখানে সরকার, বেসরকারি খাত, ক্রীড়া ফেডারেশন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গণমাধ্যমের মধ্যে কার্যকর অংশীদারত্ব থাকবে।

ক্রিকেটের বাণিজ্যিক সাফল্য আমাদের দেখিয়েছে, সঠিক কাঠামো তৈরি হলে ক্রীড়া কীভাবে বড় অর্থনৈতিক শক্তিতে পরিণত হতে পারে। এখন সেই অভিজ্ঞতাকে ফুটবল, শুটিং, আর্চারি এবং অন্যান্য খেলায় কাজে লাগানোর সময়। আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন একটি ক্রীড়া ব্যবস্থা গড়ে তোলা, যেখানে একজন প্রতিভাবান তরুণ খেলোয়াড় আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনের পাশাপাশি নিজের পেশাগত ভবিষ্যৎও নিশ্চিত করতে পারবেন; যেখানে একটি স্টেডিয়াম কেবল খেলার মাঠ নয়, অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হবে; এবং যেখানে একটি আন্তর্জাতিক ক্রীড়া আয়োজন দেশের পর্যটন, বিনিয়োগ ও বৈশ্বিক পরিচিতি বাড়াবে।

ক্রীড়ায় বিনিয়োগ মানবসম্পদ, জাতীয় সক্ষমতা ও অর্থনৈতিক ভবিষ্যতের ওপর বিনিয়োগ। বাংলাদেশের সামনে সেই সম্ভাবনার দরজা খোলা রয়েছে। এখন প্রয়োজন সঠিক সিদ্ধান্ত, দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি এবং বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার।